পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ছোড়ে এবং জলকামান থেকে পানি ছিটিয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। ছবিঃ ঢাকা পোস্ট
মেলবোর্ন, ২৫ নভেম্বর- ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত প্রার্থীদের সঙ্গে শাহবাগে পুলিশের সংঘর্ষ হয়েছে। বিকেল ৫টার পর থেকে এলাকায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ছোড়ে এবং জলকামান থেকে পানি ছিটিয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
মাঠের ঘটনাপর্যায়ে দেখা গেছে, বিপুল সংখ্যক পুলিশ শাহবাগ থানার সামনে অবস্থান নিয়েছে। অন্যদিকে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে জড়ো হয়েছেন।
চাকরিপ্রত্যাশীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে এগোচ্ছিলেন। জাতীয় জাদুঘরের কাছে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। তারপর শিক্ষার্থীরা সেখানে বসে প্রতিবাদ শুরু করেন। দুপুরে জাতীয় শহীদ মিনার থেকে তাদের বিক্ষোভ মিছিল শুরু হয়েছিল।
প্রার্থীদের অভিযোগ, আগে বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য ছয় মাস থেকে এক বছর সময় দেওয়া হতো। এবার সময় দেওয়া হয়েছে দুই মাসেরও কম, যা তাদের মতে অযৌক্তিক। তারা ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ পেছানোর দাবি জানাচ্ছেন।
অন্যদিকে সরকারি কর্মকমিশন জানিয়ে দিয়েছে, পরীক্ষার সময়সূচি বদলানো হবে না। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ২৭ নভেম্বর শুরু হয়ে চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর এবং ময়মনসিংহ এই আটটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পদসংশ্লিষ্ট কয়েকটি পরীক্ষা শুধু ঢাকায় নেওয়া হবে।