বাংলাদেশ

সাদা ধর্মীয় পতাকা নিয়ে বিতর্ক, বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি নিয়ে উদ্বেগ

  • 2:23 am - July 01, 2026
  • পঠিত হয়েছে:১৭৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন,১ জুলাই- বাংলাদেশের বিভিন্ন এলাকায় আরবি কালিমা-সংবলিত সাদা পতাকা প্রকাশ্যে টানানোকে কেন্দ্র করে দেশজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। নিরাপত্তা বিশ্লেষক, কূটনীতিক, অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিদের একাংশের আশঙ্কা, স্থানীয়ভাবে ধর্মীয় বা সাংস্কৃতিক পরিচয়ের বহিঃপ্রকাশ হিসেবে ব্যবহৃত এসব প্রতীক আন্তর্জাতিক পরিমণ্ডলে ভুলভাবে ব্যাখ্যা হতে পারে। এর ফলে বাংলাদেশের বৈশ্বিক ভাবমূর্তি, বিদেশি বিনিয়োগ এবং প্রবাসী শ্রমবাজারে নেতিবাচক প্রভাব পড়ার ঝুঁকি তৈরি হতে পারে বলে তারা মনে করছেন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাজধানী ঢাকা এবং দেশের বিভিন্ন জেলায় সড়ক, উড়ালসেতু ও আবাসিক এলাকায় বিপুলসংখ্যক সাদা পতাকা দেখা যায়, যেগুলোতে ইসলাম ধর্মের কালিমা লেখা ছিল। পতাকা টানানোর সঙ্গে যুক্ত তরুণদের দাবি, এগুলো সম্পূর্ণ ধর্মীয় পরিচয়ের প্রতীক এবং কোনো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়নি। তারা জানান, ফুটবল বিশ্বকাপ উপলক্ষে বিভিন্ন দেশের পতাকার পাশাপাশি এসব পতাকাও টানানো হয়েছে।

তবে বিশ্লেষকদের মতে, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে কোনো প্রতীকের স্থানীয় অর্থ এবং আন্তর্জাতিক ব্যাখ্যা এক নাও হতে পারে। ফলে একই প্রতীক বিদেশে ভিন্নভাবে ব্যাখ্যা হওয়ার ঝুঁকি রয়েছে।

গত ১৭ জুন ঢাকার যাত্রাবাড়ী উড়ালসেতুতে সারিবদ্ধভাবে সাদা ও কালো পতাকা টানানোর পর বিষয়টি ব্যাপক আলোচনায় আসে। পরে দেশের আরও কয়েকটি এলাকায় একই ধরনের পতাকা দেখা গেলে আইনশৃঙ্খলা বাহিনী বিভ্রান্তি এড়াতে কিছু জায়গা থেকে সেগুলো অপসারণ করে।

বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুনশি ফয়েজ আহমেদ বলেন, ফুটবল উদযাপনের মতো অরাজনৈতিক অনুষ্ঠানে এ ধরনের ধর্মীয় প্রতীক ব্যবহারের প্রয়োজনীয়তা নিয়ে ভাবা উচিত। তার মতে, আন্তর্জাতিকভাবে এসব প্রতীক ভুল ব্যাখ্যার শিকার হতে পারে। তবে তিনি একই সঙ্গে এ বিষয়কে অতিরঞ্জিত না করারও পরামর্শ দেন।

নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর সাম্প্রতিক সময়ে বাংলাদেশে উগ্রপন্থি গোষ্ঠীর উপস্থিতি নিয়ে বিদেশে প্রকাশিত কিছু মন্তব্যকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। তবে তিনি বলেন, দৃশ্যমান ধর্মীয় প্রতীকগুলোকে কেন্দ্র করে বিদেশে বিভ্রান্তিকর প্রচারণা চালানোর সুযোগ তৈরি হতে পারে, যা দেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর হতে পারে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ফারিদুল আলম বলেন, বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে একটি ইতিবাচক অবস্থান তৈরি করেছে। তাই এমন যেকোনো বিষয়, যা দেশের এই ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করতে পারে, রাষ্ট্র ও সমাজ উভয়েরই সতর্কতার সঙ্গে বিবেচনা করা উচিত।

ব্যবসায়ী নেতারাও একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন। বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)-এর সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ বলেন, বিদেশি বিনিয়োগকারীরা শুধু অর্থনৈতিক সূচক নয়, একটি দেশের সামাজিক স্থিতিশীলতা, নিরাপত্তা এবং আন্তর্জাতিক ভাবমূর্তিকেও গুরুত্ব দিয়ে বিবেচনা করেন। তাই ভুল বার্তা গেলে তা ভবিষ্যতের বাণিজ্য ও বিনিয়োগে প্রভাব ফেলতে পারে।

বিশেষজ্ঞদের মতে, বর্তমানে বিশ্বের প্রায় ১৫০টি দেশে এক কোটিরও বেশি বাংলাদেশি কর্মরত রয়েছেন। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক অঙ্গনে দেশের সম্পর্কে ভুল ধারণা তৈরি হলে বিদেশি শ্রমবাজারেও এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

এদিকে বাংলাদেশ পুলিশ সদর দপ্তর জানিয়েছে, পতাকা টানানোর ঘটনাগুলোর উদ্দেশ্য ও প্রেক্ষাপট খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) এএইচএম শাহাদাত হোসেন বলেন, তদন্তে কোনো বেআইনি উদ্দেশ্য বা আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্লেষকদের মতে, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক বাস্তবতায় ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়ের স্বাধীন প্রকাশ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তার সম্ভাব্য প্রভাব, এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করা বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

এই শাখার আরও খবর

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au