Uncategorized

রেলস্টেশনে বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগম হত্যাকাণ্ড: গ্রেপ্তার ৬

  • 10:04 pm - July 10, 2026
  • পঠিত হয়েছে:১৬০ বার

মেলবোর্ন, ১০ জুলাই- নরসিংদীর রায়পুরা উপজেলার মেথিকান্দা রেলস্টেশনে হামলা, নির্যাতন ও লুটপাটের শিকার হয়ে নিহত বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগম হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। দেশজুড়ে আলোচিত এ ঘটনায় অভিযুক্তদের শনাক্ত করে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শুক্রবার (১০ জুলাই) র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‍্যাব জানিয়েছে, মেথিকান্দা রেলস্টেশনে বাক্‌প্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের ওপর হামলা, লুটপাট এবং পরবর্তী মৃত্যুর ঘটনায় জড়িত ছয়জনকে র‍্যাব-১১ গ্রেপ্তার করেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে শুক্রবার বিকেলে রাজধানীর কাওরান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানে র‍্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ অভিযানের বিস্তারিত, গ্রেপ্তারকৃতদের পরিচয় এবং হত্যাকাণ্ডের বিষয়ে তদন্তে পাওয়া তথ্য তুলে ধরবেন।

গত কয়েকদিন ধরে আলোচনায় থাকা এ ঘটনায় গত শনিবার গভীর রাতে মেথিকান্দা রেলস্টেশনের পরিত্যক্ত একটি কক্ষে ঘুমিয়ে থাকা ববি বেগমের ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। হামলাকারীরা তাকে মারধর করে দীর্ঘদিন ধরে জমানো অর্থ লুট করে নিয়ে যায়। হামলায় তার চোখ, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।

আহত অবস্থায় কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে রাত সোয়া ১টার দিকে তার মৃত্যু হয়।

মৃত্যুর পর বুধবার সকালে ময়নাতদন্তের জন্য তার মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে রাত ৮টার দিকে মরদেহ স্টেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

সেদিন রাত ১০টার দিকে মেথিকান্দা রেলস্টেশনের প্রবেশমুখের খোলা চত্বরে শত শত মানুষের অংশগ্রহণে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্টেশনসংলগ্ন সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজায় উপস্থিত স্থানীয় বাসিন্দারা এ নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মামলার তদন্ত কর্মকর্তা নরসিংদী রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার জানান, ববি বেগমের কোনো স্বজন না থাকায় প্রথমে তাকে বেওয়ারিশ হিসেবে দাফনের বিষয়টি বিবেচনায় ছিল। তবে স্থানীয় মানুষের অনুরোধে প্রশাসন, পুলিশ ও এলাকাবাসীর সহযোগিতায় সামাজিক কবরস্থানে যথাযথ মর্যাদায় তার দাফনের ব্যবস্থা করা হয়।

জানাজায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান, মেথিকান্দা রেলস্টেশনের স্টেশনমাস্টার এস এম জসিমসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং স্থানীয় শত শত মানুষ উপস্থিত ছিলেন।

ইউএনও মাসুদ রানা বলেন, হামলার পর থেকেই উপজেলা প্রশাসন ববি বেগমের চিকিৎসাসহ সার্বিক দায়িত্ব গ্রহণ করেছিল। তবে সব ধরনের চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা জরুরি।

এদিকে হত্যাকাণ্ডের পরপরই দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে দুর্বল ও অসহায় এক বৃদ্ধার ওপর নৃশংস হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করা হয়। ঘটনার তদন্তে নেমে র‍্যাব-১১ অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করেছে। তাদের জিজ্ঞাসাবাদ এবং তদন্তের ভিত্তিতে হত্যাকাণ্ডের পেছনের কারণ ও ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে বলে জানিয়েছে র‍্যাব।

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au