মেলবোর্ন ১৪ জানুয়ারি-অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য শাহীন আলমকে পাঁচ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি তার মায়ের চিকিৎসার দায়িত্বও নিয়েছে বোর্ড। এছাড়া আসন্ন আট দল নিয়ে আয়োজিত ‘সোনার বাংলা টুর্নামেন্টে’ অংশ নেবেন এই তরুণ ক্রিকেটার।
অর্থসংকটে পড়ে ক্রিকেট চালিয়ে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছিল শাহীনের। বিষয়টি নিউজ টোয়েন্টিফোরে সংবাদ হিসেবে প্রকাশের পরই বিসিবির পক্ষ থেকে এই সহায়তার উদ্যোগ নেওয়া হয়।
সোমবার মিরপুরের হোম অব ক্রিকেটে স্বস্তির হাসি আর নতুন আত্মবিশ্বাস নিয়ে উপস্থিত হন শাহীন আলম। বিসিবি সভাপতির কাছ থেকে আর্থিক সহায়তার চেক গ্রহণের পাশাপাশি পেয়েছেন ভবিষ্যৎ ক্রিকেট ক্যারিয়ার নিয়ে দিকনির্দেশনাও।
২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন শাহীন আলম। তারই সতীর্থ তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয় ও শামীম পাটোয়ারিরা বর্তমানে জাতীয় দলের নিয়মিত মুখ। বিকেএসপিতে অধ্যয়নরত শাহীন আবারও বিসিবির নজরদারিতে ফিরে এলেন। আর্থিক সংকট কাটায় এখন পুরো মনোযোগ দিতে পারবেন ক্রিকেটে।
সহায়তা পাওয়ার পর প্রতিক্রিয়ায় শাহীন আলম বলেন,“এই সহযোগিতা আমার জন্য অনেক বড় পাওয়া। বিসিবি ও নিউজ টোয়েন্টিফোরের কাছে আমি কৃতজ্ঞ।”
এর আগে, বিএনপি চেয়ারপারসনের পক্ষ থেকে তারেক রহমানের সহযোগিতায় দেড় লাখ টাকা শাহীনের হাতে তুলে দেন ক্রীড়া সম্পাদক আমিনুল হক। পাশাপাশি তার পড়াশোনার দায়িত্বও নেওয়া হয়।
আর্থিক অনিশ্চয়তা কাটিয়ে আবার মাঠের ক্রিকেটে ফেরার স্বপ্ন দেখছেন এই বিশ্বকাপজয়ী তরুণ। বিসিবির এই সহায়তা নতুন করে অনুপ্রেরণা জোগাবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।