ওটিএন বাংলা রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলোতে ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের অবৈধ অবস্থান ঠেকাতে তৎপর হচ্ছে হল প্রশাসন। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সমাজসেবা সম্পাদক অর্ক রায়কে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা।
রোববার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে হলের ভেতরের একটি ক্যান্টিন থেকে তাঁকে আটক করা হয়। পরে হল প্রশাসন ও প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে তাঁকে শাহবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, অর্ক রায় প্রায়ই জগন্নাথ হলে যাতায়াত করতেন। রোববার বিকেলে ক্যান্টিনে খাবার খেতে এলে ছাত্রদলের নেতাকর্মী ও শিক্ষার্থীরা তাঁকে আটক করেন। পরে তাঁকে পুলিশের কাছে দেওয়া হয়।
জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেবাশীষ পাল বলেন, ছাত্রলীগের পদধারী কারও নামে হলে সিট বরাদ্দ নেই। তাঁদের সবার সিট আগেই বাতিল করা হয়েছে। অর্ক রায় মাঝেমধ্যে হলে যাতায়াত করতেন বলে জানা গেছে। রোববার তাঁকে দেখতে পেয়ে শিক্ষার্থীরা আটক করেন।
তিনি আরও বলেন, হলে এ ধরনের আরও কেউ অবৈধভাবে অবস্থান করছেন কি না, তা প্রশাসন গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখবে। অর্ককে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি পুলিশ দেখবে।
জগন্নাথ হল ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ধ্রুব রায় দাবি করেন, অর্ক রায় দীর্ঘদিন ধরে রাতে হলে লুকিয়ে অবস্থান করতেন। রোববার দিনে তাঁকে দেখতে পেয়ে আটক করে অন্যদের খবর দেন তিনি। পরে হল ছাত্রদলের সদস্য সচিব প্রসেনজিৎ বিশ্বাস এবং যুগ্ম আহ্বায়ক প্রতীক কুমার নন্দী ও প্রান্ত পাল সেখানে উপস্থিত হন।
ধ্রুব রায় আরও অভিযোগ করেন, সম্প্রতি জগন্নাথ হলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় অর্ক রায় জড়িত থাকতে পারেন। তবে এ অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অবৈধভাবে অবস্থানকারীদের বিষয়ে প্রশাসনের তৎপরতার নজির আগেও রয়েছে। ২০২৫ সালের জুনে ছাত্রলীগের নেতাকর্মীরা হলে অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলে মধ্যরাতে অভিযান চালিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। তখন ছয়টি কক্ষ সিলগালা করা হয়।
এ বিষয়ে বিস্তারিত জানতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।