মেলবোর্ন, ১৬ জুন- তিনটি পৃথক মামলায় জামিন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় লোকসংগীতশিল্পী মমতাজ বেগম। তবে আরও তিনটি মামলায় জামিন সংক্রান্ত রুল বিচারাধীন থাকায় তিনি এখনই কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
সোমবার হাইকোর্টের বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি এবিএম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই জামিন আদেশ দেন। মামলাগুলো জুলাই আন্দোলনের সময় রাজধানীর মিরপুর এলাকায় মো. সাগর হত্যাসহ বিভিন্ন ঘটনায় দায়ের করা হয়েছিল।
আদালতে মমতাজ বেগমের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহের হোসেন সাজু ও ব্যারিস্টার সারা হোসেন। শুনানিতে আরও উপস্থিত ছিলেন আইনজীবী মোসাম্মৎ খাইরুন নেসা। সংশ্লিষ্ট আদালত আগামী বৃহস্পতিবার বাকি তিনটি মামলার জামিন শুনানির দিন ধার্য করেছে।
আইনজীবীদের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১২ মে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে ১৭ মে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
মমতাজ বেগম দীর্ঘদিন ধরে মানিকগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং লোকসংগীতশিল্পী হিসেবে দেশে ব্যাপক পরিচিতি অর্জন করেন।
তবে তিনটি মামলায় জামিন পেলেও সব মামলার আইনি প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় তার মুক্তি এখনই সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন আইনজীবীরা।