রাজশাহীতে এক বিচারকের বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমান সুমনকে (২০) ছুরিকাঘাতে হত্যা করেছে এক যুবক। ছবিঃ সংগৃহীত
মেলবোর্ন, ১৪ নভেম্বর- রাজশাহীতে এক বিচারকের বাসায় ঢুকে তার ছেলে তাওসিফ রহমান সুমনকে (২০) ছুরিকাঘাতে হত্যা করেছে এক যুবক। এ ঘটনায় আহত হয়েছেন বিচারকের স্ত্রী তাসমিন নাহার। গুরুতর অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে রাজশাহী নগরীর ডাবতলা এলাকায় বিচারক আব্দুর রহমানের সরকারি বাসায় এই ঘটনা ঘটে। নিহত তাওসিফ রহমান সুমন রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের একমাত্র ছেলে।
ঘটনার পরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতককে আটক করে। তবে তাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান। তিনি বলেন, “ঘাতককে আটক করা হয়েছে এবং সে চিকিৎসাধীন। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, “একজন নিহত হয়েছেন। নিহতের মা হাসপাতালে ভর্তি আছেন এবং তার অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।”
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানা গেছে।