প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, জাপানের আটকে ফ্লাইট। ছবিঃ সংগৃহীত
যান্ত্রিক ত্রুটির কারণে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৭৭-এর উড্ডয়ন বিলম্বিত হয়েছে। জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার আগে উড়োজাহাজটিতে ত্রুটি ধরা পড়ে। বর্তমানে বিমানটির ত্রুটি সারাতে কাজ করছেন প্রকৌশলীরা। এ ঘটনায় প্রধানমন্ত্রীর দেশে ফেরার সময়সূচিতে পরিবর্তন আসতে পারে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ বলেন, উড়োজাহাজটির ত্রুটি সারাতে প্রকৌশলীরা কাজ করছেন। কিছুক্ষণ পর এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে।
বিমানের দায়িত্বশীল সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ইঞ্জিনিয়ার সাদেকুল ইসলাম ভূঁইয়া ও প্রকৌশলী মান্নানের নেতৃত্বে একটি কারিগরি দল ত্রুটি শনাক্ত ও মেরামতের চেষ্টা করছে।
ফ্লাইটের এক যাত্রী জানান, ভিভিআইপি যাত্রীদের বহনকারী বিজি-৩৭৭ ফ্লাইটটির নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা ছিল। যাত্রীদের বোর্ডিং সম্পন্ন হওয়ার পর উড়োজাহাজটিকে টার্মিনাল থেকে পুশব্যাক করা হয়।
পরে রানওয়ের দিকে যাওয়ার সময় ককপিটে উড়োজাহাজের স্পয়লার ব্যবস্থায় ত্রুটির সংকেত দেখা যায়। পরিস্থিতি বিবেচনায় পাইলট তাৎক্ষণিকভাবে উড্ডয়নের সিদ্ধান্ত বাতিল করেন। এরপর বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সমন্বয় করে উড়োজাহাজটিকে নির্ধারিত পার্কিং এলাকায় ফিরিয়ে নেওয়া হয়।
স্পয়লার হলো উড়োজাহাজের ডানার ওপর থাকা বিশেষ প্যানেল, যা উড্ডয়ন ও অবতরণের বিভিন্ন পর্যায়ে উড়োজাহাজের বায়ুগতিবিদ্যা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। এ ব্যবস্থায় ত্রুটির সংকেত পাওয়া গেলে নিরাপত্তার স্বার্থে উড্ডয়ন স্থগিত রেখে পরীক্ষা ও প্রয়োজনীয় মেরামত করা হয়।
চার দিনের সরকারি সফরে গত ২৬ অক্টোবর জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং বাণিজ্য সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া জাপানের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। এসব আলোচনায় বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানো এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদারের বিষয় গুরুত্ব পায়।
সফরকালে জাপানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি।
প্রধানমন্ত্রীর ফ্লাইটের ত্রুটি মেরামত ও পুনরায় উড্ডয়নের বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হলে তাঁর দেশে ফেরার সংশোধিত সময়সূচি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।