মেলবোর্ন, ১৬ অক্টোবর- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোটগ্রহণ আজ সকাল ৯টা থেকে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৯টি আবাসিক হলের ১৭টি কেন্দ্রে মোট ৯৯০টি বুথে একযোগে ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৪,৮৯২ জন, যার মধ্যে ছাত্র ভোটার ১৫,১৫১ জন এবং ছাত্রী ভোটার ৯,৭৪১ জন। ভোটার তালিকায় প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা হয়েছে, ফলে তারা প্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন।
নির্বাচনে ৪১৫ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটগ্রহণ শেষে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ভোট গণনা অনুষ্ঠিত হবে এবং ফলাফল ঘোষণা করা হবে।
ভোট প্রদান শেষে অনুভূতি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সানজিদা ইয়াসমিন মীম বলেন, ‘আজকের দিনটি স্মরণীয় একটি দিন। খুবই ভালো লাগছে, এক ধরনের অন্যরকম উত্তেজনা কাজ করছে মনে। গতকাল থেকেই পুরো ক্যাম্পাসে উৎসবের আমেজ ছিল সবাই সবার সঙ্গে কাকে ভোট দিবে, কে যোগ্য এসব বিষয়ে কথা বলছিল। মনে হচ্ছিল যেন কোনো উৎসব চলছে, একেবারে ঈদ ঈদ পরিবেশ। আমি জীবনের প্রথম ভোট দিয়েছি, সেটাও রাকসুর মতো ঐতিহাসিক নির্বাচনে এটা সত্যিই গর্বের। আমি চাই যোগ্য, দায়িত্বশীল ও ছাত্রবান্ধব প্রার্থীরাই নির্বাচিত হোক, যারা সত্যিকার অর্থে সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে কাজ করবে।’
রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবনের সামনে কথা হয় ইতিহাস বিভাগের শিক্ষার্থী রাফায়েল আহমেদ মারুফের সঙ্গে। তিনি বলেন, ‘আমরা চাই প্রতিবছর যেন রাকসু নির্বাচনটা হয়। গণতান্ত্রিক প্রক্রিয়ায় শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচন করার জন্য ছাত্রসংসদ নির্বাচন গুরুত্বপূর্ণ। আমি চাই যোগ্য ব্যাক্তি নির্বাচিত হয়ে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করুক।’
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ক্যাম্পাস ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিপুলসংখ্যক পুলিশ, র্যাব ও বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।