অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে গুলিবর্ষণে একজন নিহত হয়েছেন এবং দুজন আহত হয়েছেন। ছবিঃ এবিসি নিউজ
মেলবোর্ন, ৩ ডিসেম্বর- অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে গুলিবর্ষণে একজন নিহত হয়েছেন এবং দুজন আহত হয়েছেন। বুধবার দুপুর দেড়টার কিছু আগে ইঙ্গলেলা এলাকায় একটি ব্যক্তিগত সম্পত্তিতে গুলির ঘটনা ঘটে। খবর পেয়ে জরুরি সেবা কর্মীরা সেখানে পৌঁছে আহতদের উদ্ধার করেন।
পুলিশ জানিয়েছে, ৪১ ও ৩৮ বছর বয়সী দুই ব্যক্তিকে আরেকজন ব্যক্তি গুলি করে। ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করছিলেন ওই সন্দেহভাজন হামলাকারী এবং তার সঙ্গে থাকা আরেকজন ব্যক্তি। ৪১ বছর বয়সী ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত ৩৮ বছর বয়সী ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এর কিছুক্ষণ পরই পুলিশ পাশের এলাকায় আরেকটি ঘটনার খবর পায়। সেখানে ৪৫ বছর বয়সী এক ব্যক্তি গাড়ির ধাক্কায় আহত হন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তিনি বর্তমানে পুলিশ পাহারায় আছেন। কীভাবে তিনি আহত হয়েছেন, সেটি জানতে তার সঙ্গে কথা বলবে পুলিশ।
অন্যদিকে, যে ব্যক্তির সঙ্গে হামলাকারী পালাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে, তার বয়স ৩৭ বছর। তাকে এখনও খুঁজছে পুলিশ। ফরেনসিক টিম ও ডগ স্কোয়াড ঘটনাস্থলে তদন্ত করছে। মুরউইলুম্বাহর পশ্চিমে টাইলগাম রোডের একটি অংশ বন্ধ করে দেওয়া হয়েছে।
পুলিশ ঘটনার বিষয়ে যেকোনো তথ্য থাকা ব্যক্তিদের সামনে আসার অনুরোধ করেছে।
সূত্রঃ এবিসি নিউজ