বাংলাদেশ

টুপটুপ রিসোর্টে আগুন, ডিএনএ পরীক্ষায় ১০ জনের পরিচয় শনাক্ত

  • 2:01 pm - October 27, 2026
  • পঠিত হয়েছে:৯২ বার
টুপটুপ রিসোর্টে আগুন, ডিএনএ পরীক্ষায় ১০ জনের পরিচয় শনাক্ত।

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেকে টুপটুপ রেস্তোরাঁ ও রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে নিখোঁজ স্কুলশিক্ষিকা নাসরিন আক্তার মুক্তার এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার হওয়া ১০ জনের কারও ডিএনএর সঙ্গে তাঁর নমুনার মিল পাওয়া যায়নি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের কথা রয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা রিমন ঘোষ এ তথ্য জানিয়েছেন। একই সঙ্গে তদন্তের অগ্রগতি সম্পর্কেও গণমাধ্যমকে অবহিত করা হবে বলে জানান তিনি।

শনাক্ত হওয়া নিহতদের মধ্যে ঢাকার শ্যামলী এলাকার একই পরিবারের চারজন রয়েছেন। তাঁরা হলেন গ্র্যান্ড পাওয়ার লিমিটেডের কর্মকর্তা মোহাম্মদ নাহিদুর রহমান (৪১), তাঁর স্ত্রী আফসানা মতিন (৩৬) এবং তাঁদের দুই মেয়ে রোজাইনা ইনায়া (৯) ও মুনাইনা ইহানা (৬)।

অন্য ছয়জন হলেন মৌলিতা মেহজাবিন আলভি (১৯), তাঁর কাজিন লায়লা জাহান নাবিলা (২৫) ও ইসরাত জাহান মালিহা (২৭), ফারিয়া কবির (৩৩), ফারিয়ার ছয় বছর বয়সী ছেলে মোহাম্মদ ফাইজান নূর এবং ফারিয়ার ভাই মোহাম্মদ নাফিস তেহামি (২৪)। তাঁরা ঢাকার বনশ্রী ও খিলগাঁও এলাকার বাসিন্দা ছিলেন।

নিহতদের মধ্যে কয়েকজন শিক্ষার্থীও রয়েছেন। নাফিস তেহামি ‘জেরিফ’ নামেও পরিচিত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। মৌলিতা মেহজাবিন আলভি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে জনসংখ্যা ও জনস্বাস্থ্যবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করতেন। অন্যদিকে, লায়লা জাহান নাবিলা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী ছিলেন।

অগ্নিকাণ্ডের পর মরদেহগুলো পুড়ে যাওয়ায় নিহতদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার প্রয়োজন হয়। সিআইডি মরদেহ থেকে সংগ্রহ করা নমুনার সঙ্গে স্বজনদের নমুনা মিলিয়ে ১০ জনের পরিচয় নিশ্চিত করে।

তবে নিখোঁজের তালিকায় থাকা ১১ জনের মধ্যে স্কুলশিক্ষিকা নাসরিন আক্তার মুক্তার (২৭) অবস্থান এখনো অজানা। তদন্ত কর্মকর্তা রিমন ঘোষ জানান, উদ্ধার হওয়া ১০টি মরদেহের ডিএনএ নমুনার সঙ্গে স্বজনদের নমুনার মিল পাওয়া গেছে। কিন্তু নাসরিনের নমুনার সঙ্গে কোনো মরদেহের ডিএনএর মিল পাওয়া যায়নি।

নাসরিন ঢাকার সাভারের আশুলিয়ায় স্বপ্নবিলাস নিরিবিলি স্কুলের শিক্ষিকা ছিলেন। দুই বান্ধবীর সঙ্গে বেড়াতে তিনি কক্সবাজারে গিয়েছিলেন। রিসোর্টে অগ্নিকাণ্ডের পর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁর বাবার নাম মোস্তফা কামাল।

১০ জনের পরিচয় শনাক্ত হলেও নাসরিনের কোনো সন্ধান না মেলায় তাঁর পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা রয়ে গেছে।

এই শাখার আরও খবর

কঙ্গোতে ইবোলা মোকাবিলায় হামলায় নার্স নিহত, উগান্ডায় নতুন বিধিনিষেধ

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ইবোলা মোকাবিলায় কাজ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই স্বাস্থ্যকর্মী। তাঁদের মধ্যে একজন নার্স নিহত হয়েছেন এবং অন্যজন গুরুতর আহত হয়েছেন। স্বাস্থ্যকর্মীরা…

৪৪০ সরকারি সেবার মাইগভ বন্ধ, ভোগান্তিতে হাজারো মানুষ

সরকারি বিভিন্ন দপ্তরের প্রায় ৪৪০টি সেবা পাওয়া যায় এমন অনলাইন প্ল্যাটফর্ম মাইগভের ওয়েবসাইট বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। জরুরি নথি সত্যায়ন, জমিসংক্রান্ত সেবা, বিভিন্ন…

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

কিলিয়ান এমবাপ্পে ও লামিন ইয়ামালকে পেছনে ফেলে ২০২৬ সালের পুরুষদের ব্যালন ডি’অর জিতেছেন ইংল্যান্ডের অধিনায়ক ও বায়ার্ন মিউনিখের তারকা স্ট্রাইকার হ্যারি কেইন। অন্যদিকে, নারীদের ব্যালন…

‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় আটক, প্রতিবাদের মুখে ছাড়া পেলেন দীপক শীল

ওটিএন বাংলা রিপোর্ট: রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের মানববন্ধন থেকে আটক ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে ছেড়ে দিয়েছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর)…

হাম সতর্কবার্তা, বাংলাদেশে ডিপথেরিয়া ও পোলিও ছড়ানোর আশঙ্কা

বাংলাদেশে চলমান হাম পরিস্থিতিকে দেশের টিকাদান ব্যবস্থার দুর্বলতার সতর্কসংকেত হিসেবে দেখছেন দেশি-বিদেশি বিশেষজ্ঞরা। তাঁদের আশঙ্কা, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে হাম ছাড়াও ডিপথেরিয়া, হুপিং…

দেশে সড়কে বছরে আহত ৩০ লাখ মানুষ, কেন এত দুর্ঘটনা

ওটিএন বাংলা ডেস্ক : দেশে সড়ক দুর্ঘটনায় প্রতিবছর আহত হচ্ছেন প্রায় ৩০ লাখ মানুষ। প্রাণ হারাচ্ছেন দৈনিক গড়ে ৬৬ জন, আর স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au