বাংলাদেশ

পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের উপদেষ্টার পদায়ন চান জামায়াতে ইসলামীর আমির

  • 7:19 pm - March 10, 2026
  • পঠিত হয়েছে:১০৫ বার
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান (ছবি: সংগৃহীত)

মেলবোর্ন, ১০ মার্চ-  জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির মো. শফিকুর রহমান তাঁর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নের প্রস্তাব দিয়েছেন। মন্ত্রীর পদমর্যাদায় তাঁকে মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে। বিরোধীদলীয় নেতার মতে, এ ধরনের পদায়নের মাধ্যমে জাতীয় সংসদের বিরোধী দলের পররাষ্ট্রনীতিসংক্রান্ত দৃষ্টিভঙ্গি সরকারের কাছে তুলে ধরা এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা সম্ভব হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। দায়িত্বশীল এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, গত ২২ ফেব্রুয়ারি বিরোধীদলীয় নেতার দপ্তর থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয়। ওই চিঠিতে অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসানকে মন্ত্রীর পদমর্যাদায় মন্ত্রণালয়ে পদায়নের সুপারিশ করা হয়।

চিঠিতে বলা হয়, অধ্যাপক মাহমুদুল হাসান বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। মূলধারার বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তাঁর পেশাগত যোগাযোগ ও কূটনৈতিক দক্ষতার মাধ্যমে তিনি জাতিসংঘ, কমনওয়েলথ, আসিয়ান আঞ্চলিক ফোরাম, ইউরোপীয় ইউনিয়নসহ এশিয়া, আফ্রিকা, ওশেনিয়া, আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক জোরদারে কাজ করেছেন বলে উল্লেখ করা হয়। বিরোধীদলীয় নেতা তাঁর চিঠিতে বলেন, ভূরাজনৈতিক বাস্তবতা এবং দেশের পররাষ্ট্রনীতি সমন্বয়ের স্বার্থে এই পদায়নের বিষয়টি সরকারের বিবেচনায় নেওয়া প্রয়োজন।

প্রস্তাবটি ‘নতুন’ ও ‘অভিনব’ উদ্যোগ হিসেবে উল্লেখ করে বিরোধীদলীয় নেতা মনে করেন, এতে জাতীয় সংসদের বিরোধী দল পররাষ্ট্রনীতি সংক্রান্ত নিজেদের মতামত সরকারকে উপস্থাপন ও পর্যালোচনার সুযোগ পাবে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সম্পর্ক ব্যবস্থাপনায় ভারসাম্য রক্ষায়ও এটি ভূমিকা রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন।

তবে এ ধরনের পদায়ন নিয়ে কূটনৈতিক মহলে ভিন্নমত রয়েছে। সাবেক একাধিক পররাষ্ট্রসচিবসহ পেশাদার কূটনীতিকেরা বলছেন, বাংলাদেশের প্রশাসনিক কাঠামোয় বিরোধী দলের কাউকে সরাসরি কোনো মন্ত্রণালয়ে পদায়নের নজির নেই। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশেও এমন উদাহরণ খুব একটা দেখা যায় না। অনেক দেশে বিরোধী দল ছায়া মন্ত্রিসভার মাধ্যমে নীতিগত সমালোচনা বা বিকল্প প্রস্তাব তুলে ধরে থাকে। আবার প্রতিবেশী ভারত বা পাকিস্তানের মতো দেশে বড় সংকটের সময় সব রাজনৈতিক দল একসঙ্গে কাজ করার নজির থাকলেও মন্ত্রণালয়ের কাঠামোর ভেতরে বিরোধী দলের কাউকে দায়িত্ব দেওয়ার ঘটনা খুবই বিরল।

সাবেক ও বর্তমান কূটনীতিকদের মতে, পররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রের অত্যন্ত সংবেদনশীল একটি প্রতিষ্ঠান। বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যোগাযোগ ও আলোচনার ক্ষেত্রে দেশের স্বার্থ, সরকারের অগ্রাধিকার এবং ক্ষমতাসীন দলের নীতিগত অবস্থান বিবেচনায় নিয়ে কাজ করতে হয়। এমন পরিস্থিতিতে বিরোধী দলের কাউকে মন্ত্রণালয়ের কাঠামোর ভেতরে যুক্ত করা হলে প্রশাসনিক সমন্বয় ও নীতিগত অবস্থান নিয়ে জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা থাকতে পারে।

এদিকে চিঠি পাঠানোর বিষয়টি নিয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও ব্যাখ্যা দেওয়া হয়েছে। দলটির আমির শফিকুর রহমানের একান্ত সচিব মো. নজরুল ইসলাম জানান, অধ্যাপক মাহমুদুল হাসান চিঠির বিষয়টি আগে আমিরকে অবহিত করেছিলেন এবং তিনি মৌখিকভাবে সম্মতিও দিয়েছিলেন। তবে মন্ত্রীর পদমর্যাদা দেওয়ার বিষয়টিতে আমিরের সম্মতি ছিল না। বিষয়টি পরে জানতে পেরে শফিকুর রহমান মাহমুদুল হাসানের সঙ্গে কথা বলেন।

নজরুল ইসলাম আরও জানান, পরবর্তীতে অধ্যাপক মাহমুদুল হাসানকে ওই দায়িত্ব থেকে সরিয়ে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেমকে বিরোধীদলীয় নেতার নতুন পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র সচিবকেও অবহিত করা হয়েছে বলে তিনি জানান।

এ বিষয়ে সাবেক কূটনীতিক এবং গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট এম হুমায়ূন কবীর বলেন, রাষ্ট্র পরিচালনা সরকারের দায়িত্ব এবং পররাষ্ট্রনীতি পরিচালনাও সরকারের মাধ্যমেই হয়ে থাকে। বিরোধী দল পররাষ্ট্রনীতি নিয়ে মতামত বা প্রস্তাব দিতে চাইলে সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে তা করতে পারে। তবে সরকারি কাঠামোর ভেতরে বিরোধী দলের কাউকে পদায়ন করা হলে প্রশাসনিক কাজের মধ্যে বাড়তি জটিলতা বা বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে। তাঁর মতে, এ ধরনের পদায়নের কোনো সুস্পষ্ট নজির বাংলাদেশে আগে দেখা যায়নি।

এই শাখার আরও খবর

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au