ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: টাইমস অব ইন্ডিয়া।
মেলবোর্ন, ৭ আগষ্ট- ভারতের কৃষক, জেলে ও পশুপালকদের স্বার্থে কোনো আপস নয়—এমন কড়া অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের একদিন পরই দিল্লিতে এক আন্তর্জাতিক সম্মেলনে এই বার্তা দেন তিনি।
‘এম এস স্বামীনাথন শতবর্ষ আন্তর্জাতিক সম্মেলনে’ ভাষণে মোদি বলেন, “কৃষকের স্বার্থই আমাদের প্রথম অগ্রাধিকার। কৃষক, পশুপালক ও জেলেদের স্বার্থ রক্ষায় ভারত কখনো আপস করবে না। আমি জানি এর জন্য আমাকে চড়া মূল্য দিতে হবে, তবু আমি প্রস্তুত—ভারত প্রস্তুত।”
এর আগে বুধবার, প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করে এক নির্বাহী আদেশ জারি করেন। এর ফলে যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি পণ্যে মোট শুল্ক বেড়ে দাঁড়াল ৫০ শতাংশে। এই আদেশ ২১ দিনের মধ্যে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট আগে থেকেই সতর্ক করেছিলেন যে ভারতের ওপর শুল্ক বাড়ানো হতে পারে। তার দাবি, ইউক্রেনে রাশিয়ার অস্ত্র ব্যবহারে বহু মানুষ নিহত হলেও ভারত বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে না। এর আগে ২০ জুলাই এবং ৩১ জুলাই যুক্তরাষ্ট্র ভারতসহ ৯০টিরও বেশি দেশের ওপর নতুন শুল্ক আরোপ করেছিল, যার প্রেক্ষাপটে ভারতের কৃষিপণ্যে রপ্তানির ওপর বড় চাপ পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এনডিটিভির তথ্যমতে, যুক্তরাষ্ট্রে ভারতের কৃষিপণ্য রপ্তানির পরিমাণ উল্লেখযোগ্য। ফলে ট্রাম্প প্রশাসনের নতুন শুল্কনীতি ভারতের কৃষি খাতকে সরাসরি প্রভাবিত করতে পারে।
এ পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে “অন্যায়, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য” বলে আখ্যা দিয়েছে। মন্ত্রণালয়ের ভাষ্য, ভারতের জ্বালানি আমদানি বাজারের বাস্তবতা এবং ১৪০ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা বিবেচনায়ই হয়ে থাকে। এসব বাস্তবতা উপেক্ষা করে একতরফাভাবে শুল্ক আরোপ করায় ভারত গভীর হতাশা প্রকাশ করেছে। পাশাপাশি তারা জানিয়েছে, দেশের জাতীয় স্বার্থ রক্ষায় ভারত প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।
সুত্রঃ এনডিটিভি