বাংলাদেশ

ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরীকে বাবার কাছ থেকে অপহরণের পর হত্যা

  • 3:47 am - February 27, 2026
  • পঠিত হয়েছে:২০৩ বার
ধর্ষণ। প্রতিকী ছবি

মেলবোর্ন, ২৮ ফেব্রুয়ারি- নরসিংদীর সদর উপজেলায় ধর্ষণের বিচার চাওয়াকে কেন্দ্র করে ১৫ বছর বয়সী এক কিশোরীকে বাবার কাছ থেকে অপহরণ করে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মহিষাশুড়া ইউনিয়নের বিলপাড় ও দড়িকান্দী এলাকার মাঝামাঝি একটি শর্ষেখেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত কিশোরী ওই ইউনিয়নের একটি এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত। তার বাবা স্থানীয় একটি টেক্সটাইল কারখানার শ্রমিক। স্ত্রী, এক ছেলে ও মেয়েকে নিয়ে তিনি সেখানে বসবাস করতেন।

পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয়ভাবে বখাটে হিসেবে পরিচিত নূরা নামের এক তরুণের সঙ্গে ওই কিশোরীর কথাবার্তা ছিল। প্রায় ১৫ দিন আগে ভাড়া বাসায় ফেরার পথে নূরার নেতৃত্বে পাঁচ-ছয়জন তরুণ তার মুখ চেপে ধরে তুলে নিয়ে যায়। পরিবারের অভিযোগ, এরপর তাকে ধর্ষণ করা হয়।

ঘটনার বিচার চেয়ে পরিবারটি মহিষাশুড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আহমদুল্লাহর শরণাপন্ন হয়। তবে তারা কোনো বিচার পায়নি বলে অভিযোগ। বরং মীমাংসার নামে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য চাপ দেওয়া হয়।

পরিবারের অভিযোগ, সাবেক ইউপি সদস্যের কাছে বিচার চাওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠে নূরা ও তার সহযোগীরা। পরিস্থিতি খারাপ দেখে বুধবার রাতে কিশোরীকে খালার বাড়িতে রেখে আসতে বের হন তার বাবা। রাত ৮টার দিকে বিলপাড় এলাকায় পৌঁছালে নূরার নেতৃত্বে ছয়জন তরুণ তাদের গতিরোধ করে। পরে তারা বাবার কাছ থেকে কিশোরীকে জোর করে তুলে নিয়ে যায়।

সারারাত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়রা বিলপাড় ও দড়িকান্দীর মাঝামাঝি একটি শর্ষেখেতে কিশোরীর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে মাধবদী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের বড় ভাই বলেন, “মেম্বার সাহেব বলছিলেন মীমাংসা করে দেবেন। পরে এলাকা ছেড়ে চলে যেতে বলেন। আমরা বলেছিলাম, ১ তারিখে চলে যাব। গতকাল রাতে আব্বা তাকে খালার বাড়ি নিয়ে যাচ্ছিলেন। পথে নূরা ও তার লোকজন আমার বোনকে তুলে নিয়ে যায়। সারারাত খুঁজেছি। সকালে শর্ষেখেতে তার লাশ পাই। আমরা মামলা করব। যারা আমার বোনকে নির্যাতন করে হত্যা করেছে, তাদের বিচার চাই।”

ঘটনার পর অভিযুক্ত নূরাসহ তার সহযোগীরা গা ঢাকা দিয়েছে। কিশোরীর মরদেহ উদ্ধারের পর সাবেক ইউপি সদস্য আহমদুল্লাহকেও এলাকায় পাওয়া যাচ্ছে না। তার মোবাইল ফোন বন্ধ থাকায় এ বিষয়ে বক্তব্য পাওয়া যায়নি।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, ধর্ষণের অভিযোগে স্থানীয় এক সাবেক ইউপি সদস্যের কাছে বিচার চাওয়াকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি বলেন, “ধর্ষণের ঘটনায় থানায় অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া যেত। এখন জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, মামলার প্রস্তুতি চলছে এবং তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

এই শাখার আরও খবর

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au