অস্ট্রেলিয়ার ইতিহাসে সর্ববৃহৎ কোকেন জব্দ,গোপন বাঙ্কার থেকে উদ্ধার ৮১৬ মিলিয়ন ডলারের মাদক
মেলবোর্ন, ২২ জুন- অস্ট্রেলিয়ার ইতিহাসে সবচেয়ে বড় কোকেন জব্দের ঘটনা ঘটেছে। দেশটির ফেডারেল পুলিশ সিডনির পশ্চিমাঞ্চল থেকে প্রায় ২ দশমিক ৭ টন কোকেন উদ্ধার করেছে,…
মেলবোর্ন, ২২ জুন- প্রায় ৫০ বছর পর প্রথমবারের মতো বিদেশি নাগরিকদের জন্য ভিসা ফি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করেছে জাপান সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ জুলাই থেকে দেশটিতে প্রবেশের জন্য ভিসা নিতে আগের তুলনায় কয়েক গুণ বেশি অর্থ ব্যয় করতে হবে। মুদ্রাস্ফীতি, বিনিময় হার পরিবর্তন এবং প্রশাসনিক ব্যয় বৃদ্ধির কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জাপান সরকার।
নতুন নিয়ম অনুযায়ী, একবার প্রবেশের (সিঙ্গেল এন্ট্রি) ভিসার ফি তিন হাজার ইয়েন থেকে বাড়িয়ে ১৫ হাজার ইয়েন নির্ধারণ করা হয়েছে, যা আগের তুলনায় পাঁচ গুণ বেশি। একইভাবে বহুবার প্রবেশের (মাল্টিপল এন্ট্রি) ভিসার ফি ছয় হাজার ইয়েন থেকে বাড়িয়ে ৩০ হাজার ইয়েন করা হয়েছে।
জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন পর ভিসা ফি পুনর্মূল্যায়ন করা হয়েছে। বৈশ্বিক অর্থনৈতিক পরিবর্তন, মূল্যস্ফীতি এবং ইয়েনের বিনিময় মূল্যের ওঠানামার কারণে এই পদক্ষেপ প্রয়োজন হয়ে পড়েছে। তবে সরকারের বিশ্বাস, ভিসা ফি বৃদ্ধি সত্ত্বেও বিদেশি পর্যটকদের আগ্রহে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না।
বিশ্লেষকদের মতে, করোনা মহামারির পর আন্তর্জাতিক ভ্রমণ স্বাভাবিক হয়ে আসা এবং জাপানি মুদ্রা ইয়েনের দুর্বলতার কারণে দেশটিতে পর্যটকের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে। গত বছর রেকর্ড চার কোটি ২৭ লাখ বিদেশি পর্যটক জাপান সফর করেছেন, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ।
শুধু ভিসা ফি নয়, বিদেশিদের জন্য আরও কয়েকটি অভিবাসন ও আবাসনসংক্রান্ত খরচও বাড়ানো হয়েছে। নতুন বিধান অনুযায়ী, স্থায়ী বসবাসের অনুমতির আবেদন ফি সর্বোচ্চ ১০ হাজার ইয়েন থেকে বাড়িয়ে তিন লাখ ইয়েন পর্যন্ত নির্ধারণ করা যাবে। এছাড়া বসবাসের মর্যাদা পরিবর্তন বা অবস্থানের মেয়াদ বাড়ানোর আবেদনেও সর্বোচ্চ এক লাখ ইয়েন পর্যন্ত ফি দিতে হতে পারে।
জাপান সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির ভিসা ও আবাসন-সংক্রান্ত ফি উন্নত অর্থনীতির অন্যান্য দেশের মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা মনে করছেন, অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে প্রশাসনিক কাঠামো আধুনিক করাও জরুরি হয়ে উঠেছে।
উল্লেখ্য, ২০২১ সাল থেকে জাপানি মুদ্রা ইয়েন ধারাবাহিকভাবে দুর্বল হয়ে পড়ছে। বর্তমানে এর মূল্য প্রায় চার দশকের মধ্যে সর্বনিম্ন অবস্থানের কাছাকাছি রয়েছে। অর্থনৈতিক এই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার বিভিন্ন খাতে নতুন নীতিমালা গ্রহণ করছে, যার অংশ হিসেবেই ভিসা ফি বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au