বিশ্ব

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য টেকসই করতে ভারসাম্য আনা জরুরি : মার্কিন রাষ্ট্রদূত

  • 6:42 pm - June 30, 2026
  • পঠিত হয়েছে:১৭১ বার
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য টেকসই করতে ভারসাম্য আনা জরুরি : মার্কিন রাষ্ট্রদূত। ছবি: সংগৃহীত

মেলবোর্ন,৩০ জুন- বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য সম্পর্ক দীর্ঘমেয়াদে আরও শক্তিশালী ও টেকসই করতে দুই দেশের আমদানি ও রপ্তানিতে ভারসাম্য আনা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিনি বলেন, দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর করতে পারস্পরিক বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, প্রতিরক্ষা ও স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের ইউটিউব টক শোতে অংশ নিয়ে রাষ্ট্রদূত এসব কথা বলেন। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি, বিমান ক্রয়, জ্বালানি বিনিয়োগ, প্রতিরক্ষা সহযোগিতা এবং জনস্বাস্থ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।

রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, যুক্তরাষ্ট্রের বর্তমান বাণিজ্যনীতির মূল ভিত্তি হলো মুক্ত, ন্যায্য ও পারস্পরিক বাণিজ্য। বাংলাদেশ বর্তমানে যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ তৈরি পোশাক রপ্তানি করলেও যুক্তরাষ্ট্র থেকে তুলনামূলকভাবে খুব কম পণ্য আমদানি করে। একটি সুস্থ ও ভারসাম্যপূর্ণ বাণিজ্য সম্পর্কের জন্য উভয় দেশেরই একে অপরের বাজারে সমানভাবে অংশগ্রহণ প্রয়োজন।

তিনি বলেন, বিশ্বের সব দেশ যদি শুধু যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করে কিন্তু সেখান থেকে কিছুই আমদানি না করে, তাহলে সেই সম্পর্ক দীর্ঘমেয়াদে টেকসই হবে না। এ বাস্তবতা বিবেচনায় নিয়েই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সম্প্রতি একটি পারস্পরিক বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছে।

রাষ্ট্রদূতের ভাষ্য, এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ যেমন শুল্ক-সংক্রান্ত কিছু সুবিধা পাবে, তেমনি দেশের কাস্টমস ব্যবস্থা, শ্রমখাত এবং বিনিয়োগ পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের সুযোগ তৈরি হবে। এসব সংস্কার শুধু দ্বিপক্ষীয় বাণিজ্য নয়, বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি জানান, বাণিজ্যে ভারসাম্য আনার অংশ হিসেবে বাংলাদেশ সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে উন্নতমানের গম ও কৃষিপণ্য আমদানি করছে। তার দাবি, মার্কিন গমে অপচয়ের হার মাত্র ২ শতাংশ, যেখানে অন্য কিছু দেশ থেকে আমদানি করা গমের প্রায় ২০ শতাংশ পর্যন্ত নষ্ট হয়ে যায়।

এ ছাড়া রাষ্ট্রদূত জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনস বহর সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির ১৪টি নতুন উড়োজাহাজ কেনার প্রতিশ্রুতি দিয়েছে, যা দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করবে।

বাংলাদেশের জ্বালানি খাত নিয়েও আশাবাদ ব্যক্ত করেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিনি বলেন, আগামী বছরগুলোতে দেশের জ্বালানি খাতে ১৫০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ প্রয়োজন হবে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানি বাংলাদেশে তেল ও গ্যাস অনুসন্ধানে আগ্রহী। তবে বিনিয়োগ আকর্ষণে সরকারকে এমন নীতিমালা নিশ্চিত করতে হবে, যা ব্যবসায়িকভাবে লাভজনক ও প্রতিযোগিতামূলক হবে।

মার্কিন ভিসানীতি প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, বিশ্বব্যাপী ভিসা ব্যবস্থায় কিছু পরিবর্তন আনা হয়েছে। অনেকেই ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করেন অথবা ভুল তথ্য দিয়ে ভিসা সংগ্রহের চেষ্টা করেন। এসব অনিয়ম, জাল কাগজপত্র এবং অবৈধ অভিবাসন রোধে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

প্রতিরক্ষা সহযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করা হবে। বাংলাদেশ যেন বিশ্বের আধুনিক ও মানসম্পন্ন সামরিক সরঞ্জাম সংগ্রহ করতে পারে, সে লক্ষ্যেও সহযোগিতা অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য খাতেও যুক্তরাষ্ট্রের সহায়তা অব্যাহত থাকবে বলে জানান রাষ্ট্রদূত। তিনি বলেন, যক্ষ্মা, হামসহ বিভিন্ন সংক্রামক রোগ মোকাবিলায় সহযোগিতা চলমান রয়েছে। পাশাপাশি খুব শিগগিরই বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের পাঁচ বছর মেয়াদি নতুন স্বাস্থ্য সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হবে।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপনের বিভিন্ন কর্মসূচির কথাও তুলে ধরেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিনি জানান, জুলাই মাসজুড়ে শুধু ঢাকাতেই নয়, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটসহ দেশের বিভিন্ন শহরে নানা আয়োজন করা হবে। ঢাকায় মার্কিন দূতাবাসের উদ্যোগে ২৫০টি রিকশাকে যুক্তরাষ্ট্রের পতাকার লাল, সাদা ও নীল রঙে সাজানো হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ইতিহাস তুলে ধরতে ‘ফাউন্ডার্স মিউজিয়াম’ নামে একটি বিশেষ প্রদর্শনীরও আয়োজন করা হচ্ছে।

আলোচনার শেষদিকে চলমান ফুটবল বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের দল নকআউট পর্বে জায়গা করে নেওয়ায় বাংলাদেশের ফুটবলপ্রেমীদের প্রতি মার্কিন দলকে সমর্থন জানানোর আহ্বান জানান মার্কিন রাষ্ট্রদূত।

এই শাখার আরও খবর

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au