বাংলাদেশ

তিস্তাসহ নদী ব্যবস্থাপনায় সহযোগিতা জোরদারে ঢাকা-বেইজিংয়ের ঐকমত্য

  • 6:58 pm - June 25, 2026
  • পঠিত হয়েছে:১৭৬ বার
বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন চীনের পানিসম্পদমন্ত্রী লি গোয়োইং। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৫ জুন- বাংলাদেশের তিস্তাসহ বিভিন্ন নদীর ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ, নদীভাঙন প্রতিরোধ এবং পানিসম্পদ উন্নয়নে সহযোগিতা আরও সম্প্রসারণে একমত হয়েছে বাংলাদেশ ও চীন। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে কারিগরি সহযোগিতা, গবেষণা এবং দক্ষতা উন্নয়ন কার্যক্রম জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।

চীনের রাজধানী বেইজিংয়ে রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির পানিসম্পদমন্ত্রী লি গোয়োইংয়ের বৈঠকে এসব বিষয়ে ঐকমত্যে পৌঁছানো হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের নদীনির্ভর অর্থনীতি, বন্যা ব্যবস্থাপনা এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় চলমান বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, বন্যার ঝুঁকি হ্রাস, পরিবেশ সংরক্ষণ এবং পানিসম্পদের কার্যকর ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ সরকার বিভিন্ন নদী পুনঃখনন ও উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

প্রধানমন্ত্রী বিশেষভাবে তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্পের কথা উল্লেখ করে এ প্রকল্পে চীনের কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ নদীর উন্নয়ন, পানি প্রবাহ ব্যবস্থাপনা এবং টেকসই নদী শাসনে চীনের অভিজ্ঞতা কাজে লাগানোর আগ্রহের কথাও জানান।

জবাবে চীনের পানিসম্পদমন্ত্রী লি গোয়োইং বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, পানিসম্পদ ব্যবস্থাপনা খাতে বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে এবং ভবিষ্যতেও তা আরও শক্তিশালী হবে।

তিনি স্মরণ করিয়ে দেন, ২০০৫ সালে দুই দেশের মধ্যে পানিসম্পদ খাতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। পাশাপাশি গত বছর চীনের বিশেষজ্ঞদের বাংলাদেশ সফরও দুই দেশের সহযোগিতাকে আরও এগিয়ে নিতে ভূমিকা রেখেছে।

লি গোয়োইং বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে পানিসম্পদ ব্যবস্থাপনা সংক্রান্ত সহযোগিতা বাস্তবভিত্তিক এবং গবেষণানির্ভর। এ ধরনের অংশীদারত্ব দুই দেশের জন্যই ইতিবাচক ফল বয়ে আনবে।

বৈঠকে প্রধানমন্ত্রী নদীভাঙন রোধ, কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য আধুনিক সেচব্যবস্থা সম্প্রসারণ এবং নৌপথে যোগাযোগ ও বাণিজ্য সহজ করতে নৌ-নেভিগেশন উন্নয়নে চীনের সহযোগিতা প্রত্যাশা করেন।

চীনের পানিসম্পদমন্ত্রী বলেন, বৃহৎ নদী ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ এবং পানি সম্পদের টেকসই ব্যবহারে চীনের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশ চাইলে এসব অভিজ্ঞতা কাজে লাগাতে পারে। তিনি বাংলাদেশের পানিবিশেষজ্ঞ, প্রকৌশলী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের চীনে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান, যাতে তারা আধুনিক প্রযুক্তি ও ব্যবস্থাপনা সম্পর্কে আরও দক্ষতা অর্জন করতে পারেন।

বৈঠকের শেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে চীনের পানিসম্পদমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে একটি বই তুলে দেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পসহ নদীকেন্দ্রিক বিভিন্ন উন্নয়ন উদ্যোগে চীনের সহযোগিতা বৃদ্ধি পেলে বাংলাদেশের বন্যা নিয়ন্ত্রণ, নদীভাঙন প্রতিরোধ, সেচব্যবস্থা আধুনিকীকরণ এবং নৌপথ উন্নয়নের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে।

এই শাখার আরও খবর

বেন ক্যারলকে ‘ভীতু’ বলল লিবারেল, উইলসনকে কটাক্ষ ওয়ান নেশনের

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের আসন্ন নির্বাচন সামনে রেখে নেতাদের টেলিভিশন বিতর্কে অংশগ্রহণ নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ তীব্র হয়েছে। ওয়ান নেশন পার্টির নেতাকে বিতর্কে রাখার…

সিডনিতে বাড়িতে আগুন, ৮৮ বছর বয়সী নারীকে উদ্ধার প্রতিবেশীর, মুখোশধারী ব্যক্তিকে খুঁজছে পুলিশ

অস্ট্রেলিয়ার সিডনিতে সন্দেহজনক অগ্নিকাণ্ডের ঘটনায় দ্বিতীয় তলার বারান্দায় আটকে পড়া ৮৮ বছর বয়সী এক নারীকে পুলিশ ও এক প্রতিবেশী মিলে উদ্ধার করেছেন। আগুন লাগানোর ঘটনায়…

‘নিম্ন আয়ের মানুষের জন্য খেয়ে-পড়ে বেঁচে থাকা কঠিন হয়ে দাঁড়িয়েছে’

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। কয়েকটি সবজি ছাড়া অধিকাংশ সবজিই কেজিপ্রতি ৮০ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে। তবে গত সপ্তাহের তুলনায়…

নতুন ভূমিকায় সানিয়া মির্জা, লড়ছেন নির্বাচনে

টেনিস কোর্টে একাধিক সাফল্যের পর এবার ক্রীড়া প্রশাসনে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ভারতের সাবেক টেনিস তারকা সানিয়া মির্জা। সর্বভারতীয় টেনিস সংস্থার বিশেষ ক্রীড়াব্যক্তিত্ব প্রতিনিধি…

ফেসবুকে ঘোষণার ৮ দিন পর গাইবান্ধায় শহীদ মিনার ভাঙচুর

গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রাঙ্গণে শহীদ মিনারের একটি অংশ হাতুড়ি দিয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির প্রশিক্ষক মোহাম্মদ আহসান হাবীবের বিরুদ্ধে। সোমবার (২৬ অক্টোবর) সকাল ৭টার…

সামাজিক মাধ্যমে হয়রানি, আইনি পদক্ষেপ নিলেন বিজয়-রাশমিকা

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত জীবন নিয়ে গুজব, মিথ্যা তথ্য ও হয়রানির অভিযোগে আইনি পদক্ষেপ নিয়েছেন।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au