বিশ্ব

করাচি হামলার পর আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২৯, আহত শতাধিক

  • 3:16 pm - June 29, 2026
  • পঠিত হয়েছে:১২৬ বার

মেলবোর্ন, ২৯ জুন- করাচিতে পাকিস্তানের আধাসামরিক বাহিনী সিন্ধ রেঞ্জার্সের সদর দপ্তরে জঙ্গি হামলার একদিনেরও কম সময়ের মধ্যে আফগানিস্তানের ভেতরে একাধিক স্থানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তান সরকারের দাবি, এসব হামলায় অন্তত ২৯ জন জঙ্গি নিহত এবং শতাধিক আহত হয়েছে। তবে আফগানিস্তানের তালিবান সরকার এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। নতুন এ হামলার ঘটনায় দুই দেশের সীমান্তে আবারও উত্তেজনা বেড়েছে।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারার জানান, প্রথমে আফগান সীমান্তসংলগ্ন খাইবার পাখতুনখোয়ার বাজাউর জেলায় স্থল অভিযান চালায় পাকিস্তানি বাহিনী। ওই অভিযানে তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) শীর্ষ কমান্ডার খান ফরোশসহ চার জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেন তিনি।

এরপর আফগানিস্তানের পাকতিয়া, পাকতিকা ও কুনার প্রদেশে টিটিপির একাধিক ঘাঁটিতে বিমান হামলা চালানো হয়। পাকিস্তানের দাবি, এসব হামলায় আরও ২৫ জন জঙ্গি নিহত হয়েছে। একই সঙ্গে বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটি, অস্ত্রের মজুত এবং বিপুল পরিমাণ গোলাবারুদ ধ্বংস করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় আত্তাউল্লাহ তারার বলেন, পাকিস্তান সব সময় শান্তি চায়। তবে দেশের নাগরিকদের নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না। তিনি দাবি করেন, বিমান হামলায় শুধুমাত্র টিটিপির ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

পাকিস্তানের অভিযোগ, সাম্প্রতিক সময়ে দেশটির সেনাবাহিনী ও পুলিশের ওপর ধারাবাহিক জঙ্গি হামলার পেছনে টিটিপি সক্রিয় রয়েছে। ইসলামাবাদের দাবি, ২০২১ সালে আফগানিস্তানে তালিবান ক্ষমতায় ফেরার পর থেকেই সীমান্ত এলাকায় টিটিপির তৎপরতা বেড়েছে। পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, আফগানিস্তানের ভূখণ্ডে টিটিপি নিরাপদ আশ্রয় পাচ্ছে। যদিও কাবুলের তালিবান সরকার বারবার এ অভিযোগ অস্বীকার করেছে।

এরই মধ্যে শনিবার রাতে করাচির গুলিস্তান-ই-জওহর এলাকায় সিন্ধ রেঞ্জার্সের ভিট্টাই উইং সদর দপ্তরে আত্মঘাতী হামলা চালায় একদল জঙ্গি। হামলায় তিন পাকিস্তানি সেনাসদস্য এবং তিন হামলাকারী নিহত হন। আহত অবস্থায় একজন হামলাকারীকে জীবিত আটক করা হয়।

পাকিস্তানের সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আটক জঙ্গির নাম উসমান আলি। তিনি জিজ্ঞাসাবাদে নিজেকে টিটিপির সহযোগী সংগঠন জামাত-উল-আহরারের সদস্য বলে স্বীকার করেছেন বলে দাবি করেছে তদন্তকারীরা। এর আগে সংগঠনটি করাচি হামলার দায় স্বীকার করেছিল।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, উসমান আলি ও তার সহযোগীরা আফগানিস্তানে সন্ত্রাসী প্রশিক্ষণ নিয়েছিলেন। সেখানে তারা বোমা তৈরির কৌশল শেখেন এবং বিস্ফোরক সংগ্রহ করেন। হামলার প্রায় সাত দিন আগে তারা আফগানিস্তানের জালালাবাদ থেকে পাকিস্তানের বাজাউর এলাকায় প্রবেশ করেন। একটি নির্মাণাধীন ভবনে অবস্থান করে হামলার পরিকল্পনা চূড়ান্ত করা হয় এবং ওয়াজিরিস্তান থেকে অস্ত্র সংগ্রহ করা হয় বলেও জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তিনি।

তদন্তকারীদের ভাষ্য অনুযায়ী, হামলার শুরুতে কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। এরপর একটি গাড়ি দিয়ে রেঞ্জার্স সদর দপ্তরের প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে জঙ্গিরা এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। পালানোর সময় পাকিস্তানি বাহিনীর গুলিতে আহত হওয়ায় উসমান আলি জীবিত অবস্থায় আটক হন।

করাচি হামলার পর পাকিস্তান অভিযোগ করে, এ হামলার পেছনে ভারতের সমর্থন রয়েছে। তবে ভারত তা সম্পূর্ণ অস্বীকার করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, অন্য দেশের বিরুদ্ধে অভিযোগ তোলার পরিবর্তে পাকিস্তানের উচিত নিজেদের ভূখণ্ডে গড়ে ওঠা সন্ত্রাসী নেটওয়ার্কের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া।

সূত্র: এই সময় পত্রিকা

এই শাখার আরও খবর

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায়…

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ২৪ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১…

নতুন বাসায় ওঠার পরদিনই হিন্দু চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক শিক্ষানবিশ চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নতুন বাসায় ওঠার পরদিনই…

‘ঘৃণা নয়, শুদ্ধ সাত্ত্বিক প্রেমই আরএসএসের ভিত্তি’: লন্ডনে মোহন ভাগবত

লন্ডনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কাজের মূল দর্শন তুলে ধরে সংগঠনটির সরসংঘচালক মোহন ভাগবত বলেছেন, তীব্র ঘৃণা নয়, ‘শুদ্ধ সাত্ত্বিক প্রেম’ই আরএসএসের কর্মকাণ্ডের ভিত্তি। পারস্পরিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au