বাংলাদেশ

সি চিন পিং-তারেক বৈঠক

বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার

  • 6:26 pm - June 26, 2026
  • পঠিত হয়েছে:২৩ বার
বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৬ জুন- বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন এবং কৌশলগত অংশীদারত্ব আরও সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে বিবেচিত এই বৈঠককে বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

শুক্রবার চীনের স্থানীয় সময় সকাল ১০টায় রাজধানী বেইজিংয়ের ঐতিহাসিক ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রেসিডেন্ট সি চিন পিং পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর দুই দেশের প্রতিনিধিদলকে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন তারা।

এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছিলেন, সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী বাংলাদেশের জাতীয় স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রেসিডেন্ট সি চিন পিংয়ের কাছে তুলে ধরবেন। একই সঙ্গে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে।

তিনি আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। কৌশলগত সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন, প্রযুক্তি এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগসহ বহুমাত্রিক ক্ষেত্রে দুই দেশের অংশীদারত্ব আরও গভীর হবে।

প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের আগে শুক্রবার সকাল ৯টা ১৫ মিনিটে বেইজিংয়ের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত চীনের বিপ্লবী বীরদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং বিউগলে শোকের সুর বাজানো হয়। পরে প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে চীনের বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে বর্তমানে বেইজিংয়ে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে ২১ জুন মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে তাঁর প্রথম সরকারি বিদেশ সফর শুরু হয়। পরে তিনি চীনের দালিয়ান শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামার দাভোস-২০২৬ সম্মেলনে অংশ নেন। সেখানে বিভিন্ন আন্তর্জাতিক অধিবেশনে অংশগ্রহণ এবং বিশ্বনেতা ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে বুধবার বিকেলে বেইজিং পৌঁছান।

বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের নেতৃত্বে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকের পর বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

একই দিনে বেইজিংয়ের দিয়াওইউতাই রাষ্ট্রীয় অতিথিশালায় বিএনপি এবং চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়। এছাড়া চীনের পানিসম্পদমন্ত্রী লি গোয়োইং প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে তিস্তা নদীসহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনা, নদীভাঙন রোধ, সেচব্যবস্থা উন্নয়ন এবং পানিসম্পদ খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

সফরকালে প্রধানমন্ত্রী ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক বিনিয়োগ সম্মেলনেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। চায়না কাউন্সিল ফর দ্য প্রোমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে। সেখানে তিনি বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরে চীনা উদ্যোক্তাদের আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান এবং চীনে বাংলাদেশের প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ চালুর ঘোষণাও দেন।

এ ছাড়া প্রধানমন্ত্রী চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিংয়ের সঙ্গে দলীয় পর্যায়ের বৈঠক করেন। সফরকালে চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি, চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন, চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনসহ বিভিন্ন বৃহৎ শিল্পগোষ্ঠীর শীর্ষ নির্বাহীরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকগুলোতে বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন, শিল্পায়ন, বাণিজ্য এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বেইজিংয়ে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনার মাধ্যমে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় অভ্যর্থনা জানানো হয়। উল্লেখযোগ্য বিষয় হলো, মালয়েশিয়া সফর ও সামার দাভোসে অংশগ্রহণের মতো চীন সফরেও প্রধানমন্ত্রী মাত্র ২৫ সদস্যের একটি ছোট প্রতিনিধিদল নিয়ে সফর করছেন। এই প্রতিনিধিদলে ১১ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা রয়েছেন।

নির্ধারিত সূচি অনুযায়ী, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠকসহ সফরের আনুষ্ঠানিকতা শেষ করে শুক্রবার বিকেল ৫টায় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর সফরসঙ্গীদের বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

এই শাখার আরও খবর

হরমুজ প্রণালিতে জাহাজে হামলার, হাজারো নাবিক উদ্ধারের অভিযান স্থগিত

মেলবোর্ন, ২৬ জুন- পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার পর সেখানে আটকে থাকা হাজারো নাবিককে উদ্ধারে পরিচালিত আন্তর্জাতিক অভিযান সাময়িকভাবে…

শাহ আলীর মাজারে হামলা: কমিটি নাকি কোটি টাকার সম্পদ; নেপথ্যে কী?

মেলবোর্ন, ২৬ জুন- বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুরে কয়েকশ বছরের পুরোনো শাহ আলী বাগদাদী (রহ.) মাজারে হামলার ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে আলোচনা-সমালোচনা চলছে। হামলার পর থেকে…

কারা উঠল শেষ বত্রিশে, বাদ পড়ল কারা

মেলবোর্ন, ২৬ জুন- ১২ গ্রুপের মধ্যে ৬টি গ্রুপের সব ম্যাচ শেষ। এরই মধ্যে রাউন্ড অব থার্টি টুর ১৯টি দল চূড়ান্ত হয়ে গেছে। বাদ পড়েছে ৮টি।…

বাংলার আত্মা: সম্প্রীতির শেকড় ও উগ্রতার অশনি সংকেত

মেলবোর্ন, ২৬ জুন- বাংলাদেশ মানে ছয় ঋতুর দেশ। এই দেশের মাটিতে যেমন পদ্মা-মেঘনা-যমুনা বয়ে গেছে, তেমনি বয়ে গেছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান—চার সম্প্রদায়ের যৌথ স্মৃতি।…

সাদা-কালো পতাকায় সয়লাব দেশ, নেপথ্যে কারা? অর্থ কারা দিচ্ছে?

মেলবোর্ন, ২৬ জুন- ‘আপনারা সব জায়গায় কালেমার পতাকা লাগায়ে দেবেন। এখন যদি এটা জঙ্গিবাদ হয়ে থাকে, তাহলে আর্জেন্টিনা এবং ব্রাজিল– এগুলোর সব পতাকা নামাতে হবে।…

ওয়ান নেশনের উত্থান নিয়ে সতর্কবার্তা, অস্ট্রেলিয়ানদের ‘জেগে ওঠার’ আহ্বান

মেলবোর্ন, ২৬ জুন- অস্ট্রেলিয়ায় ডানপন্থী রাজনৈতিক দল ওয়ান নেশনের জনপ্রিয়তা হঠাৎ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির গ্রিনস দলের সিনেটর পিট হুইশ-উইলসন। তিনি অভিযোগ করেছেন,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au