বাংলাদেশ

স্বাধীনতার ৫৪ বছরেও অবহেলায় অস্তিত্ব সংকটে গাইবান্ধার বধ্যভূমি

  • 6:46 pm - March 25, 2026
  • পঠিত হয়েছে:১৪৪ বার
গাইবান্ধার বধ্যভূমি। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৫ মার্চ- স্বাধীনতার অর্ধশতাব্দীরও বেশি সময় পেরিয়ে গেলেও গাইবান্ধার বধ্যভূমিগুলো এখনো অবহেলা, দখলদারিত্ব ও সংরক্ষণের অভাবে অস্তিত্ব সংকটে রয়েছে। একসময় মুক্তিযুদ্ধের নির্মমতা ও শহীদের রক্তে ভেজা এসব স্থান আজ অনেক ক্ষেত্রে হারিয়ে যাচ্ছে নীরবে।

জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি সূত্রে জানা গেছে, গাইবান্ধায় চিহ্নিত ৪৩টি বধ্যভূমি ও গণকবরের মধ্যে অন্তত ২৫টির অবস্থা অত্যন্ত নাজুক। কোথাও আবর্জনার স্তূপ, কোথাও প্রভাবশালীদের দখল, আবার কোথাও কৃষিকাজ চলছে। ইতিহাসের গুরুত্বপূর্ণ এই নিদর্শনগুলো যেন ধীরে ধীরে মুছে যাওয়ার পথে।

স্বাধীনতার পর থেকে বধ্যভূমি সংরক্ষণে বিভিন্ন সময় উদ্যোগ নেওয়া হলেও বাস্তবায়নের অভাবে সেগুলোর দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে অভিযোগ রয়েছে। প্রতি বছর দিবসকেন্দ্রিক কর্মসূচি, সমাবেশ, মিছিল কিংবা মোমবাতি প্রজ্বলনের আয়োজন হলেও বধ্যভূমি উদ্ধার ও সংরক্ষণে কার্যকর পদক্ষেপের অভাবই প্রকট হয়ে উঠেছে।

২০১৪ সালে উচ্চ আদালত সারা দেশের বধ্যভূমি সংরক্ষণের নির্দেশ দিলেও মাঠপর্যায়ে তার বাস্তবায়ন হয়নি বলে স্থানীয়দের দাবি। গাইবান্ধা জেলা শহরের স্টেডিয়ামসংলগ্ন বধ্যভূমি তারই একটি উদাহরণ। একাত্তরে যেখানে নির্যাতন ও হত্যাযজ্ঞ চালিয়ে মানুষকে মাটিচাপা দেওয়া হতো, সেই স্থান এখন আগাছায় ভরা, সেখানে কোনো স্মৃতিস্তম্ভ নেই, বরং চলছে চাষাবাদ।

এমনকি এই ঐতিহাসিক স্থানে একটি আইটি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের পরিকল্পনাও নেওয়া হয়েছিল বলে জানা গেছে। বিষয়টি নিয়ে বধ্যভূমি সংরক্ষণ কমিটি, স্থানীয় মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন আপত্তি জানালে তা আদালতে গড়ায় এবং বর্তমানে সংশ্লিষ্ট কার্যক্রম স্থগিত রয়েছে।

একই ধরনের চিত্র দেখা গেছে সদর উপজেলার কামারজানি এলাকায়। একসময় যেখানে আর্মি ক্যাম্প ও বধ্যভূমি ছিল, বর্তমানে সেখানে কাঠ চেরাইয়ের ব্যবসা চলছে। স্থানীয়দের মতে, এটি শুধু দখল নয়, শহীদদের স্মৃতির প্রতি চরম অবমাননা।

পলাশবাড়ীর পশ্চিম রামচন্দ্রপুর বধ্যভূমির অবস্থাও শোচনীয়। সেখানে একটি স্মৃতিস্তম্ভ থাকলেও তা অরক্ষিত এবং ভাঙচুরের শিকার। পুরো এলাকা ময়লা-আবর্জনায় ভরা, এমনকি গবাদিপশু রাখার স্থান হিসেবেও ব্যবহৃত হচ্ছে। দীর্ঘদিন ধরে কোনো সরকারি রক্ষণাবেক্ষণ বা কর্মসূচির উদ্যোগ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

গবেষক ও সচেতন মহলের মতে, বধ্যভূমি শুধু একটি ভৌগোলিক স্থান নয়, এগুলো জাতির ইতিহাস, ত্যাগ ও বেদনার নীরব সাক্ষী। এসব সংরক্ষণে ব্যর্থতা ভবিষ্যৎ প্রজন্মকে সত্য ইতিহাস থেকে বঞ্চিত করবে। শহীদ পরিবারের সদস্যরাও এই অবহেলায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন।

গাইবান্ধা বধ্যভূমি সংরক্ষণ কমিটির সদস্য সচিব মোস্তফা মনিরুজ্জামান জানান, ২০২২ সালে গণপূর্ত বিভাগ বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেয়। তবে পরবর্তীতে একটি মহল জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করলে আইনি জটিলতায় প্রকল্পটি স্থগিত হয়ে যায়। বর্তমানে বিষয়টি আপিল পর্যায়ে রয়েছে।

তিনি দ্রুত বেদখল হওয়া বধ্যভূমি উদ্ধার, সংরক্ষণ এবং জেলার সবগুলো বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানান।

এদিকে বধ্যভূমি সংরক্ষণের দাবিতে আজ সন্ধ্যায় পৌরপার্কের স্মৃতিস্তম্ভ থেকে আলোর মিছিল নিয়ে জেলা স্টেডিয়ামসংলগ্ন বধ্যভূমির দিকে যাবে সংরক্ষণ কমিটি। পাশাপাশি বিকেলে পৌরপার্কের শহীদ মিনারে আলোচনা সভা, গান-কবিতা এবং আলোর মিছিলের আয়োজন করেছে স্থানীয় প্রগতিশীল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো।

সংশ্লিষ্টদের মতে, এখনই কার্যকর উদ্যোগ না নেওয়া হলে গাইবান্ধার এসব বধ্যভূমি একসময় পুরোপুরি বিলীন হয়ে যাবে এবং ইতিহাসের এই গুরুত্বপূর্ণ অধ্যায় হারিয়ে যাবে চিরতরে।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au