মেলবোর্ন, ৬ জানুয়ারি- এমিলি ব্রন্টের উদারিং হাইটসের নতুন রূপান্তর থেকে শুরু করে ক্রিস্টোফার নোলানের বহুল প্রতীক্ষিত প্রাচীন গ্রীক মহাকাব্য নিয়ে নির্মিত ১৬টি আলোচিত সিনেমার তালিকা প্রকাশ করেছে বিবিসি।
চলুন দেখে নেয়া যাক, তালিকায় থাকা সিনেমাগুলোর খুঁটিনাটি:
তালিকার শুরুতেই রয়েছে ‘উদারিং হাইটস’। এমারেল্ড ফেনেল পরিচালিত এমিলি ব্রন্টের এই ক্লাসিক উপন্যাসের সাহসী রূপান্তরটি ইতিমধ্যেই বেশ ‘বিতর্ক’ তৈরি করেছে। ট্রেলার দেখেই ব্রন্টে ভক্তরা কাস্টিং নিয়ে আপত্তি তুলেছেন—বিশেষ করে ক্যাথি চরিত্রে মার্গট রবি এবং হিথক্লিফ চরিত্রে জ্যাকব এলর্ডির নির্বাচন নিয়ে। তবে পরিচালক একে একটি ‘আদিম ও যৌন আবেদনময়’ রূপ দিতে চেয়েছেন। এটি ১৩ ফেব্রুয়ারি মুক্তি পাবে। এছাড়া ৯ সেপ্টেম্বর আসছে জেন অস্টেনের ‘সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি’।

তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করে নেয়া সিনেমাটির নাম প্র্যাকটিক্যাল ম্যাজিক ২। ১৯৯৮ সালের সেই জনপ্রিয় অতি প্রাকৃতিক রোমান্টিক কমেডির সিক্যুয়েল নিয়ে ফিরছেন স্যান্ড্রা বুলক এবং নিকোল কিডম্যান। দীর্ঘ ২৮ বছর পর দুই জাদুকরী বোনের গল্প আবারও বড় পর্দায় দেখা যাবে। এটি চলতি বছরের ১৮ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা।
তৃতীয় অবস্থানে থাকা দ্য ম্যান্ডালোরিয়ান অ্যান্ড গ্রোগু স্টার ওয়ার্স ফ্র্যাঞ্চাইজির অত্যন্ত জনপ্রিয় চরিত্র ‘ডিন ডাজারিন’ এবং কিউট ‘বেবি ইয়োডা’ বা গ্রোগু এবার টিভির পর্দা থেকে সিনেমায় আসছে। জন ফাভ্রো পরিচালিত এই ছবিটি বাবা ও সন্তানের সম্পর্কের প্রেক্ষাপটে তৈরি। এটি মুক্তি পাবে ২২ মে।

দ্য ডগ স্টারস নিয়ে ৮৮ বছর বয়সী পরিচালক রিডলি স্কট ফিরছেন তার প্রিয় সায়েন্স ফিকশন ঘরানায়। মহামারীতে জনশূন্য পৃথিবীর এক গল্পে অভিনয় করেছেন জ্যাকব এলর্ডি ও জশ ব্রোলিন। স্কট এটি মাত্র ৩৪ দিনে শ্যুট করেছেন এবং তার মতে এটিই হয়তো তার সেরা কাজ হতে যাচ্ছে। মুক্তির তারিখ ২৮ আগস্ট।
দ্য ব্রাইড! ম্যাগি জিলেনহাল ১৯৩০-এর দশকের শিকাগোর অপরাধ জগতের পটভূমিতে ফ্রাঙ্কেনস্টাইনের দানবের কনের গল্প সাজিয়েছেন। জেসি বাকলি এবং ক্রিশ্চিয়ান বেল এখানে মূল চরিত্রে অভিনয় করেছেন। এই ‘পাঙ্ক’ প্রেমের গল্পটি মুক্তি পাবে ৬ মার্চ।

ডিগার সিনেমায় অ্যাকশন হিরো টম ক্রুজ এবার অভিনয় করছেন আলেজান্দ্রো জি ইনারিতুর একটি ব্যাতিক্রমী কমেডি চলচ্চিত্রে। স্যান্ড্রা হুলার ও জেসি প্লেমন্স অভিনীত এই ছবিটি টম ক্রুজকে অস্কার এনে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। এটি ২ অক্টোবর মুক্তি পাবে।
টয় স্টোরি ৫ মুক্তি পাবে আগামী ১৯ জুন। উডি ও বাজ লাইটইয়ার আবারও ফিরে আসছে। এবারের গল্পে খেলনাদের বড় প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াবে বর্তমান সময়ের আধুনিক ট্যাবলেট বা গ্যাজেট। অ্যান্ড্রু স্ট্যান্টন সিনেমাটি পরিচালনা করেছেন।

‘দ্য ড্রামা’ রবার্ট প্যাটিনসন এবং জেনডায়া অভিনীত এই ডার্ক রোমান্টিক কমেডিতে বিয়ের ঠিক এক সপ্তাহ আগে একটি গোপন রহস্য ফাঁস হওয়াকে কেন্দ্র করে বিশৃঙ্খলা শুরু হয়। এটি ৩ এপ্রিল মুক্তি পাবে।
মাদার মেরি সিনেমায় অ্যান হ্যাথাওয়ে একজন পপ গায়িকা এবং মিকেলা কোয়েল তার কস্টিউম ডিজাইনারের চরিত্রে অভিনয় করেছেন। এই অদ্ভুত মিউজিক্যাল থ্রিলারটি মুক্তি পাবে এপ্রিলে। পাশাপাশি শার্লি এক্সসিএক্স-এর চলচ্চিত্র ‘দ্য মোমেন্ট’ মুক্তি পাবে ৩০ জানুয়ারি।

দ্য সোশ্যাল রেকোনিং ২০১০ সালের ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’ সিনেমার একটি সিক্যুয়েল। ফেসবুকের অভ্যন্তরীণ নথি ফাঁস করে দেওয়া ফ্রান্সিস হগেনের সত্য ঘটনার ওপর ভিত্তি করে এটি তৈরি হয়েছে। মাইকি ম্যাডিসন এখানে প্রধান চরিত্রে এবং জেরেমি স্ট্রং মার্ক জুকারবার্গের চরিত্রে অভিনয় করেছেন। মুক্তি ৯ অক্টোবর।
দ্য ডেভিল ওয়ার্স প্রাডা ২ দিয়ে ২০ বছর পর আবারো ফিরছেন মেরিল স্ট্রিপ, অ্যান হ্যাথাওয়ে ও এমিলি ব্লান্ট। ফ্যাশন জগতের নতুন লড়াই নিয়ে এই সিনেমাটি মুক্তি পাবে পহেলা মে।

দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং সিনেমাটি হাঙ্গার গেমস সিরিজের একটি প্রিক্যুয়েল, যা মূল কাহিনীর ২৪ বছর আগের ঘটনা নিয়ে সাজানো। র্যালফ ফিনস ও জেসি প্লেমন্স এখানে গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন। এটি ২০ নভেম্বর মুক্তি পাবে।

নার্নিয়া: দ্য ম্যাজিশিয়ানস নেফিউ’র মাধ্যমে দীর্ঘ ১৬ বছর পর গ্রেইটা গারউইগ নার্নিয়া সিরিজকে বড় পর্দায় ফিরিয়ে আনছেন। এটি আসলে সিরিজের মূল কাহিনীর অনেক আগের প্রেক্ষাপটে নির্মিত একটি প্রিক্যুয়েল। ২৬ নভেম্বর এটি মুক্তি পাবে।
এরপর তালিকায় থাকা ‘ডিসক্লোজার ডে’তে অভিনয় করেছেন জশ ও’কনর এবং এমিলি ব্লান্ট। ছবির কাহিনী নিয়ে কঠোর গোপনীয়তা বজায় রাখা হয়েছে। স্টিভেন স্পিলবার্গের রহস্যময় এই এলিয়েন ফিল্মটি মুক্তি পাবে ১২ জুন।

‘দ্য ওডিসি’ ক্রিস্টোফার নোলানের পরবর্তী মহাকাব্যিক সিনেমা। হোমারের প্রাচীন গ্রীক মহাকাব্য অবলম্বনে ম্যাট ডেমন এখানে ওডিসিউস চরিত্রে অভিনয় করেছেন। সঙ্গে আছেন অ্যান হ্যাথাওয়ে এবং জেনডায়া। ছবিটি ১৭ জুলাই মুক্তি পাবে।

মার্ভেল তাদের সব সুপারহিরোদের নিয়ে আবারও ফিরছে অ্যাভেঞ্জার্স: ডুমসডে’তে। চমক হিসেবে রবার্ট ডাউনি জুনিয়র এবার ডক্টর ডুম নামক ভিলেনের চরিত্রে অভিনয় করবেন। রুশো ব্রাদার্স পরিচালিত এই মেগা প্রজেক্টটি ১৮ ডিসেম্বর মুক্তি পাবে।