বাংলাদেশ

সরস্বতী পূজা আজ

  • 5:28 am - January 23, 2026
  • পঠিত হয়েছে:৩১৬ বার
জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতী। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ জানুয়ারি- জ্ঞান ও বিদ্যার দেবী সরস্বতীর আরাধনার দিন আজ। শুক্রবার ২৩ জানুয়ারি সনাতন ধর্মাবলম্বীরা পালন করছেন সরস্বতী পূজা। এটি হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। বিশ্বাস অনুযায়ী দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। তিনি বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। এই দিনে মন্ত্র উচ্চারণ, অর্চনা ও পূজার মাধ্যমে জ্ঞান ও বিদ্যা লাভের প্রার্থনা করা হয়।

সরস্বতী বৈদিক দেবী হলেও বর্তমানে যে রূপে সরস্বতী পূজা পালিত হয়, তার বিস্তার মূলত আধুনিক কালে। প্রাচীনকালে তান্ত্রিক সাধকেরা সরস্বতী সদৃশ দেবী বাগেশ্বরীর পূজা করতেন বলে শাস্ত্র ও ইতিহাসে উল্লেখ রয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে এই আরাধনা আজকের প্রচলিত রূপ পেয়েছে। সনাতন ধর্মীয় বিশ্বাসে বলা হয়, দেবী সরস্বতী মানুষের অজ্ঞতার অন্ধকার দূর করে জ্ঞানের আলোয় পথ দেখান।

সরস্বতী পূজা উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস একটি বাণী দিয়েছেন। তিনি হিন্দু সম্প্রদায়ের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল উদাহরণ। হাজার বছর ধরে এই দেশে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের সঙ্গে বসবাস করে আসছে। তিনি বলেন, বাংলাদেশ কারও একক নয়, এই দেশ সব মানুষের। ধর্ম বা বর্ণের ভিত্তিতে বিভাজন নয়, বরং বাংলাদেশ সবার জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি।

বাণীতে তিনি আরও বলেন, হিন্দু ধর্মমতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানের প্রতীক। তাঁর আশীর্বাদ মানুষকে অজ্ঞতা থেকে মুক্ত করে আলোর পথে নিয়ে যায়। সরস্বতী পূজার এই পবিত্র দিনে তিনি প্রত্যাশা করেন, শিক্ষা যেন শুধু ব্যক্তিগত উন্নতির মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং সমাজ ও দেশের কল্যাণে কাজে লাগে। জ্ঞান দিয়ে মানুষ যেন অন্যকে সহায়তা করে, দুর্বলদের পাশে দাঁড়ায় এবং একটি মানবিক ও সুন্দর সমাজ গড়ে তোলে। তিনি হিন্দু ধর্মাবলম্বীসহ বাংলাদেশের সব নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।

শাস্ত্রীয় বিধান অনুযায়ী মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। এই তিথি বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। দেবী সরস্বতীকে শ্বেতবস্ত্র পরিহিতা হিসেবে কল্পনা করা হয়। এক হাতে থাকে বেদ, অন্য হাতে বীণা। এই কারণে তাঁকে বীণাপাণিও বলা হয়। বিশ্বাস করা হয়, দেবী প্রতি বছর ভক্তদের মাঝে আবির্ভূত হয়ে জ্ঞান ও বুদ্ধির আলো ছড়িয়ে দেন। ভক্তদের মতে, দেবী সন্তুষ্ট হলে বিদ্যা, বুদ্ধি ও প্রজ্ঞা লাভ হয়। ঐশ্বর্য, বুদ্ধি, জ্ঞান, সিদ্ধি ও মুক্তিদায়িনী হিসেবেও তাঁর আরাধনা করা হয়।

সরস্বতী পূজা উপলক্ষে সারা দেশে হিন্দু সম্প্রদায়, বিশেষ করে শিক্ষার্থীরা নানা ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করেছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে পূজার পাশাপাশি পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি ও আলোকসজ্জার আয়োজন রাখা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়েও সরস্বতী পূজাকে ঘিরে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জগন্নাথ হলকে কেন্দ্র করে রয়েছে বিশেষ আয়োজন। এ বছর জগন্নাথ হল প্রশাসনের কেন্দ্রীয় পূজাসহ মোট ৭৬টি মণ্ডপে সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭৪টি বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। দুদিনব্যাপী এই আয়োজনে পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা এবং রক্তদান কর্মসূচি অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি দর্শনার্থী শিশুদের জন্য বিনোদনমূলক রাইড, খেলনা ও বিশুদ্ধ খাবারের দোকানের ব্যবস্থাও রাখা হয়েছে।

জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বক্ষণিক তত্ত্বাবধানে হল প্রশাসন পূজামণ্ডপসহ পুরো প্রাঙ্গণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। এ কাজে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, শাহবাগ থানা ও ফায়ার সার্ভিস প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে।

পূজাকে কেন্দ্র করে জগন্নাথ হল পুরোপুরি সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। প্রবেশপথে মেটাল ডিটেক্টরসহ আধুনিক নিরাপত্তা ব্যবস্থা চালু করা হয়েছে। শিশুদের জন্য নিরাপদ দুগ্ধ সেবন কর্নার স্থাপন করা হয়েছে। কোনো ধরনের পটকা বা আতশবাজি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। যানবাহন নিয়ন্ত্রণের জন্য বিশেষ স্টিকার ব্যবস্থাও করা হয়েছে।

এ ছাড়া রাজধানীর রামকৃষ্ণ মঠ ও মিশন, সিদ্ধেশ্বরী মন্দির, শাঁখারী বাজার, তাঁতি বাজার ও রমনা কালী মন্দিরসহ বিভিন্ন এলাকায় সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। ঢাক-ঢোল, কাঁসর, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখর হয়ে উঠেছে বিভিন্ন পূজামণ্ডপ।

এই শাখার আরও খবর

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au