জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়
জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…
মেলবোর্ন, ৮ আগষ্ট- গৃহহীনদের কল্যাণে কাজ করার দায়িত্বে থাকা যুক্তরাজ্যের গৃহহীনবিষয়ক মন্ত্রী রুশনারা আলী নিজেরই বাড়ি থেকে ভাড়াটেদের উচ্ছেদ এবং ভাড়া বড় অঙ্কে বাড়িয়ে দেওয়ায় তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করেছেন। বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্রিটিশ এমপির পদত্যাগের বিষয়টি বৃহস্পতিবার নিশ্চিত করেছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিট।
রুশনারা আলী ছিলেন যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি। লেবার পার্টির হয়ে তিনি টাওয়ার হ্যামলেটসের বেথনালগ্রিন ও স্টেপনি আসন থেকে টানা পাঁচবার নির্বাচিত হয়েছেন। ২০১০ সাল থেকে তিনি এ আসনের প্রতিনিধিত্ব করছেন। ২০২4 সালের নির্বাচনের পর লেবার পার্টি সরকার গঠন করলে তিনি গৃহায়ণ, কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ‘পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি’ হিসেবে দায়িত্ব পান, যা সাধারণভাবে ‘হোমলেসনেস মিনিস্টার’ বা গৃহহীনবিষয়ক মন্ত্রী হিসেবে পরিচিত।
পদত্যাগের মূল কারণ ছিল পূর্ব লন্ডনের বো এলাকায় অবস্থিত তাঁর নিজ মালিকানাধীন একটি টাউনহাউস নিয়ে বিতর্ক। বাড়িটিতে আগে চারজন ভাড়াটে ৩,৩০০ পাউন্ড মাসিক ভাড়ায় বসবাস করতেন। নির্ধারিত মেয়াদ শেষে তাঁদের চার মাসের নোটিশে বাড়ি ছাড়তে বলা হয়। এরপর একই বাড়ি ৪,০০০ পাউন্ডে ভাড়া দেওয়ার জন্য পুনরায় তালিকাভুক্ত করা হয়। বিষয়টি জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করে, বিশেষত এমন একজন মন্ত্রীর ক্ষেত্রে, যার দায়িত্বই ছিল গৃহহীনতা মোকাবিলা করা।
এই বিতর্কের মুখে প্রধানমন্ত্রী বরাবর পদত্যাগপত্র পাঠান রুশনারা আলী। সেখানে তিনি লিখেছেন, “সরকারের উচ্চাকাঙ্ক্ষী কাজের পথে আমার অবস্থান যেন বিভ্রান্তির কারণ না হয়, সে জন্য আমি এই দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছি।”
তাঁর এই সিদ্ধান্ত অনেকেই দ্বৈত আচরণ হিসেবে আখ্যায়িত করেন। কারণ, এমপি হিসেবে রুশনারা আলী অতীতে বেসরকারি বাড়িওয়ালাদের দ্বারা ভাড়াটে শোষণের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এমনকি জানুয়ারিতে তিনি ‘রেন্টার্স রাইটস বিল’-এর পক্ষে ভোট দিয়েছিলেন, যেখানে বলা হয়, কোনো বাড়িওয়ালা ছয় মাসের মধ্যে উচ্ছেদ করা ভাড়াটের বাড়ি বাড়তি ভাড়ায় ভাড়া দিতে পারবেন না। অথচ বাস্তবে নিজের বাড়িতেই এই নিয়ম ভঙ্গের অভিযোগ ওঠে।
স্থানীয় এক ভাড়াটে লরা জ্যাকসন মন্তব্য করেন, “এটা একটা রসিকতা। এত বেশি ভাড়া চাওয়া একধরনের শোষণ।” ভাড়াটেদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা ‘অ্যাকর্ন’ এবং ‘রেন্টার্স রিফর্ম কোয়ালিশন’ তাঁর পদত্যাগ দাবি করে। অ্যাকর্নের কর্মকর্তা অ্যানি কুলাম বলেন, “রুশনারা আলীর আচরণ আমাদের রেন্টার্স রাইটস বিলের মূল উদ্দেশ্যের বিপরীত।”
বিরোধী কনজারভেটিভ পার্টির শ্যাডো হাউজিং সেক্রেটারি জেমস ক্লেভারলি একে “চরম ভণ্ডামি” হিসেবে আখ্যা দিয়ে বলেন, “এমন ব্যক্তির হাতে গৃহহীনদের দায়িত্ব থাকা উচিত নয়।” গ্রিন পার্টিও এই ঘটনার সমালোচনা করে বলে, এতে প্রমাণ হয়েছে, ভাড়াটেদের সুরক্ষায় সুনির্দিষ্ট আইন প্রয়োজন, যাতে ভাড়া নিয়ন্ত্রণ এবং অকারণে উচ্ছেদ নিষিদ্ধ করার বিধান থাকবে।
রুশনারা আলীর পক্ষ থেকে বলা হয়, ভাড়াটেরা চুক্তির পূর্ণ মেয়াদ বসবাস করেছেন এবং চাইলে আরও থাকার সুযোগ ছিল, তবে তাঁরা স্বেচ্ছায় চলে গেছেন।
রুশনারা আলীর জন্ম সিলেটে। সাত বছর বয়সে তিনি যুক্তরাজ্যে চলে যান। পরে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেন্ট জনস কলেজ থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেন। যুক্তরাজ্য সরকারে এটাই ছিল তাঁর প্রথম দায়িত্ব। একই সময় আরেক বাংলাদেশি বংশোদ্ভূত এমপি টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ে ‘সিটি মিনিস্টার’ হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। তিনিও বাংলাদেশে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে সমালোচনার মুখে জানুয়ারিতে পদত্যাগ করেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au