আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির। ছবিঃ সংগৃহীত
মেলবোর্ন, ১৪ জানুয়ারি- নারায়ণগঞ্জে কারাবন্দী অবস্থায় আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবিরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার তিনি ঢাকা জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান।
নিহত হুমায়ুন কবির নারায়ণগঞ্জ মহানগরীর গলাচিপা এলাকার বাসিন্দা ছিলেন। তিনি মৃত চান শরীফ সরদারের ছেলে এবং মহানগর আওয়ামী লীগের ১৩ নম্বর ওয়ার্ডের সহসভাপতির দায়িত্ব পালন করছিলেন।
কারা ও পুলিশ সূত্র জানায়, গত বছরের ১৮ ডিসেম্বর একটি মামলায় গ্রেপ্তার হন হুমায়ুন কবির। এরপর থেকে তিনি নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দী ছিলেন। মঙ্গলবার সকালে কারাগারে থাকা অবস্থায় হঠাৎ তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে কারা কর্তৃপক্ষ তাকে শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার উন্নতি না হওয়ায় দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকা জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তার মৃত্যু হয়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রেজাউল হক জানান, ঢাকা জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হুমায়ুন কবির মারা যান। প্রাথমিকভাবে জানা গেছে, কারাবন্দী অবস্থায় তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন।
কারা হেফাজতে আরেকজন রাজনৈতিক নেতার মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন উঠছে। পরিবারের সদস্য ও স্থানীয় নেতাকর্মীরা মৃত্যুর প্রকৃত কারণ জানার দাবি জানিয়েছেন। তবে কারা কর্তৃপক্ষ ও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনি প্রক্রিয়া অনুসরণ করে মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।