বাংলাদেশ

ঐচ্ছিক অনুদানের তালিকার দুই জায়গায় জামায়াত এমপির মেয়ের নাম

  • 2:48 am - June 28, 2026
  • পঠিত হয়েছে:১৯৯ বার
জামায়াতের সংসদ সদস্য আতাউর রহমান। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ জুন- নড়াইল-২ (সদরের একাংশ ও লোহাগড়া) আসনের জামায়াতের সংসদ সদস্য আতাউর রহমানের ঐচ্ছিক অনুদান তহবিলের একটি তালিকায় তার মেয়ের নাম দুইবার থাকার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সচিবালয় থেকে অনুমোদিত বলে দাবি করা একটি তালিকা ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে। পরে শনিবার এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলে তালিকাটির সত্যতা স্বীকার করেন সংসদ সদস্য আতাউর রহমান। তবে তিনি দাবি করেন, তালিকাটি প্রস্তুত করেছিলেন তার ব্যক্তিগত সচিব (পিএস) এবং প্রকৃত উপকারভোগীদের তালিকা পরে দেওয়া হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া চিঠিতে দেখা যায়, ২০২৫-২৬ অর্থবছরের জন্য সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা অনুদান বিতরণের উদ্দেশ্যে ২১ জনের একটি তালিকা সচিবালয়ে জমা দেওয়া হয়েছে। তালিকায় উপকারভোগীদের নাম, বাবার নাম, ঠিকানা এবং অনুদানের পরিমাণ উল্লেখ রয়েছে।

ওই তালিকার ১ ও ৮ নম্বরে ‘ফাইজা’ নামে একই ব্যক্তির নাম রয়েছে বলে অভিযোগ উঠেছে। দুটি নামের পাশে বাবার নামের স্থানে যথাক্রমে ‘মো. বাচ্চু’ ও ‘মো. আতাউর’ লেখা রয়েছে, যা সংসদ সদস্য আতাউর রহমানের নামের সঙ্গে মিলে যায়। দুই ক্ষেত্রেই ১০ হাজার টাকা করে অনুদান বরাদ্দ দেখানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়, ফাইজা সংসদ সদস্যের মেয়ের নাম।

এ ছাড়া তালিকা নিয়ে আরও অভিযোগ ওঠে যে, নড়াইল সদর উপজেলার ১০ জন উপকারভোগীর মধ্যে ৯ জনই সংসদ সদস্যের নিজ ইউনিয়ন হবখালীর বাসিন্দা। অন্যদিকে লোহাগড়া উপজেলার ১১ জনের মধ্যে সাতজনের বাড়ি তার শ্বশুরবাড়ির এলাকা লাহুড়িয়ায়।

শনিবার বিকেলে গণমাধ্যমের সঙ্গে কথা বলে সংসদ সদস্য আতাউর রহমান ভাইরাল হওয়া তালিকাটি সঠিক বলে নিশ্চিত করেন। তবে তিনি বলেন, এটি চূড়ান্ত তালিকা নয় এবং পুরো বিষয়টি তার ব্যক্তিগত সচিবের মাধ্যমে সম্পন্ন হয়েছে।

আতাউর রহমান বলেন, একজন সংসদ সদস্য প্রতি অর্থবছরে জনকল্যাণমূলক কাজের জন্য ৫ লাখ টাকা পর্যন্ত ঐচ্ছিক অনুদান তহবিল পান। তিনি শপথ নেওয়ার পর চলতি অর্থবছরের হিসাবে তার আসনের জন্য ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকা বরাদ্দ হয়েছে। এই অর্থ উত্তোলনের জন্য নির্ধারিত সময়ের মধ্যে সংসদ সচিবালয়ে উপকারভোগীদের একটি তালিকা জমা দেওয়া বাধ্যতামূলক ছিল।

তিনি দাবি করেন, সে সময় তিনি এলাকায় ব্যস্ত থাকায় তার ব্যক্তিগত সচিব ফোন করে জরুরি ভিত্তিতে তালিকা জমা দেওয়ার প্রয়োজনীয়তার কথা জানান। তখন তিনি সচিবকে বিভিন্ন ইউনিয়ন থেকে নাম সংগ্রহ করতে বলেন। পরে সচিব তাকে জানান, আপাতত পরিচিত কিছু নাম দিয়ে তালিকা জমা দিতে বলা হয়েছে এবং পরবর্তীতে প্রকৃত উপকারভোগীদের মধ্যে অর্থ বিতরণ করা যাবে।

সংসদ সদস্যের ভাষ্য, তার স্বাক্ষর করা প্যাড তখন ঢাকায় ব্যক্তিগত সচিবের কাছে ছিল। তিনি সচিবকে পরিচিত ব্যক্তিদের নাম দিয়ে একটি তালিকা প্রস্তুত করে জমা দিতে বলেন। সেই পরিচিতদের মধ্যে তার পরিবারের সদস্য ও নিজ এলাকার লোকজন বেশি থাকায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।

সমালোচনার বিষয়ে তিনি বলেন, টাকা হাতে পাওয়ার পর অর্থবছরের মধ্যে প্রকৃত উপকারভোগীদের মধ্যে অনুদান বিতরণ করা হবে এবং সেই তালিকাই সংরক্ষিত থাকবে। তিনি বলেন, জনগণের হকের একটি টাকাও তিনি বা তার পরিবারের কেউ আগামী পাঁচ বছরে স্পর্শ করবেন না।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলছে। তবে এসব বিষয়ে তিনি বিচলিত নন। অতীতেও নানা অপপ্রচারের মুখোমুখি হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, আল্লাহর ইচ্ছায় সেসব তার পরিচিতি আরও বাড়িয়েছে।

আতাউর রহমান জানান, শনিবারের মধ্যেই উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নতুন একটি তালিকা পাঠানো হবে এবং সেই তালিকা অনুযায়ী প্রকৃত উপকারভোগীদের মধ্যে অনুদান বিতরণ করা হবে।

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au