দেশের স্বার্থে যোগ্য খেলোয়াড়দের বঞ্চিত করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, স্বজনপ্রীতি বা সিন্ডিকেটের প্রমাণ মিললে ব্যবস্থা নেবে সরকার।
আজ বুধবার (১৯ মার্চ) দুপুরে রাজধানীর নগর ভবনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে ফাহামিদুল ইসলামের বাদ পড়া নিয়ে বৈঠকের পর এমন মন্তব্য করেন আসিফ মাহমুদ।
আলোচনায় আলোচিত সিন্ডিকেট ইস্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আনিত অভিযোগ এবং ফাহামিদুলের বাদ পড়া প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘দেশের স্বার্থেই যোগ্য খেলোয়াড়দের বঞ্চিত করার কোনো সুযোগ নেই। প্লেয়ার সিলেকশনে যেন স্বজনপ্রীতি বা সিন্ডিকেটের শিকার কেউ না হোন সে বিষয়ে বাফুফেকে সজাগ দৃষ্টি রাখতে হবে, এ বিষয়ে দুর্নীতির প্রমাণ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।’
এদিকে, অভিযোগ নিয়ে বাফুফে সভাপতি বলেন, ‘ফুটবল ফেডারেশনে সিন্ডিকেট করার কোনো সুযোগ নেই। যোগ্যতা অনুযায়ী সবাই যার যার জায়গা করে নিবে, এমন কোনো কিছুর আভাস মিললে ব্যবস্থা নেবে ফেডারেশন।’
তাবিথ আউয়াল আরও বলেন, ‘এই সংকট কোনো সংকট নয়, ফাহমিদুলকে আমরা বাদ দিয়ে দেইনি। ও প্রতিভাবান তবে ওকে আমরা আরও সময় দিতে চেয়েছি। আগামী জুনেই ঘরের মাঠে বাংলাদেশের ম্যাচ রয়েছে, খুব শিগগিরই হয়তো তাকে আমরা মাঠে দেখতে পারি। সমর্থকদের এতটুকু বলবো, হতাশ হওয়ার কিছু নেই।