মেলবোর্ন ১৪ জানুয়ারি-রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলছেন তানজিদ হাসান তামিম। প্রথম কয়েকটা ম্যাচে তার ব্যাট না হাসলেও শেষ ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছেন। দলের জয়ে অবদান রেখে হয়েছেন ম্যাচসেরাও। বিপিএলের এই পারফরম্যান্স বিশ্বকাপে কাজে দেবে বলে মনে করেন এই ওপেনিং ব্যাটার।
প্রথম কয়েক ম্যাচে তামিমের ব্যাটে রান না পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রথম কয়েক ম্যাচ আমি ভালো খেলিনি। তবে টিমের আমার ওপর ভরসা ছিল। ম্যানেজমেন্ট থেকে আমাদের একটা বার্তা দেওয়া হয়েছিল। প্রথম কয়েকটা ম্যাচ হারার পরও আমাদের উপর কোনো প্রেশার ছিল না।
ব্যক্তিগতভাবে আমি আমার কথা বলতে পারি অনেকগুলো ম্যাচে আমি পারফর্ম করতে পারিনি কিন্তু টিম ম্যানেজমেন্ট এবং সিনিয়ররা আমাকে সাহস দিয়েছে।’
বিপিএলের পর বিশ্বকাপের জন্য আলাদা কোনো সময় নেই। এ প্রসঙ্গে তামিম বলেন, ‘এখানে (বিপিএল) নানান রকম সিচুয়েশনের মধ্য দিয়ে যেতে হয়। যার মাধ্যমে আমরা অনেক কিছু শিখছি এবং এগুলো বিশ্বকাপে কাজে লাগবে।
কিন্তু বিশ্বকাপে যাওয়া নিয়েই আছে সংশয়। এ প্রসঙ্গে তামিম বলেন, ‘বিসিবি এবং আইসিসি আলোচনা করছে কিভাবে বিশ্বকাপে যাওয়া যায় বা কোথায় খেললে আমাদের জন্য নিরাপদ হয়। আশা করছি তারা এ ব্যাপারে ভালোভাবে কাজ করছে। আমি আর এ বিষয়ে কোনো কথা বলতে চাই না।’ নিজের লক্ষ্যের কথাও জানালেন তামিম।
আপাতত তার লক্ষ্য বিপিএল নিয়ে। ওপেনার বলেন, ‘সামনে কোয়ালিফায়ার আছে এরপরে ফাইনাল। আপাতত এটা নিয়েই ভাবছি এবং চেষ্টা থাকবে দলে যাতে অবদান রাখতে পারে।’