মেলবোর্ন, ২৪ নভেম্বর- মালয়েশিয়া অনলাইন নিরাপত্তা জোরদার করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে। দেশটি ১৬ বছরের নিচের নাগরিকদের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের দাবি, কিশোর-কিশোরীদের মানসিক সুরক্ষা, অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধ থেকে রক্ষা করতেই এই নীতির দিকে ঝুঁকছে তারা।
রবিবার দেশটির ডিজিটাল যোগাযোগমন্ত্রী জানিয়েছিলেন, খুব শিগগিরই নতুন বিধিমালা কার্যকর করার কাজ শুরু হবে। তিনি বলেন, অপ্রাপ্তবয়স্করা সোশ্যাল মিডিয়ায় নানা ঝুঁকির মুখে পড়ছে। মিথ্যা তথ্য, ক্ষতিকর কনটেন্ট এবং অনলাইন হয়রানির শিকার হওয়ার ঘটনা বাড়তে থাকায় সরকার এ বিষয়ে জরুরি সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন বোধ করেছে।
নীতিমালা কার্যকর হলে ১৬ বছরের নিচের কেউ ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলতে পারবে না এবং যাদের অ্যাকাউন্ট আগে থেকেই আছে, সেগুলোও পর্যায়ক্রমে বন্ধ করে দেওয়া হবে। এই প্রক্রিয়াটি প্রযুক্তি কোম্পানিগুলোর সহযোগিতায় বাস্তবায়িত হবে বলে জানানো হয়েছে।
সরকার আরও বলেছে, অভিভাবক বা বৈধ অভিভাবকের অধীনে সীমিত ব্যবহার নিশ্চিত করতে বিশেষ কিছু ব্যবস্থা বিবেচনায় রাখা হচ্ছে। তবে ব্যক্তিগতভাবে উন্মুক্ত অ্যাকাউন্ট রাখার সুযোগ আর থাকছে না।
মালয়েশিয়ার মানবাধিকার সংগঠনগুলো সিদ্ধান্তটি নিয়ে মতবিরোধ প্রকাশ করেছে। তাদের দাবি, কিশোরদের অনলাইন অধিকার সীমিত না করে বরং নিরাপদ ব্যবহারের উপায় শেখানো উচিত। অন্যদিকে দেশের অভিভাবক মহলের বড় একটি অংশ সিদ্ধান্তটিকে স্বাগত জানিয়ে বলছে, শিশুদের জন্য আরও নিরাপদ অনলাইন পরিবেশ তৈরির সময় এখনই।