বিশ্ব

পাকিস্তানের কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, দাবি ভারতীয় সেনাপ্রধানের

  • 3:02 am - June 30, 2026
  • পঠিত হয়েছে:১৮৫ বার
ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ছবি : সংগৃহীত

মেলবোর্ন,৩০ জুন- পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ জম্মু ও কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। একই সঙ্গে তিনি বলেছেন, পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকা ওই অঞ্চল এখনো সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রশিক্ষণ, অবকাঠামো গড়ে তোলা এবং ভারতশাসিত জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশের জন্য ব্যবহৃত হচ্ছে। এছাড়া ওই অঞ্চলে চীনের সামরিক ও অবকাঠামোগত তৎপরতাকেও ভারতের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয় হিসেবে উল্লেখ করেছেন তিনি।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। আগামী মঙ্গলবার (৩০ জুন) অবসরে যাওয়ার এক দিন আগে দেওয়া এই সাক্ষাৎকারে তিনি ভারত-চীন সীমান্ত, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত কথা বলেন।

তিনি বলেন, পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, যা ভারতের দীর্ঘদিনের সরকারি অবস্থান। সামরিক দৃষ্টিকোণ থেকে সবচেয়ে বড় উদ্বেগ হলো, ওই অঞ্চল এখনো সন্ত্রাসী অবকাঠামো গড়ে তোলা, জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া এবং জম্মু ও কাশ্মীরে অনুপ্রবেশের জন্য ব্যবহার করা হচ্ছে। ভারতীয় সেনাবাহিনীর কৌশলগত পরিকল্পনায় বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়।

জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আরও বলেন, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর এলাকায় বিদেশি সামরিক ও অবকাঠামোগত কার্যক্রম, বিশেষ করে চীনের উপস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত। সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে প্রয়োজনীয় সেনা মোতায়েন, গোয়েন্দা নজরদারি এবং সামরিক প্রস্তুতি বজায় রাখা হয়েছে।

ভারত-চীন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) প্রসঙ্গে তিনি বলেন, উত্তর সীমান্তের পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল হলেও তা এখনো অত্যন্ত সংবেদনশীল। স্থিতিশীলতা মানেই আত্মতুষ্টি নয়। যেকোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় ভারতীয় সেনাবাহিনী সর্বোচ্চ প্রস্তুতি ধরে রেখেছে।

তার ভাষায়, “স্থিতিশীলতা মানে আত্মতুষ্টি নয়। সম্ভাব্য যেকোনো হুমকি প্রতিহত করা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে ভারতীয় সেনাবাহিনী শক্তিশালী মোতায়েন বজায় রেখেছে।”

তিনি জানান, গত এক বছরে ভারত ও চীনের মধ্যে কূটনৈতিক ও সামরিক পর্যায়ে নতুন করে যোগাযোগ শুরু হওয়ায় সীমান্তে উত্তেজনা কিছুটা কমেছে। সেনা প্রত্যাহারসংক্রান্ত বিভিন্ন চুক্তি সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল রাখতে সহায়তা করেছে এবং পারস্পরিক আস্থাও কিছুটা বেড়েছে।

জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর মতে, সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে উভয় দেশ কয়েকটি ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে সীমান্ত নির্ধারণের বিভিন্ন বিকল্প নিয়ে কাজ করতে ওয়ার্কিং মেকানিজম ফর কনসালটেশন অ্যান্ড কো-অর্ডিনেশন (ডব্লিউএমসিসি)-এর অধীনে বিশেষজ্ঞ দল গঠন, কৈলাশ মানস সরোবর তীর্থযাত্রা পুনরায় চালুর উদ্যোগ, সরাসরি বিমান চলাচল পুনর্বহালের আলোচনা, তিনটি সীমান্তপথ দিয়ে বাণিজ্য চালুর বিষয়ে ঐকমত্য এবং ভিসা প্রক্রিয়া সহজ করার প্রচেষ্টা।

তিনি আরও জানান, সীমান্তে আস্থা বৃদ্ধির অংশ হিসেবে প্রতিবছর দুই দেশের সেনাবাহিনীর মধ্যে এক হাজার ১০০টিরও বেশি মাঠপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। হটলাইন, পতাকা বৈঠক এবং কমান্ডার পর্যায়ের আলোচনার মাধ্যমে স্থানীয় বিভিন্ন সমস্যার সমাধান করা হচ্ছে।

ভারতীয় সেনাপ্রধান বলেন, সীমান্তে অবকাঠামো উন্নয়ন, আধুনিক নজরদারি ব্যবস্থা, রসদ সরবরাহ, সেনা চলাচলের সক্ষমতা বৃদ্ধি এবং সামগ্রিক সামরিক প্রস্তুতি জোরদার করাই এখন ভারতীয় সেনাবাহিনীর প্রধান অগ্রাধিকার।

দীর্ঘমেয়াদি সামরিক কৌশল প্রসঙ্গে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, ভারতের লক্ষ্য হলো সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা, সংলাপের মাধ্যমে স্থানীয় সমস্যার সমাধান করা এবং একই সঙ্গে যেকোনো নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ও বিশ্বাসযোগ্য সামরিক সক্ষমতা ধরে রাখা।

এই শাখার আরও খবর

বাড়ি থেকে ডেকে নিয়ে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

মুন্সিগঞ্জের সদর উপজেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে জাহেদ বেপারী (৫০) নামের এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার (৪ নভেম্বর) রাত…

আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত শুনানি…

যুবদল নেতার ভয়ে অফিসে যাচ্ছেন না উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুপ্রভা রাণী

পাবনার সুজানগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুপ্রভা রাণীকে কার্যালয়ে আড়াই ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ রেখে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা যুবদলের…

অবশেষে সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু, প্রথম দিন গেলেন ৮৩৬ পর্যটক

অবশেষে সব অনুমোদন জটিলতা কাটিয়ে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে শুরু হয়েছে পর্যটকবাহী জাহাজ চলাচল। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ৮৩৬ পর্যটক নিয়ে দ্বীপের উদ্দেশে ছেড়ে যায়…

দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ১৫৬তম জন্মবার্ষিকী আজ

আজ ৫ নভেম্বর, উপমহাদেশের ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা, প্রখ্যাত আইনজীবী, রাজনীতিবিদ ও সমাজসংস্কারক দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের ১৫৬তম জন্মবার্ষিকী। ১৮৭০ সালের এই দিনে কলকাতায়…

আইনজীবীর পরামর্শে আদালতে আত্মসমর্পণ করেছেন চিত্রনায়িকা পরীমনি

ওটিএন বাংলা রিপোর্ট :  ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় জামিন নিতে আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা পরীমনি। বুধবার তাঁর জামিন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au