অস্ট্রেলিয়া

সন্দেহজনক লাগেজে থমকে গেল বিমান চলাচল, চার ঘণ্টা পর স্বাভাবিক অবস্থা

  • 7:25 pm - May 21, 2026
  • পঠিত হয়েছে:২১১ বার
সন্দেহজনক লাগেজে থমকে গেল বিমান চলাচল, চার ঘণ্টা পর স্বাভাবিক অবস্থা। ছবিঃ এবিসি নিউজ

মেলবোর্ন, ২১ মে- অস্ট্রেলিয়ার মেলবোর্নের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত অ্যাভালন বিমানবন্দর নিরাপত্তা তল্লাশির সময় সন্দেহজনক একটি বস্তু শনাক্ত হওয়ার পর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। পরে কয়েক ঘণ্টা তদন্ত শেষে বিমানবন্দরটি পুনরায় চালু করা হয়েছে।

ঘটনার পর দেশীয় টার্মিনাল খালি করে দেওয়া হয় এবং নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় ভিক্টোরিয়া পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে ডাকা হয়। পরে পুলিশ জানায়, সন্দেহজনক বস্তুটি আসলে একটি লেজার হেয়ার রিমুভাল ডিভাইস এবং একটি হট চকলেটের কনটেইনার ছিল।

বুধবার সকাল ছয়টার দিকে নিরাপত্তা তল্লাশির সময় এক যাত্রীর লাগেজে থাকা বস্তুগুলো নিয়ে সন্দেহ তৈরি হয়। এরপরই বিমানবন্দরের দেশীয় টার্মিনাল থেকে যাত্রীদের দ্রুত সরিয়ে নেওয়া হয়। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ।

পরিস্থিতি যাচাই করতে বিশেষ রোবট ব্যবহার করে তদন্ত চালানো হয়। এতে বিমানবন্দরের কার্যক্রম প্রায় চার ঘণ্টা বন্ধ থাকে। সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, জরুরি পরিস্থিতির অবসান হয়েছে এবং টার্মিনাল পুনরায় চালু করা হয়েছে।

বিমানবন্দরের এক মুখপাত্র বলেন, “মেলবোর্ন অ্যাভালন বিমানবন্দরের দেশীয় টার্মিনাল এখন পুনরায় চালু হয়েছে এবং স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। ভিক্টোরিয়া পুলিশ নিশ্চিত করেছে যে বস্তুটি আর কোনো ঝুঁকির কারণ নয়।”

ঘটনার পর পুলিশ এক যাত্রীকে আটক করলেও পরে তাকে কোনো অভিযোগ ছাড়াই মুক্তি দেওয়া হয়। আটক হওয়া ওই ব্যক্তি নিজের পরিচয় ‘স্যাম’ নামে প্রকাশ করেন। তিনি দাবি করেন, তার ব্যাগে থাকা হট চকলেটের কনটেইনারকে প্রথমে বিস্ফোরক হিসেবে সন্দেহ করা হয়েছিল।

স্যাম বলেন, “তারা ভেবেছিল এটি সি-ফোর ধরনের সামরিক বিস্ফোরক। এজন্য আমাকে চার ঘণ্টা পুলিশের গাড়িতে বসিয়ে রাখা হয়।”

তিনি আরও বলেন, “পরে তারা বুঝতে পারে এটি বোমা নয়। এরপর আবার সন্দেহ করা হয়, এটি অবৈধ মাদক কি না। সবকিছু পরীক্ষা করতে গিয়েই এত সময় লেগেছে।”

তবে পুলিশের অভিযোগ, ওই ব্যক্তি শুরুতে তদন্তে যথেষ্ট সহযোগিতা করেননি। ভিক্টোরিয়া পুলিশের ভারপ্রাপ্ত পরিদর্শক নিক উয়েবারগ্যাং বলেন, “ব্যাগটির মালিক শুরুতে খুব একটা সহযোগিতা করছিলেন না। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে যায়।”

তার ভাষায়, “তিনি যদি শুরু থেকেই পরিষ্কারভাবে তথ্য দিতেন, তাহলে হয়তো এত দীর্ঘ সময় লাগত না।”

যদিও স্যাম এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, তিনি পুরো সময় ভদ্র আচরণ করেছেন এবং কোনো অপমানজনক কথা বলেননি। বরং এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তার সঙ্গে খারাপ আচরণের অভিযোগ তোলেন তিনি।

স্যাম বলেন, “এটি আমার জন্য ভালো অভিজ্ঞতা ছিল না। তবে আমি বিমানবন্দরের নিরাপত্তাকর্মীদের দোষ দিচ্ছি না। নিরাপত্তার জন্য সতর্ক থাকা ভালো।”

ঘটনার কারণে বিমানবন্দরে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়। অনেক যাত্রীকে গাড়ি পার্কিং এলাকায় অপেক্ষা করতে হয়। ব্রিসবেনগামী একটি ফ্লাইট বিলম্বিত হয় এবং সিডনিগামী একটি ফ্লাইট বাতিল করা হয়। এছাড়া সিডনি থেকে আসা একটি বিকেলের ফ্লাইটও বাতিল করা হয়। আরও কয়েকটি ফ্লাইট বিলম্বে পরিচালিত হয়।

যাত্রী লিসা জানান, সকাল সাতটার দিকে বিমানবন্দরে পৌঁছানোর পর দেখেন প্রবেশপথ বন্ধ। তিনি বলেন, “কেউ বুঝতে পারছিল না কী ঘটছে। তবে এত পুলিশ ও জরুরি গাড়ি দেখে বোঝা যাচ্ছিল বড় কিছু ঘটেছে।”

আরেক যাত্রী হ্যারি ব্রুক জানান, তিনি একটি শেষকৃত্যে যোগ দিতে ব্রিসবেন যাচ্ছিলেন। কিন্তু বিমানবন্দরের এই পরিস্থিতির কারণে আটকে পড়েন। তিনি বলেন, “বিষয়টি বিরক্তিকর, তবে নিরাপত্তার বিষয় হলে সেটি মেনে নিতেই হয়।”

ব্রিসবেনগামী আরেক যাত্রী লিনা ইয়াও বলেন, তাদের ফ্লাইট নতুন সময়সূচিতে নির্ধারণ করা হয়েছে। যদিও এতে ভ্রমণ পরিকল্পনা বদলে গেছে, তবুও নিরাপত্তার স্বার্থে এমন সিদ্ধান্তকে তিনি সমর্থন করেন।

এদিকে ভিক্টোরিয়া পুলিশ বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করেছে। পুলিশের দাবি, নিরাপত্তা ব্যবস্থাই যথাযথভাবে সন্দেহজনক বস্তু শনাক্ত করতে সক্ষম হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষও জানিয়েছে, যাত্রী, কর্মী এবং সাধারণ মানুষের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

অস্ট্রেলিয়ান অ্যান্ড ইন্টারন্যাশনাল পাইলটস অ্যাসোসিয়েশনের নিরাপত্তা ও কারিগরি পরিচালক স্টিভ কর্নেল বলেন, “অপ্রত্যাশিত বিলম্ব যাত্রীদের জন্য অবশ্যই বিরক্তিকর। কিন্তু নিরাপত্তা সবসময় সবার আগে।”

তিনি বলেন, “কোনো সন্দেহজনক বস্তু পাওয়া গেলে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম বন্ধ রাখা জরুরি। এই ধরনের সতর্কতাই বিমান ভ্রমণকে বিশ্বের সবচেয়ে নিরাপদ পরিবহন ব্যবস্থাগুলোর একটি করে তুলেছে।”

এই শাখার আরও খবর

সরকার চায় ঐক্য, একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলতে চায় সরকার। তবে সরকার যখন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন একটি মহল দেশে বিভ্রান্তি ছড়ানোর…

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী পদ থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে…

মসজিদে বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে অবমাননাকর মন্তব্য খতিবের, নিরব প্রশাসন

ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ এলাকার টানপাড়ার জামতলা জামে মসজিদে জুমার বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস ও প্রসাদ নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে মসজিদটির অস্থায়ী খতিব…

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

ফ্রান্সজুড়ে চলছে দাঙ্গা-লুটপাট, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানী প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৩২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের স্থানীয় বিভিন্ন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au