সর্বশেষ

নির্বাচনের পর জাতীয় সরকারে যোগ দিতে প্রস্তুত জামায়াতে ইসলামী

  • 7:22 pm - January 01, 2026
  • পঠিত হয়েছে:২৩৯ বার
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান (ছবি: সংগৃহীত)

মেলবোর্ন, ১ জানুয়ারি- বাংলাদেশের সবচেয়ে বড় ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াতে ইসলামী আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর একটি জাতীয় সরকারে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে। দলটির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের স্থিতিশীলতার স্বার্থে সব দল একসঙ্গে এগোলে যৌথভাবে সরকার পরিচালনার বিষয়ে জামায়াত উন্মুক্ত মনোভাব পোষণ করে।

ঢাকার একটি আবাসিক এলাকায় নিজের কার্যালয়ে বুধবার দেওয়া এক সাক্ষাৎকারে ডা. শফিকুর রহমান বলেন, অন্তত পাঁচ বছরের জন্য একটি স্থিতিশীল বাংলাদেশ প্রয়োজন। সে জন্য রাজনৈতিক দলগুলো একত্রিত হলে ঐক্য সরকারের মাধ্যমে দেশ পরিচালনা করা যেতে পারে। সম্প্রতি একটি জেন–জেডভিত্তিক রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর পর জামায়াত নতুন করে আলোচনায় আসে।

মতামত জরিপগুলোতে দেখা যাচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পর জামায়াতে ইসলামী এখন দেশের দ্বিতীয় জনপ্রিয় রাজনৈতিক শক্তি হিসেবে উঠে এসেছে। এর ফলে প্রায় ১৭ বছর পর প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে ক্ষমতার অংশীদার হওয়ার বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে দলটির সামনে। ১৭ কোটি ৫০ লাখ মানুষের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশে এটি জামায়াতের মূলধারার রাজনীতিতে প্রত্যাবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

এর আগে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের অংশীদার হিসেবে ক্ষমতায় ছিল জামায়াতে ইসলামী।

ডা. শফিকুর রহমান বলেন, ঐক্য সরকারের ক্ষেত্রে দুর্নীতিবিরোধী কর্মসূচি একটি যৌথ লক্ষ্য হওয়া উচিত। তিনি জানান, যে দল সংসদে সবচেয়ে বেশি আসন পাবে, সেই দলের নেতা প্রধানমন্ত্রী হবেন। জামায়াত সর্বাধিক আসন পেলে তিনি নিজে প্রধানমন্ত্রী হবেন কি না, সে সিদ্ধান্ত দলীয় ফোরামে নেওয়া হবে।

দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর জামায়াতের এই রাজনৈতিক পুনরুত্থান ঘটেছে। ২০২৪ সালের আগস্টে যুবনেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছাড়েন শেখ হাসিনা। তাঁর নেতৃত্বাধীন আওয়ামী লীগ বর্তমানে নির্বাচনে অংশ নিতে পারছে না।

শেখ হাসিনা ছিলেন জামায়াতে ইসলামীর কট্টর সমালোচক। তাঁর শাসনামলে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতের বেশ কয়েকজন শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। জামায়াত পাকিস্তানের পক্ষে অবস্থান নেওয়ায় ওই সময়ে দলটি বিতর্কের মুখে পড়ে। দেশে ও বিদেশে বহু সমালোচক এসব বিচার ও রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন।

২০১৩ সালে একটি আদালতের রায়ে দলীয় গঠনতন্ত্র দেশের ধর্মনিরপেক্ষ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করা হয় এবং দলটি নির্বাচন থেকে নিষিদ্ধ হয়। পরে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের আগস্টে জামায়াতের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়।

ভারতের সঙ্গে সম্পর্ক

ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনার ভারতে অবস্থান করাকে তিনি উদ্বেগজনক মনে করেন। তাঁর মতে, হাসিনার পতনের পর বাংলাদেশ ও ভারতের সম্পর্ক কয়েক দশকের মধ্যে সবচেয়ে নিচু পর্যায়ে নেমে এসেছে।

ভারত দীর্ঘদিন ধরে শেখ হাসিনার সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে দুই দেশের ব্যবসা ও বাণিজ্য সম্প্রসারণে ভূমিকা রেখেছে। নতুন সরকার গঠনে সম্ভাব্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ বাড়ানোর অংশ হিসেবে চলতি বছর একজন ভারতীয় কূটনীতিকের সঙ্গে তাঁর বৈঠক হয়েছে বলে জানান জামায়াত আমির। তিনি বলেন, অন্য দেশের কূটনীতিকরা প্রকাশ্যে তাঁর সঙ্গে সাক্ষাৎ করলেও ভারতীয় ওই কর্মকর্তা বৈঠকটি গোপন রাখতে অনুরোধ করেছিলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আমাদের সবাইকে সবার প্রতি উন্মুক্ত হতে হবে। সম্পর্ক উন্নয়নের কোনো বিকল্প নেই। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য না করলেও ভারত সরকারের একটি সূত্র জানিয়েছে, তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখছে।

পাকিস্তানের সঙ্গে জামায়াতের অতীত ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াত সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায়। কোনো একটি দেশের দিকে ঝুঁকে পড়ার ইচ্ছা নেই। সব দেশকে সম্মান করে পারস্পরিক ভারসাম্য বজায় রেখেই সম্পর্ক এগিয়ে নিতে চায় দলটি।

সূত্রঃ টিআরটি ওয়ার্ল্ড

এই শাখার আরও খবর

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au