সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি। ছবিঃ সংগৃহীত
মেলবোর্ন, ১৪ সেপ্টেম্বর- সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য থাকলেও প্রতিবেদন দাখিল হয়নি। এ অবস্থায় আগামী ৩০ নভেম্বর নতুন তারিখ ঠিক করা হয়েছে। এতে করে এ মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় ১২১ বার পিছিয়ে গেল।
ঢাকার সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এ আদেশ দেন। আদালতের এ নির্দেশনার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম।
আদালত–সংশ্লিষ্ট সূত্র জানায়, আদালতের নির্দেশে মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক আজ হাজির হয়ে তদন্তের অগ্রগতি সম্পর্কে মৌখিকভাবে অবহিত করেন। এরপর আদালত তাঁকে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।
উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় সাংবাদিক দম্পতি সাগর-রুনিকে নৃশংসভাবে খুন করা হয়। সাগর সরওয়ার ছিলেন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক এবং মেহেরুন রুনি ছিলেন এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক। এ ঘটনায় রুনির ভাই নওশের আলম শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন।
প্রথমে মামলা তদন্ত করে থানার পুলিশ। পরে তদন্তভার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে (ডিবি) হস্তান্তর করা হয়। কিন্তু ৬২ দিনের মাথায় ডিবি হাইকোর্টে ব্যর্থতা স্বীকার করে। এরপর ২০১২ সালের এপ্রিল মাসে র্যাবকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। দীর্ঘ প্রায় এক দশক পর, গত বছরের ৪ নভেম্বর মামলার দায়িত্ব দেওয়া হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)।
পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিজুল হক বর্তমানে এ মামলার তদন্ত করছেন। মামলায় এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে দুজন জামিনে এবং ছয়জন কারাগারে আছেন।