কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট আলভারো উরিবেক। ছবিঃ সংগৃহীত
মেলবোর্ন, ৩ আগষ্ট- কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট আলভারো উরিবেকে সাক্ষী প্রভাবিতকরণ এবং ঘুষ দেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত করে ১২ বছরের গৃহবন্দির আদেশ দিয়েছে দেশটির আদালত। একইসঙ্গে তাকে ৫ লাখ ৭৮ হাজার মার্কিন ডলার জরিমানা এবং ১০০ মাস ২০ দিন (প্রায় সাড়ে আট বছর) সরকারি কোনো পদে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
বিচারক সান্দ্রা লিলিয়ানা হেরেদিয়া শুক্রবার (১ আগস্ট) এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। ছয় মাসের বিচারপ্রক্রিয়া ও প্রায় ১৩ বছরের আইনি জটিলতার পর কলম্বিয়ার ইতিহাসে এই প্রথমবারের মতো কোনো সাবেক প্রেসিডেন্ট ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হলেন। রায় ঘোষণার পর উরিবের আইনজীবীরা উচ্চ আদালতে আপিলের ঘোষণা দিয়েছেন।
আলভারো উরিবে ২০০২ থেকে ২০১০ সাল পর্যন্ত কলম্বিয়ার প্রেসিডেন্ট ছিলেন। তাকে আধুনিক কলম্বিয়ান রাজনীতির অন্যতম প্রভাবশালী রক্ষণশীল নেতা হিসেবে বিবেচনা করা হয়। তবে তার শাসনামল ছিল বিতর্কিত নানা ঘটনার কেন্দ্রে। ওই সময়ে তিনি বামপন্থী বিদ্রোহী সংগঠন ফার্ক-এর বিরুদ্ধে কড়া সামরিক অভিযান চালান। যদিও এই অভিযান ঘিরে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠে, যা তিনি বরাবরই অস্বীকার করে এসেছেন।
তার শাসনামলের আরেকটি বড় বিতর্ক ছিল কলম্বিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে উঠা অভিযোগ— সাধারণ মানুষকে বিদ্রোহী সাজিয়ে হত্যা করা হয়েছিল, যা “ফলস পজিটিভ” কেলেঙ্কারি হিসেবে পরিচিত। তদন্তে জানা যায়, এতে কমপক্ষে ২,০০০ নিরীহ মানুষ নিহত হন। তবে অনেক হিসাব বলছে, এই সংখ্যা ৬,৪০০ ছাড়িয়ে যেতে পারে। একই সঙ্গে উরিবের ডানপন্থি প্যারামিলিটারিদের সঙ্গে সম্পর্ক নিয়েও প্রশ্ন উঠে, যা তিনিও অস্বীকার করেছেন।
এই মামলার পেছনে রয়েছে দীর্ঘ রাজনৈতিক ও আইনগত ইতিহাস। ২০১২ সালে উরিবে তার কট্টর সমালোচক বামপন্থি সিনেটর ইভান সেপেদার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। তবে ২০১৮ সালে কলম্বিয়ার সুপ্রিম কোর্ট সে মামলা খারিজ করে উল্টো উরিবের বিরুদ্ধেই সাক্ষী প্রভাবিতকরণ এবং ঘুষ দেওয়ার অভিযোগে তদন্ত শুরু করে।
তদন্তে উঠে আসে, উরিবের আইনজীবী দিয়েগো কাদেনা কয়েকজন সাবেক প্যারামিলিটারিকে অনুকূল সাক্ষ্য দিতে ঘুষ দেওয়ার চেষ্টা করেছিলেন। এসব সাক্ষ্য একই সঙ্গে উরিবের ভাই সান্তিয়াগো উরিবের বিরুদ্ধে একটি হত্যা মামলায়ও প্রভাব ফেলতে পারতো।
রায়ের দিনে বোগোতার রাস্তায় অনেক মানুষ ‘উরিবে জেলে যাও’ লেখা ব্যানার নিয়ে বিক্ষোভ করেন। এ রায় কলম্বিয়ার রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
সুত্রঃ আল জাজিরা