রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপের উপকূলে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ছবিঃ এবিসি নিউজ
মেলবোর্ন, ১৯ সেপ্টেম্বর- রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপের উপকূলে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে রাশিয়া, যুক্তরাষ্ট্রের আলাস্কা ও হাওয়াইয়ের কিছু অংশে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, শুক্রবার ভূমিকম্পটি কামচাটকা উপদ্বীপের পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি অঞ্চল থেকে ১২৮ কিলোমিটার পূর্বে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ঘটে।
মার্কিন জাতীয় আবহাওয়া দপ্তর (এনওএএ) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র থেকে এক হাজার কিলোমিটারের মধ্যে উপকূলীয় এলাকায় সর্বোচ্চ ৩ মিটার উঁচু জলোচ্ছ্বাস হতে পারে। রাশিয়ার কিছু উপকূলীয় অঞ্চলে স্বাভাবিক জোয়ারের চেয়ে ঢেউয়ের উচ্চতা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনাও জানানো হয়েছে।

ভূমিকম্পের কেন্দ্র থেকে এক হাজার কিলোমিটারের মধ্যে উপকূলীয় এলাকায় সর্বোচ্চ ৩ মিটার উঁচু জলোচ্ছ্বাস হতে পারে। ছবিঃ এবিসি নিউজ
এনওএএ’র সতর্কতায় বলা হয়, আলাস্কার আলেউশিয়ান দ্বীপপুঞ্জ ও আমচিটকা পাস এলাকায় সুনামির ঝুঁকি রয়েছে। হাওয়াইয়ের ঝুঁকি এখনো মূল্যায়ন করা হচ্ছে। তবে আমেরিকান সামোয়া, গুয়াম, রোটা ও সাইপানে কোনো বিপজ্জনক ঢেউয়ের আশঙ্কা নেই বলে জানিয়েছে সংস্থাটি।
ভূমিকম্পের পরপরই কামচাটকা উপকূলে আরও চারটি আফটারশক অনুভূত হয়, যার মাত্রা ছিল ৫.১ থেকে ৫.৮-এর মধ্যে।
কামচাটকা অঞ্চলের গভর্নর ভ্লাদিমির সোলোদভ নিশ্চিত করেছেন, সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে এবং স্থানীয়দের সম্ভাব্য বিপদের বিষয়ে জানানো হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে গত জুলাইয়ে ওই উপদ্বীপে ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছিল, যা জাপান ও হাওয়াই পর্যন্ত সুনামি সতর্কতা ও সরিয়ে নেওয়ার পরিস্থিতি তৈরি করেছিল।
সুত্রঃ এবিসি নিউজ