মঙ্গলবার সকালে শ্রমিকরা নিয়মিত কাজের জন্য কারখানার গেটে আসেন। ছবিঃ সংগৃহীত
মেলবোর্ন, ২৫ নভেম্বর- গাজীপুরের কোনাবাড়ীতে একটি পোশাক কারখানা বন্ধের নোটিশ জারি হওয়ার পর শ্রমিকরা বিক্ষোভে নেমেছেন। মঙ্গলবার সকালে শ্রমিকরা নিয়মিত কাজের জন্য কারখানার গেটে আসেন। কিন্তু গেটে ঝুলানো নোটিশ দেখে তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। এরপর মিতালি ক্লাব এলাকা থেকে কোনাবাড়ী নতুন বাজার সড়ক বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। হানিওয়েল নামে কারখানাটি বাঘিয়া এলাকায় অবস্থিত।
নোটিশে কারখানা কর্তৃপক্ষ জানায়, সোমবার শ্রমিকরা অযৌক্তিক দাবি তুলে কারখানায় সংঘবদ্ধভাবে বিক্ষোভ করেন এবং উৎপাদন ব্যাহত করেন। এতে কারখানার ভেতরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। রপ্তানির জন্য নির্ধারিত কাজও ব্যাহত হওয়ায় প্রতিষ্ঠানটি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ে। বারবার অনুরোধ করা সত্ত্বেও শ্রমিকরা কাজে ফেরেননি। কর্তৃপক্ষের দাবি, শ্রমিকদের এই আচরণ অবৈধ ধর্মঘট ও শ্রম আইনবিরোধী।
নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারায় কারখানাটি মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে কারখানা আবার চালু করা হবে বলে নোটিশে উল্লেখ রয়েছে।
শ্রমিকরা অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে যেসব কথা বলা হয়েছে তা সাজানো ও ভিত্তিহীন। তারা কারখানার ভেতরে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করেননি। তারা শুধু কারখানার পাশের খোলা জায়গায় বসে নিজেদের পরবর্তী সিদ্ধান্ত নিয়ে আলোচনা করছিলেন।
শিল্প পুলিশ ২ এর কোনাবাড়ী জোনের পরিদর্শক মোর্শেদ জামান জানান, শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালানো হচ্ছে। কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে যাতে কোনো অঘটন না ঘটে।