বাংলাদেশ

দ্য ওয়াশিংটন পোস্ট এর প্রতিবেদন

জামায়াতের সঙ্গে যোগাযোগ বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র

  • 5:49 am - January 23, 2026
  • পঠিত হয়েছে:২৬৬ বার
দ্য ওয়াশিংটন পোস্ট এর প্রতিবেদনের স্ক্রিনশট

মেলবোর্ন, ২৩ জানুয়ারি- বাংলাদেশে একসময় দুবার নিষিদ্ধ হওয়া রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর সঙ্গে নতুন করে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে আগ্রহ দেখাচ্ছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন, ছাত্র রাজনীতিতে দলটির প্রভাব বৃদ্ধি এবং আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ওয়াশিংটন এখন জামায়াতকে সম্ভাব্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবে বিবেচনা করছে। যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মহলের ধারণা, আগামী নির্বাচনে দলটি উল্লেখযোগ্য সাফল্য পেতে পারে। এই প্রেক্ষাপটে জামায়াতের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার বার্তাও দিচ্ছে ওয়াশিংটন। তবে একই সঙ্গে স্পষ্ট করে জানানো হয়েছে, জামায়াত ক্ষমতায় গিয়ে যদি যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে কোনো কট্টর নীতি গ্রহণ করে, তাহলে কঠোর অর্থনৈতিক পদক্ষেপ নেওয়া হবে। এর মধ্যে বাংলাদেশের তৈরি পোশাক খাতে উচ্চ শুল্ক আরোপের মতো সিদ্ধান্তও থাকতে পারে।

বৃহস্পতিবার প্রকাশিত মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট-এর এক বিশেষ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মাসে অনুষ্ঠেয় বাংলাদেশের জাতীয় নির্বাচনে দেশের সবচেয়ে বড় ইসলামপন্থি দল জামায়াতে ইসলামী অপ্রত্যাশিতভাবে ভালো ফল করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই সম্ভাবনাকে সামনে রেখে মার্কিন কূটনীতিকরা দলটির সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবছেন। ওয়াশিংটন পোস্টের হাতে আসা কিছু অডিও রেকর্ড থেকে এ বিষয়ে বিস্তারিত জানা গেছে।

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জামায়াতে ইসলামী একাধিকবার নিষিদ্ধ হয়েছে। সর্বশেষ ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের আগে শেখ হাসিনার সরকার দলটিকে নিষিদ্ধ করেছিল। ঐতিহাসিকভাবে জামায়াত শরিয়াহ আইন চালু করা এবং শিশুদের লালন-পালনের সুবিধার্থে নারীদের কর্মঘণ্টা কমানোর পক্ষে কথা বলেছে। তবে সাম্প্রতিক সময়ে দলটি নিজেদের ভাবমূর্তি বদলানোর চেষ্টা করছে। তারা এখন দুর্নীতিবিরোধী অবস্থানকে সামনে আনছে এবং সুশাসনের কথা জোর দিয়ে বলছে।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় মার্কিন কূটনীতিকরা এই ইসলামপন্থি দলটির সঙ্গে কাজ করার ইঙ্গিত দিয়েছেন। গত ১ ডিসেম্বর ঢাকায় নারী সাংবাদিকদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে এক মার্কিন কূটনীতিক বলেন, বাংলাদেশ এখন ‘ইসলামিক ধারায়’ ঝুঁকছে। অডিও রেকর্ড অনুযায়ী, ওই কূটনীতিক ধারণা দেন যে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জামায়াত তাদের ইতিহাসের সেরা ফল অর্জন করতে পারে।

ওই কূটনীতিক বলেন, যুক্তরাষ্ট্র চায় জামায়াত তাদের বন্ধু হোক। তিনি সাংবাদিকদের প্রশ্ন করেন, জামায়াতের প্রভাবশালী ছাত্রসংগঠনের সদস্যদের কি বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো সম্ভব। তার ভাষায়, তাদের সঙ্গে কথা বলা এবং সরাসরি যোগাযোগ রাখা গুরুত্বপূর্ণ।

নিরাপত্তাজনিত কারণে নাম প্রকাশ না করা ওই কূটনীতিক জামায়াতের মাধ্যমে শরিয়াহ আইন চাপিয়ে দেওয়ার আশঙ্কা নাকচ করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র প্রয়োজনে চাপ প্রয়োগ করার ক্ষমতা রাখে। তার বক্তব্য অনুযায়ী, তিনি মোটেও বিশ্বাস করেন না যে জামায়াত শরিয়াহ আইন কার্যকর করতে পারবে। তবে তিনি সতর্ক করে বলেন, দলটির নেতারা যদি কোনো উদ্বেগজনক সিদ্ধান্ত নেন, তাহলে যুক্তরাষ্ট্র পরদিনই শতভাগ শুল্ক আরোপের মতো পদক্ষেপ নিতে পারে।

এ বিষয়ে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের মুখপাত্র মনিকা শাই এক বিবৃতিতে ওয়াশিংটন পোস্টকে জানান, ডিসেম্বরের ওই বৈঠকটি ছিল মার্কিন কর্মকর্তাদের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের একটি নিয়মিত ও অনানুষ্ঠানিক আলোচনা। সেখানে বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে কথা হয়েছে। তিনি স্পষ্ট করেন, যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট দলের পক্ষে অবস্থান নেয় না। বাংলাদেশের জনগণ যাদের নির্বাচিত করবে, যুক্তরাষ্ট্র তাদের সঙ্গেই কাজ করবে।

জামায়াতে ইসলামীর যুক্তরাষ্ট্রভিত্তিক মুখপাত্র মোহাম্মদ রহমান এক বিবৃতিতে বলেন, ব্যক্তিগত কোনো কূটনৈতিক বৈঠকে দেওয়া মন্তব্য নিয়ে তারা মন্তব্য করতে চান না।

প্রতিবেদনে বলা হয়েছে, এখনো অপ্রকাশিত এসব মন্তব্য থেকে বোঝা যায়, বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক রূপান্তরের সময়ে দেশটির ভবিষ্যৎ নিয়ে মার্কিন কূটনীতিকরা কীভাবে ভাবছেন। শেখ হাসিনাবিরোধী আন্দোলনের পর নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং নির্বাচনের পথ খুলে যায়। দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতার পর এটিকে একটি সম্ভাব্য গণতান্ত্রিক পরিবর্তনের সূচনা হিসেবে দেখা হচ্ছে।

আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়াবিষয়ক সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যানের মতে, জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই যোগাযোগ ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে নতুন করে চাপে ফেলতে পারে। তিনি বলেন, বহু বছর ধরেই বাংলাদেশে ভারতের সবচেয়ে বড় উদ্বেগের জায়গা জামায়াত। ভারতের দৃষ্টিতে দলটি পাকিস্তানের ঘনিষ্ঠ এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি।

তবে মার্কিন দূতাবাসের মুখপাত্র মনিকা শাই জানিয়েছেন, বাংলাদেশের নির্বাচন ভারত-মার্কিন সম্পর্কে প্রভাব ফেলবে না। ওয়াশিংটনের সঙ্গে ঢাকা ও নয়াদিল্লির সম্পর্ক নিজস্ব গুরুত্বের ভিত্তিতেই পরিচালিত হবে।

প্রতিবেদনের আরেক অংশে বলা হয়েছে, ১৯৭১ সালে স্বাধীনতার পর বাংলাদেশ সামরিক শাসন, একনায়কতন্ত্র এবং আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি শাসনের মধ্য দিয়ে গেছে। একই সঙ্গে চীন ও ভারতের মতো আঞ্চলিক শক্তির সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখাও ছিল বড় চ্যালেঞ্জ। বর্তমানে ভারত-বাংলাদেশ সম্পর্ক তলানিতে রয়েছে। শেখ হাসিনা ছিলেন ভারতের ঘনিষ্ঠ মিত্র এবং ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি সেখানে আশ্রয় নেন। বাংলাদেশের একটি ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিলেও ভারত তাকে ফেরত পাঠায়নি।

ডিসেম্বরের বৈঠকে এক মার্কিন কূটনীতিক শেখ হাসিনার বিচার প্রসঙ্গে বলেন, তাকে দোষী সাব্যস্ত করা রাজনৈতিকভাবে একটি কৌশলী সিদ্ধান্ত ছিল। যদিও ট্রাইব্যুনাল পুরোপুরি নিরপেক্ষ ছিল কি না, সে প্রশ্নও তিনি তুলেছেন।

বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলার ঘটনাও দুই দেশের উত্তেজনা বাড়িয়েছে। এসব ঘটনার জেরে চট্টগ্রামে ভারতের ভিসা কার্যক্রম স্থগিত হয় এবং দিল্লিতে ড. ইউনূসের ছবি পোড়ানোর ঘটনার পর বাংলাদেশও ভিসা কার্যক্রম বন্ধ রাখে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন প্রান্তিক অবস্থায় থাকার পর জামায়াত এখন মূলধারার রাজনীতিতে শক্ত অবস্থানে ফিরছে। জামায়াতের মুখপাত্র মোহাম্মদ রহমান বলেন, তারা দুর্নীতিবিরোধী রাজনীতি, স্বচ্ছতা ও সুশাসনের পক্ষে কাজ করছেন। নারীদের কর্মঘণ্টা কমানো বা শরিয়াহ আইন চালুর কোনো পরিকল্পনা নেই বলেও তিনি দাবি করেন।

নির্বাচনে জামায়াতের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফিরেছেন এবং নির্বাচনে জিতলে তিনিই প্রধানমন্ত্রী হতে পারেন বলে আলোচনা চলছে। সংশ্লিষ্ট সূত্রের মতে, তারেক রহমান মনে করেন জামায়াত ভালো ফল করতে পারে, তবে তিনি তাদের সঙ্গে জোট সরকার গঠনের পক্ষে নন।

২০২৪ সালে শেখ হাসিনার পতনের পর থেকে জামায়াত ওয়াশিংটনে একাধিকবার মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। ঢাকাতেও হয়েছে কয়েকটি বৈঠক। এমনকি সম্প্রতি মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গেও জামায়াতের শীর্ষ নেতার ভার্চ্যুয়াল বৈঠক হয়েছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এসব বৈঠককে নিয়মিত কূটনৈতিক কার্যক্রম হিসেবে দেখছে।

প্রতিবেদন অনুযায়ী, মার্কিন কূটনীতিকরা জামায়াত ছাড়াও হেফাজতে ইসলাম ও ইসলামী আন্দোলনের মতো রক্ষণশীল দলগুলোর সঙ্গেও যোগাযোগ রাখছেন। তাদের যুক্তি, প্রয়োজনের সময় সরাসরি যোগাযোগ রাখার জন্য এই সম্পর্ক জরুরি। তবে একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, জামায়াত যদি ক্ষমতায় এসে নারীদের অধিকার খর্ব করে বা শরিয়াহ আইন চাপিয়ে দেয়, তাহলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাকশিল্প বড় ধাক্কা খাবে। কারণ মার্কিন বাজারের ওপর বাংলাদেশের অর্থনীতি অনেকটাই নির্ভরশীল।

সব মিলিয়ে ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণে উঠে এসেছে, বাংলাদেশের রাজনীতিতে জামায়াতের সম্ভাব্য উত্থান শুধু দেশের অভ্যন্তরীণ রাজনীতিই নয়, বরং আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্কেও নতুন সমীকরণ তৈরি করতে যাচ্ছে।

সূত্রঃ দ্য ওয়াশিংটন পোস্ট

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au