মেলবোর্ন, ২১ জুন- যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বরিশালের উজিরপুর উপজেলার বাসিন্দা ও প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী কবির হোসেন মৃধা (৫৫)। ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় বেপরোয়া গতির একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ মর্মান্তিক ঘটনায় স্বজনদের পাশাপাশি নিজ গ্রামেও নেমে এসেছে শোকের ছায়া।
নিহত কবির হোসেন মৃধা বরিশালের উজিরপুর উপজেলার দক্ষিণ মোড়াকাঠী গ্রামের বাসিন্দা। তিনি মৃত মেছের উদ্দিন মৃধার কনিষ্ঠ ছেলে ছিলেন। পরিবারের পাঁচ মেয়ে ও চার ছেলের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১৫ বছর আগে ডিভি লটারির মাধ্যমে যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ পান কবির হোসেন মৃধা। এরপর তিনি ফ্লোরিডায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং সেখানে নিজস্ব ব্যবসা গড়ে তোলেন। তার স্ত্রী রুমা আক্তার ও একমাত্র ছেলেও বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।
নিহতের স্বজন হেমায়েত হাওলাদার জানান, ২০ জুন স্থানীয় সময় সকালে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে ছিলেন কবির হোসেন। এ সময় দ্রুতগতিতে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। দুর্ঘটনার আঘাত এতটাই গুরুতর ছিল যে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের মধ্যেও শোকের আবহ তৈরি হয়। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, কবির হোসেন মৃধার মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে তার নিজ গ্রাম দক্ষিণ মোড়াকাঠীতে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে।
তার আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন এবং এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। গ্রামের অনেকেই তাকে পরিশ্রমী, বিনয়ী ও সফল প্রবাসী হিসেবে স্মরণ করছেন। দীর্ঘদিন বিদেশে থাকলেও তিনি নিয়মিত গ্রামের মানুষের খোঁজখবর নিতেন এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সহযোগিতা করতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।