বাংলাদেশ

এএফপিকে তারেক রহমান

নিরঙ্কুশ জয়ের প্রত্যাশা, সামনে বড় চ্যালেঞ্জের কথা বললেন বিএনপি চেয়ারম্যান

  • 5:23 am - February 11, 2026
  • পঠিত হয়েছে:১৩৩ বার
জনসমাবেশে বক্তব্য রাখছেন তারেক রহমান। ছবিঃ আল জাজিরা

মেলবোর্ন, ১১ ফেব্রুয়ারি- চলতি সপ্তাহের জাতীয় নির্বাচনে জয়ী হলে তার সামনে ‘বিশাল’ চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী পদের শীর্ষ প্রার্থী তারেক রহমান। ক্ষমতাচ্যুত আগের সরকারের আমলে লুটপাট ও অব্যবস্থাপনায় ক্ষতিগ্রস্ত দেশকে মেরামতের অঙ্গীকারও ব্যক্ত করেছেন তিনি। মঙ্গলবার ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তারেক রহমান।

তারেক রহমান বলেন, আগামী বৃহস্পতিবারের নির্বাচনে বিএনপি জয়ী হলে তার সরকারের প্রথম অগ্রাধিকার হবে দেশের নিরাপত্তা ব্যবস্থা পুনরুদ্ধার করা। ২০২৪ সালে তরুণদের নেতৃত্বে সংঘটিত অভ্যুত্থানের মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনের অবসান ঘটার পর যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছে, তা থেকে দেশকে বের করে আনা জরুরি বলে তিনি মনে করেন।

তিনি বলেন, দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে হবে, যাতে মানুষ নিরাপদে থাকতে পারে। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়ে বলেন, ১৭ কোটি মানুষের এই দক্ষিণ এশীয় দেশের সামনে কাজগুলো সহজ হবে না এবং চ্যালেঞ্জ হবে অত্যন্ত কঠিন।

ক্ষমতাচ্যুত সরকারের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলে তারেক রহমান বলেন, গত সরকারের সময়ে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে, জ্বালানি খাতও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

নির্বাচনী মাঠে এগিয়ে থাকলেও দেশের সবচেয়ে বড় ইসলামপন্থী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের কাছ থেকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বিএনপি। তবে নিজ কার্যালয়ে বসে এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান নিরঙ্কুশ বিজয়ের ব্যাপারে আত্মবিশ্বাস প্রকাশ করেন। তার কার্যালয়ে ঝুলছে তার প্রয়াত বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সোনালি ফ্রেমে বাঁধানো প্রতিকৃতি।

তারেক রহমান বলেন, তারা জনগণের কাছ থেকে একটি স্পষ্ট ও বড় ম্যান্ডেট পাওয়ার আশা করছেন। তিনি আরও বলেন, সরকার গঠনের জন্য বিএনপির জোটের বাইরে অন্য কোনো জোটের প্রয়োজন হবে না। নিজেদের এককভাবে সরকার গঠনের মতো পর্যাপ্ত আসন পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শেখ হাসিনার শাসনামলে যুক্তরাজ্যে দীর্ঘ ১৭ বছর নির্বাসনে থাকার পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন ৬০ বছর বয়সী তারেক রহমান। দেশে ফেরার কয়েক দিনের মধ্যেই ৮০ বছর বয়সে মারা যান তার মা ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এরপর বিএনপির নেতৃত্বের দায়িত্ব নেন তিনি।

খ্যাতিমান বাবা-মায়ের সঙ্গে নিজের তুলনা টেনে তারেক রহমান বলেন, তারা ছিলেন তারা, আর আমি আমি। তবে তিনি জোর দিয়ে বলেন, তিনিও আজীবন রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন এবং চেষ্টা করবেন তাদের চেয়েও ভালো করার।

নির্বাচিত হলে তার সামনে অন্যতম বড় কাজ হবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক উৎপাদনকারী দেশ বাংলাদেশের অর্থনৈতিক সংকট মোকাবিলা করা। তিনি বলেন, দেশের সামনে গুরুতর অর্থনৈতিক চ্যালেঞ্জ রয়েছে এবং তা সামাল দিতে কার্যকর উদ্যোগ নিতে হবে।

তারেক রহমান বলেন, দেশে বিপুলসংখ্যক মানুষ বেকার। বিশেষ করে তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে নতুন নতুন ব্যবসা ও বিনিয়োগের সুযোগ তৈরি করতে হবে। একই সঙ্গে নারীদের অর্থনৈতিক অবস্থার বিষয়েও তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।

পররাষ্ট্রনীতি প্রসঙ্গে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে সতর্ক মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, তার কাছে জনগণের স্বার্থ ও দেশের স্বার্থই সবার আগে। তবে বাংলাদেশ আশপাশের দেশগুলোর সঙ্গে অন্তত প্রতিবেশীসুলভ সম্পর্ক চায়।

বর্তমানে ৭৮ বছর বয়সী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। গত নভেম্বরে মানবতাবিরোধী অপরাধের মামলায় তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একসময় বাংলাদেশের দ্রুত অর্থনৈতিক অগ্রগতির জন্য প্রশংসিত হলেও তারেক রহমানের ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনার সরকার ভিন্নমত দমন করেছে এবং বড় বড় সরকারি অবকাঠামো প্রকল্পের নামে ব্যাপক লুটপাটে জড়িয়েছে।

তারেক রহমান বলেন, মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে। এতে কয়েকজন মানুষ অস্বাভাবিকভাবে ধনী হয়েছে, কিন্তু দেশের সাধারণ জনগণ কোনো সুফল পায়নি।

তবে রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিরোধিতা করেন বিএনপি চেয়ারম্যান। নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবারের নির্বাচনে শেখ হাসিনার দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। এ প্রসঙ্গে তারেক রহমান বলেন, কেউ যদি অপরাধে জড়িত থাকে, তাহলে অবশ্যই আইনের আওতায় শাস্তি হওয়া উচিত। তবে পুরো একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পথে তিনি সমর্থন করেন না।

সূত্র: এএফপি।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au