মেলবোর্ন ১১ জানুয়ারি-সিলেটে স্কুল ক্রিকেটের জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিশ্বকাপ ঘিরে চলমান জটিল পরিস্থিতির কথা স্বীকার করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অনুষ্ঠানের পর সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করে জানান, বিশ্বকাপে ভারতের অন্য কোনো ভেন্যুতে ম্যাচ আয়োজনের প্রস্তাব এলেও বাংলাদেশ অংশ নেবে কি না—এ সিদ্ধান্ত একার নয়।
এসময় তিনি বলেন “ভারতে ভেন্যু পরিবর্তন হলেও তো শেষ পর্যন্ত ভারতেই খেলা হবে। এটা আমার একার সিদ্ধান্ত নয়, সরকারের সঙ্গেও বিষয়টি আলোচনা করতে হবে।”
বিশ্বকাপে ভারতের মাটিতে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার বিষয়ে বিসিবির অবস্থানও তুলে ধরেন সভাপতি। তিনি জানান, এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) আনুষ্ঠানিকভাবে ই-মেইল পাঠানো হয়েছে, তবে এখনো কোনো উত্তর পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে বুলবুল আরো বলেন,
“আমরা আইসিসিকে মেইল করেছি। এখনো কোনো জবাব পাইনি। দুবাই অফিস বন্ধ ছিল, আশা করছি সোমবারের মধ্যে উত্তর পাওয়া যেতে পারে।”
এদিকে, মুস্তাফিজুর রহমান ইস্যুতে ভারতের বিপক্ষে শক্ত অবস্থান নেওয়ার ক্ষেত্রে দেশের মানুষের সমর্থন বাংলাদেশ দলকে সাহস জোগাচ্ছে বলেও মন্তব্য করেন বিসিবি সভাপতি। বিশ্বকাপে বাংলাদেশকে এখন আর ছোট দল হিসেবে দেখার সুযোগ নেই বলেও মনে করেন তিনি।
বাংলাদেশ এখন বড় দল। আমাদের সক্ষমতা আছে, আত্মবিশ্বাস আছে। অভিমত বুলবুলের।
দায়িত্বকালীন সময়ে নানা চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে বলেও স্বীকার করেন সাবেক এই অধিনায়ক। চাপের মুখে পড়লেও সেখান থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার কথা জানান তিনি।
“চাপ আসে, কঠিন সময় আসে। তবে সেখান থেকেই শিক্ষা নিয়ে টিকে থাকতে হয়।”
বিশ্বকাপ সামনে রেখে বিসিবির অবস্থান, সরকারের ভূমিকা এবং আইসিসির সিদ্ধান্ত—সব মিলিয়ে বাংলাদেশের পথচলা যে সহজ নয়, তা স্পষ্ট করে দিলেন বিসিবি সভাপতি।