ট্রাম্প ও সিসি। ছবি: সংগৃহীত
মেলবোর্ন, ১২ অক্টোবর: গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর শান্তি ও পুনর্গঠন প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছেন বিশ্বনেতারা। আগামী সোমবার (১৪ অক্টোবর) মিসরের পর্যটন নগরী শারম আল শেখে অনুষ্ঠিত হবে এই সম্মেলন, যেখানে অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ ২০ দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান।
মিসর সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, গাজা যুদ্ধবিরতির বাস্তবায়ন, ত্রাণ সহায়তা, বন্দি বিনিময় ও যুদ্ধ-পরবর্তী প্রশাসনিক কাঠামো নিয়ে এই সম্মেলনে বিস্তারিত আলোচনা হবে। আয়োজক দেশ হিসেবে মিসর জানিয়েছে, “এটি হবে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথে একটি ঐতিহাসিক পদক্ষেপ।”
হোয়াইট হাউস নিশ্চিত করেছে, প্রেসিডেন্ট ট্রাম্প রবিবার ইসরায়েল সফর শেষে সোমবার সম্মেলনে যোগ দেবেন। তাঁর পাশাপাশি উপস্থিত থাকবেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস, আরব লীগ মহাসচিব ও কাতার, তুরস্ক, জর্ডান, সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি মুসলিম দেশের শীর্ষ নেতারা।
ফিলিস্তিনি ও ইসরায়েলি প্রতিনিধিরাও এতে যোগ দেবেন বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে, যদিও তাদের মধ্যে সরাসরি বৈঠক হবে কি না তা এখনো অনিশ্চিত।
মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি সম্মেলনের উদ্বোধন করবেন। তাঁর দপ্তর জানিয়েছে, এই সম্মেলনের লক্ষ্য “গাজা উপত্যকায় মানবিক সহায়তা বৃদ্ধি, যুদ্ধবিরতি টেকসই করা এবং রাজনৈতিক সমাধানের রূপরেখা নির্ধারণ।”
বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্পের মধ্যস্থতায় গঠিত সাম্প্রতিক যুদ্ধবিরতির ধারাবাহিকতায় এই সম্মেলন মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার দিকনির্দেশক হতে পারে।
সুত্রঃ আল জাজিরা।