১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত
ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মুরাসু’। মঙ্গলবার (৩ নভেম্বর) মধ্যরাতে রাজ্যটির প্রকাশম জেলার ওঙ্গোলের কাছাকাছি এলাকা দিয়ে ঘূর্ণিঝড়টির স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া শুরু হয়।…
অস্ট্রেলিয়ার ঘোড়দৌড়ের অন্যতম বড় আয়োজন মেলবোর্ন কাপের ১৬৬তম আসর বসছে আজ মঙ্গলবার (৩ নভেম্বর)। দেশটির ফ্লেমিংটন রেসকোর্সে অনুষ্ঠিত হতে যাওয়া এ প্রতিযোগিতাকে ঘিরে দর্শক, ঘোড়ার মালিক ও বাজি ধরতে আগ্রহীদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। এবারের আয়োজনে আবহাওয়া, ঘোড়দৌড়ের মাঠের অবস্থা এবং সম্ভাব্য বিজয়ী ঘোড়া নিয়ে চলছে আলোচনা।
স্থানীয় সময় বিকেল ৩টায় শুরু হওয়ার কথা রয়েছে ৩ হাজার ২০০ মিটার দূরত্বের এ প্রতিযোগিতা। আয়োজকদের ধারণা, ৮০ হাজারের বেশি দর্শক সরাসরি মাঠে উপস্থিত থাকবেন। এ ছাড়া অস্ট্রেলিয়াজুড়ে ৩০ লাখের বেশি মানুষ প্রতিযোগিতাটিকে কেন্দ্র করে বাজি ধরতে পারেন। তুলনামূলক আর্থিক সেবাবিষয়ক প্রতিষ্ঠান ফাইন্ডারের নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রায় ১৪ শতাংশ মানুষ এ প্রতিযোগিতায় বাজি ধরার পরিকল্পনা করছেন।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সকালে হালকা বৃষ্টির সামান্য আশঙ্কা রয়েছে। এর আগে সোমবার মেলবোর্নে প্রায় ১৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ফলে প্রতিযোগিতা শুরুর সময় মাঠের অবস্থা কিছুটা ভেজা বা ভারী থাকতে পারে। তবে দুপুর ১২টার পর আকাশ পরিষ্কার হয়ে রোদ ওঠার সম্ভাবনা রয়েছে।
এবারের প্রতিযোগিতায় ২৪টি ঘোড়া অংশ নিতে পারে। ফক্স স্পোর্টসের তথ্য অনুযায়ী, সম্ভাব্য পাঁচ শীর্ষ প্রতিযোগী হলো হোপওয়েল রক, ট্রাস্টইওরইনস্টিংক্ট, পয়েন্ট অব ল, সো ইউ আর এবং শকলেটজ।

মেলবোর্ন কাপ একটি প্রতিবন্ধকতাভিত্তিক ঘোড়দৌড় প্রতিযোগিতা।
পাঁচ বছর বয়সী হোপওয়েল রক তার সর্বশেষ ১০টি দৌড়ের মধ্যে আটটিতেই প্রথম তিনের মধ্যে জায়গা করে নিয়েছে। বর্তমানে বাজির হিসাবে ঘোড়াটি এগিয়ে থাকলেও এখন পর্যন্ত ২ হাজার ৮১৬ মিটারের বেশি দূরত্বে আনুষ্ঠানিক প্রতিযোগিতায় অংশ নেয়নি। মেলবোর্ন কাপের দূরত্ব ৩ হাজার ২০০ মিটার হওয়ায় দীর্ঘপথ পাড়ি দেওয়ার সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে।
ঘোড়াটিকে ৫৭ কেজি ওজন বহন করতে হবে। চার বছর বয়সী পয়েন্ট অব ল জিতেছে জিলং কাপ এবং সর্বশেষ পাঁচটি দৌড়ের চারটিতে প্রথম দুইয়ের মধ্যে ছিল। পাঁচ বছর বয়সী সো ইউ আর টানা চারটি প্রতিযোগিতায় জয় নিয়ে এবারের আসরে নামছে। ঘোড়াটির বহন করতে হবে ৫৪ কেজি ওজন। অন্যদিকে, পাঁচ বছর বয়সী মাদি ঘোড়া শকলেটজ গত সেপ্টেম্বরে ফ্লেমিংটনে জয় পেয়ে মূল প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছে। তার বহন করতে হবে মাত্র ৫১ কেজি ওজন।
তবে বৃষ্টির পরিমাণ বেড়ে মাঠ আরও ভারী হলে আরাপাহো ও ভাউবানের মতো ঘোড়া সুবিধা পেতে পারে বলে জানিয়েছে রেসিং ডটকম।
মেলবোর্ন কাপ একটি প্রতিবন্ধকতাভিত্তিক ঘোড়দৌড় প্রতিযোগিতা। এ ধরনের আয়োজনে তুলনামূলক শক্তিশালী ঘোড়াগুলোকে বেশি ওজন বহন করতে হয়, যাতে প্রতিযোগিতায় ভারসাম্য বজায় থাকে। এ কারণে বাজির তালিকায় শীর্ষে থাকা ঘোড়ার জয় নিশ্চিত নয়। ২০১৩ সালের পর থেকে কোনো বাজির শীর্ষ পছন্দের ঘোড়া মেলবোর্ন কাপ জিততে পারেনি। গত ২০ বছরে মাত্র চারবার শীর্ষ পছন্দের ঘোড়া প্রথম তিনের মধ্যে জায়গা পেয়েছে। ২০২৫ সালের আসরেও হাফ ইয়োরসকে নিয়ে বাজি ধরতে আগ্রহ কম থাকলেও শেষ পর্যন্ত ঘোড়াটি জয়ী হয়েছিল।
এদিকে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপের মধ্যে প্রতিযোগিতাকে কেন্দ্র করে অতিরিক্ত অর্থ বাজি না ধরার পরামর্শ দিয়েছেন ফাইন্ডারের ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ টেলর ব্ল্যাকবার্ন। তিনি বলেন, বাজি ধরার সিদ্ধান্ত নিলে প্রতিযোগিতা শুরুর আগেই কত টাকা হারানোর ঝুঁকি নেওয়া সম্ভব, তা নির্ধারণ করা উচিত। হারানো অর্থ ফিরে পাওয়ার আশায় নতুন করে বাজি ধরার প্রবণতা থেকেও বিরত থাকার আহ্বান জানান তিনি।
আবহাওয়া, ঘোড়ার বহন করা ওজন এবং ভেজা মাঠে দৌড়ানোর সক্ষমতা এবারের মেলবোর্ন কাপের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফলে শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিযোগিতার ফল নিয়ে অনিশ্চয়তা থাকছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au