মেলবোর্ন, ২৬ নভেম্বর- ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা কার্যালয়ের একটি কক্ষ থেকে মর্জিনা বেগম নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় ভবনটির একটি কক্ষে স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
নিহত মর্জিনা বেগমের বয়স ৪৫ বছর। তিনি দেবগ্রাম এলাকার বাসিন্দা ইসমাইল মিয়ার স্ত্রী এবং পৌর এলাকার সড়ক বাজারে সবজি বিক্রি করতেন। স্থানীয়রা জানান, কার্যালয়ের ভেতরের একটি কক্ষের মেঝেতে তার লাশ পড়ে ছিল। পুলিশ পৌঁছে দেখে গলায় পরনের কাপড় পেঁচানো অবস্থায় লাশটি পড়ে আছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ছমিউদ্দিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কীভাবে ঘটনাটি ঘটেছে এবং কারা জড়িত থাকতে পারে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ বলছে, ঘটনার সূত্র খুঁজতে তদন্ত চলছে।