প্রধান উপদেষ্টার সফরসঙ্গী এনসিপি নেতা আখতারের শরীরে একাধিক ডিম নিক্ষেপ করে আওয়ামী লীগের কর্মীরা। ছবিঃ ভিডিও থেকে নেয়া
মেলবোর্ন, ২৫ সেপ্টেম্বর- যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হামলার অভিযোগে আওয়ামী লীগের নেতা–কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। স্থানীয় সময় বুধবার দিবাগত রাত ১টার দিকে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ১১টা) জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরের পাশের পোর্ট অথরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় তিনি এ মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় আখতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিমানবন্দরে হামলার পর সেদিন সন্ধ্যায় আওয়ামী লীগ সমর্থকেরা আবার হোটেলের লবিতে হামলার উদ্দেশ্যে গেলে এনসিপির স্থানীয় সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা তাদের প্রতিহত করেন এবং পুলিশে খবর দেন। পরবর্তীতে তদন্ত কর্মকর্তার পরামর্শে থানায় গিয়ে তিনি মামলা করেন।
মামলায় দুজনকে নাম উল্লেখ করে এবং আরও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। অভিযোগে আখতার হোসেন বলেন, জেএফকে বিমানবন্দরে হামলার পরও হামলাকারীরা হোটেলের লবিসহ বিভিন্ন স্থানে তাদের হেনস্তার চেষ্টা চালিয়েছে।
ভিডিও বার্তায় তিনি আরও অভিযোগ করেন, যারা এ হামলার সঙ্গে জড়িত তারা বাংলাদেশে নিষিদ্ধ একটি সংগঠনের সঙ্গে যুক্ত এবং মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত। তিনি যুক্তরাষ্ট্রের পুলিশকে জাতিসংঘের প্রতিবেদনসহ এ তথ্য জানিয়ে বলেন, দেশে বা বিদেশে যেখানে-ই আওয়ামী সন্ত্রাসীরা অপরাধ করবে, তার আইনি প্রতিকার করা হবে।
উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল ৫টার দিকে জেএফকে বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনাল থেকে বের হওয়ার সময় আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন আওয়ামী লীগের নেতা–কর্মী ও সমর্থকেরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, স্থানীয় আওয়ামী লীগ নেতা মিজানুর রহমানকে ডিম ছুড়তে দেখা গেছে। পরে বিএনপির এক কর্মীকে ছুরিকাঘাতের অভিযোগে তাকে আটক করা হলেও পরবর্তীতে মুক্তি দেওয়া হয়।
তখন আখতার হোসেনের সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। এ সময় আওয়ামী লীগ সমর্থকেরা তাসনিম জারাকে লক্ষ্য করে কটূক্তি করেন এবং স্লোগান দেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হিসেবে নিউইয়র্কে গেছেন আখতার হোসেন। সফরসঙ্গীরা বর্তমানে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে অবস্থান করছেন। একই হোটেলের বাইরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ অনুমতি নিয়ে ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় বিক্ষোভ করে।
সেখানে এনসিপি ও আওয়ামী লীগের নেতা–কর্মীরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে পরস্পরবিরোধী স্লোগান দেন। এ সময় এনসিপি নেতা আখতার হোসেন আওয়ামী লীগ নেতা–কর্মীদের বিচারের দাবি জানান।