‘সমাজ সংস্কার’-এর নামে গ্রামে নোটিশ জারি গানবাজনা বন্ধের ঘোষণা
মেলবোর্ন, ৭ মার্চ- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি গ্রামে ‘সমাজ সংস্কার’-এর কথা বলে গানবাজনা ও বাদ্যযন্ত্র বাজানো নিষিদ্ধ ঘোষণা করে নোটিশ জারি করেছিল স্থানীয় একটি জামে…
মেলবোর্ন, ২৪ নভেম্বর: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার মনোরম ফিলিপ আইল্যান্ডে চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) প্রাক্তন শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত সিমসি অ্যালামনাই গ্র্যান্ড রিইউনিয়ন ২০২৫ এক মহাসমারোহে অনুষ্ঠিত হয়েছে। ২১ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত চার দিনব্যাপী এই বর্ণিল পুনর্মিলনীতে অংশ নেন অস্ট্রেলিয়াসহ বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, কানাডা, নিউজিল্যান্ড, মালয়েশিয়া এবং নেদারল্যান্ডস–প্রবাসী চমেকের ৫ম থেকে ৫৩তম ব্যাচের শতাধিক অ্যালামনাই। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ফিলিপ আইল্যান্ডে চমেক পরিবারের এই মিলনোৎসব সত্যিই হয়ে ওঠে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা।
শুক্রবার ২১ নভেম্বর দুপুরে আগমন ও উপহার গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বিকেলের মিট অ্যান্ড গ্রিট পর্ব শেষে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় উদ্বোধনী অধিবেশন, যার থিম ছিল ‘স্মৃতির সাম্পান’। এদিন একুশে পদকপ্রাপ্ত শিশুশল্যবিদ ও চমেকের প্রাক্তন ছাত্র অধ্যাপক কাজী কামরুজ্জামান প্রদান করেন ‘শাহ আলম বীর উত্তম স্মারক বক্তৃতা’। এরপর ব্যাচভিত্তিক পরিচিতি, স্মৃতিচারণ, প্রেয়ার এবং নৈশভোজে মুখর হয়ে ওঠে প্রথম দিনের আয়োজন।

রিদওয়ানুর রহমান স্মারক বক্তৃতায় অধ্যাপক ইমরান বিন ইউনুস—গভীর শ্রদ্ধা ও অনুপ্রেরণার মুহূর্ত। ছবি:ওটিএন্ বাংলা
শনিবার ২২ নভেম্বর সকালে প্রাতঃরাশ শেষে শুরু হয় বৈজ্ঞানিক সেমিনার (CPD), পরিবারিক ইভেন্ট এবং এক্সপো। এদিন প্রাক্তন ছাত্র অধ্যাপক ইমরান বিন ইউনুস উপস্থাপন করেন ‘রিদওয়ানুর রহমান স্মারক বক্তৃতা’।

মুক্তিযুদ্ধে অবদান ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবায় ভূমিকার জন্য অধ্যাপক কাজী কামরুজ্জামান কে পুরস্কৃত করা হয়। ছবি:ওটিএন্ বাংলা
একই দিনে মুক্তিযুদ্ধে অবদান, স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা এবং সমাজসেবায় উল্লেখযোগ্য ভূমিকার স্বীকৃতি হিসেবে অধ্যাপক কাজী কামরুজ্জামান, অধ্যাপক ইমরান বিন ইউনুস এবং অধ্যাপক পারভেজ করিমকে প্রদান করা হয় ‘স্পিরিট অব সিএমসি’ সম্মাননা ক্রেস্ট। পুরো দিনের কার্যক্রম কভার করতে ওটিএন বাংলা উপস্থিত ছিল।
দুপুরের বিরতির পর সন্ধ্যায় শুরু হয় ‘হৃদয় স্পন্দনে আনন্দ বন্ধনে’ থিমের সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে অ্যালামনাই ও তাদের পরিবারের পরিবেশনা সবার মনোরঞ্জন করে।

‘হৃদয় স্পন্দনে আনন্দ বন্ধনে’—অ্যালামনাই ও পরিবারের পরিবেশনায় প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা। ছবি:ওটিএন্ বাংলা
রবিবার ২৩ নভেম্বর সকালে অংশগ্রহণকারীরা উপভোগ করেন ফিলিপ আইল্যান্ডের বিখ্যাত সীল দর্শন সমুদ্রবিহার, যা সবার জন্য ছিল এক চিত্তাকর্ষক অভিজ্ঞতা। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় জনপ্রিয় তিন প্রাক্তনী শিল্পী- হিউবার্ট ডিক্রুজ, শিমুল দাশ এবং জাভেদ মাহমুদ পাভেলের পরিবেশনায় মনোমুগ্ধকর সঙ্গীতানুষ্ঠান ‘জীবনের গল্প এসো বলি অল্প’, যা প্রাক্তনীদের নস্টালজিয়া ও আবেগে ভরিয়ে তোলে।

কেক কাটার এই মুহূর্তেই ধরা থাকল পুনর্মিলনীর মধুর স্মৃতি। ছবি:ওটিএন্ বাংলা
২৪ নভেম্বর সোমবার সকালে প্রাতঃরাশ ও অনানুষ্ঠানিক বিদায় পর্বের মধ্য দিয়ে পর্দা নামে চার দিনব্যাপী এই প্রাণবন্ত মিলনমেলার।

সফল পুনর্মিলনীর নিবেদিতপ্রাণ আয়োজকরা। বাঁ দিক থেকে: ড. সুব্রত, ড. আহমেদ শরীফ শুভ, ড. সাহেদ আলম ও ড. চিরঞ্জীব—চার আয়োজকের অক্লান্ত পরিশ্রমে জমে উঠেছে এই গ্র্যান্ড রিইউনিয়ন। ছবি:ওটিএন্ বাংলা
আয়োজকরা জানান, দেশ–বিদেশের বিপুলসংখ্যক অ্যালামনাইকে একত্রিত করে এই পুনর্মিলনী চমেক পরিবারের বন্ধনকে আরও সুদৃঢ় করেছে। ফিলিপ আইল্যান্ডের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে কাটানো এই চার দিন সবার জন্য হয়ে উঠেছে অনন্য, আনন্দময় ও স্মরণীয় এক অভিজ্ঞতা, যা আগামী পুনর্মিলনীর অপেক্ষাকে আরও গভীর করে তুলেছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au