বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
মেলবোর্ন, ২৭ মে- ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন হামলার পর আন্তর্জাতিক জ্বালানি বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। একদিনের ব্যবধানে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে, যা নিয়ে নতুন…
মেলবোর্ন, ২৭ মে- প্রায় তিন মাসের কঠোর বিধিনিষেধের পর আন্তর্জাতিক ইন্টারনেট সংযোগ পুনরায় চালুর নির্দেশ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। দীর্ঘ ৮৭ দিন বৈশ্বিক ইন্টারনেট থেকে কার্যত বিচ্ছিন্ন থাকার পর এই সিদ্ধান্ত দেশটির সাধারণ মানুষের জন্য বড় স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে।
এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের যোগাযোগ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের এক কর্মকর্তার বরাতে প্রেসিডেন্টের এই নির্দেশনার তথ্য জানা গেছে। তবে আন্তর্জাতিক ইন্টারনেট পুরোপুরি কবে থেকে চালু হবে এবং কীভাবে ধাপে ধাপে সংযোগ পুনর্বহাল করা হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত ঘোষণা দেওয়া হয়নি।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনা এবং নিরাপত্তা পরিস্থিতিকে কেন্দ্র করে ইরানে দীর্ঘ সময় আন্তর্জাতিক ইন্টারনেট ব্যবহারে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল। ফলে দেশটির অধিকাংশ মানুষ বৈশ্বিক যোগাযোগ, সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন আন্তর্জাতিক ওয়েবসাইট ব্যবহারের সুযোগ থেকে বঞ্চিত ছিলেন।
ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস জানিয়েছে, গত ৮৭ দিন ধরে ইরানের বেশিরভাগ নাগরিক আন্তর্জাতিক ইন্টারনেট ব্যবহার করতে পারেননি। কেবল সীমিতসংখ্যক মানুষ ব্যয়বহুল ও উন্নত ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএনের মাধ্যমে আংশিক সংযোগ ব্যবহার করতে সক্ষম হন।
প্রথমে গত ৮ জানুয়ারি সরকারবিরোধী বিক্ষোভের পর নিরাপত্তার কারণ দেখিয়ে ইন্টারনেট সংযোগ সীমিত করা হয়। পরে ফেব্রুয়ারিতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর আবারও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়।
ইরানে সাধারণ সময়েও আন্তর্জাতিক ইন্টারনেট ব্যবহারে ব্যাপক সেন্সরশিপ রয়েছে। দেশটিতে অনেক বিদেশি ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম ও তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম সীমিত বা নিষিদ্ধ। একই সঙ্গে সরকার ধীরে ধীরে স্থানীয় বা অভ্যন্তরীণ নেটওয়ার্কভিত্তিক ডিজিটাল সেবার ওপর নির্ভরতা বাড়ানোর নীতি অনুসরণ করছে।
বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনলাইন ক্লাস, প্রশাসনিক কাজ এবং ডিজিটাল যোগাযোগে দেশীয় ইন্টারনেটভিত্তিক নেটওয়ার্ক ব্যবহারের প্রবণতা বেড়েছে।
বিশ্লেষকদের মতে, দীর্ঘমেয়াদি ইন্টারনেট নিষেধাজ্ঞা ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বড় ধরনের চাপ তৈরি করেছিল। ফলে অভ্যন্তরীণ চাপ ও আন্তর্জাতিক সমালোচনার মুখে তেহরান শেষ পর্যন্ত আন্তর্জাতিক ইন্টারনেট সংযোগ পুনরায় চালুর পথে হাঁটতে বাধ্য হয়েছে।
সুত্রঃ রয়টার্স
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au