বিশ্ব

ইরানে সরকারবিরোধী আন্দোলন

বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান ট্রাম্পের

তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, সহিংসতা ও সাধারণ মানুষের ওপর দমন-পীড়ন বন্ধ না হওয়া পর্যন্ত কোনো ধরনের কূটনৈতিক আলোচনায় বসবে না তার প্রশাসন।

  • 5:41 am - January 14, 2026
  • পঠিত হয়েছে:১৭১ বার
ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

মেলবোর্ন ১৪ জানুয়ারি- ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়ে দেশটির জনগণকে রাজপথে বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি জানিয়েছেন, বিক্ষোভে দমন–পীড়ন ও হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত ইরানের কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করেছেন যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “ইরানের দেশপ্রেমিকরা, বিক্ষোভ চালিয়ে যান। আপনাদের প্রতিষ্ঠানগুলো দখলে নিন। হত্যাকারী ও নিপীড়কদের নাম সংরক্ষণ করুন। তাদের এর চড়া মূল্য দিতে হবে। হত্যাযজ্ঞ বন্ধ না হওয়া পর্যন্ত আমি ইরানের কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করেছি। সাহায্য আসছে।”

তবে ট্রাম্প কী ধরনের সহায়তার কথা বলছেন এবং সেটি কবে ইরানে পৌঁছাতে পারে, সে বিষয়ে তিনি কোনো বিস্তারিত তথ্য দেননি। হোয়াইট হাউজও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

এদিকে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো জানিয়েছে, ইরান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার হোয়াইট হাউজে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে ট্রাম্পের। ওই বৈঠকে কূটনৈতিক, অর্থনৈতিক ও সামরিক বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা হতে পারে।

এর আগে গত সপ্তাহের শেষে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, ইরান সংকট নিরসনে তিনি কূটনৈতিক পথ বেছে নিতে পারেন। বিশেষ করে তেহরান আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছে বলে তিনি দাবি করার পর এই বার্তা দেন। তবে সর্বশেষ বক্তব্যে ইরানের সঙ্গে সংলাপের সম্ভাবনা আপাতত দূরে সরিয়ে রেখেছেন তিনি।

ট্রাম্প আগেও সতর্ক করে বলেছিলেন, ইরানি কর্তৃপক্ষ যদি বিক্ষোভকারীদের হত্যায় লিপ্ত থাকে, তাহলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে। ইরান সরকার স্বীকার করেছে, টানা দুই সপ্তাহের বিক্ষোভে নিহতের সংখ্যা প্রায় দুই হাজারে পৌঁছেছে। এই বিপুল প্রাণহানির পর ট্রাম্পের কড়া অবস্থান আরও জোরালো হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

গত ২৮ ডিসেম্বর রাজধানী তেহরানের কয়েকটি বাজারে অর্থনৈতিক সংকটের প্রতিবাদে ছোট আকারের বিক্ষোভ থেকে এই আন্দোলনের সূচনা হয়। পরে তা দ্রুত দেশজুড়ে ছড়িয়ে পড়ে। মূল্যবৃদ্ধি, উচ্চ মুদ্রাস্ফীতি, জাতীয় মুদ্রা রিয়ালের দরপতন এবং কর্মসংস্থানের সংকটে ক্ষুব্ধ তরুণ সমাজ ও সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে।

গত বৃহস্পতিবার থেকে পরিস্থিতির আরও অবনতি ঘটে। ইরানের নির্বাসিত শেষ শাহের ছেলে রেজা পাহলভি সরকারবিরোধী আন্দোলন জোরদার করার আহ্বান জানালে বহু শহরে বিক্ষোভকারীদের ঢল নামে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরাসরি আহ্বান ও হুমকি নতুন করে আন্তর্জাতিক উত্তেজনা তৈরি করেছে।

এই শাখার আরও খবর

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের উদ্যোগ

‘রাজনৈতিক ইসলাম’ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির সংবিধানের আওতায় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের…

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au