বিশ্ব

অপারেশন ফার্স্ট লাইট ২০২৬

বিশ্বজুড়ে প্রতারণাবিরোধী অভিযানে ৫ হাজার ৮১১ জন গ্রেপ্তার, জব্দ প্রায় ২৯৩ মিলিয়ন ডলারের অবৈধ সম্পদ

  • 11:33 pm - July 10, 2026
  • পঠিত হয়েছে:১১৩ বার
বিশ্বজুড়ে প্রতারণাবিরোধী অভিযানে ৫ হাজার ৮১১ জন গ্রেপ্তার, জব্দ প্রায় ২৯৩ মিলিয়ন ডলারের অবৈধ সম্পদ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১০ জুলাই- বিশ্বব্যাপী অনলাইন প্রতারণা ও অর্থপাচার চক্রের বিরুদ্ধে পরিচালিত সমন্বিত অভিযানে ৫ হাজার ৮১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে প্রায় ২৯ কোটি ৩০ লাখ মার্কিন ডলার মূল্যের অবৈধ সম্পদ জব্দ বা স্থানান্তর ঠেকানো হয়েছে। ইন্টারপোলের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বিশ্বের ৯৭টি দেশ ও অঞ্চল অংশ নেয়।

শুক্রবার প্রকাশিত ইন্টারপোলের তথ্য অনুযায়ী, ‘অপারেশন ফার্স্ট লাইট ২০২৬’ নামে এই অভিযান গত ১৫ জানুয়ারি থেকে ৩০ এপ্রিল পর্যন্ত পরিচালিত হয়। অভিযানের মূল লক্ষ্য ছিল সামাজিক প্রকৌশলভিত্তিক প্রতারণা (সোশ্যাল ইঞ্জিনিয়ারিং স্ক্যাম) এবং এসব অপরাধের সঙ্গে জড়িত অর্থপাচার চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

সামাজিক প্রকৌশলভিত্তিক প্রতারণা বলতে এমন কৌশলকে বোঝায়, যেখানে অপরাধীরা মানুষের বিশ্বাস, আবেগ কিংবা মনস্তাত্ত্বিক দুর্বলতাকে কাজে লাগিয়ে অর্থ বা গোপন তথ্য হাতিয়ে নেয়। এ ধরনের প্রতারণার মধ্যে রয়েছে ব্যবসায়িক ই-মেইল জালিয়াতি, যৌন হয়রানির ভয় দেখিয়ে অর্থ আদায় (সেক্সটরশন), প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা, পরিচয় ভুয়া ব্যবহার এবং ভুয়া বিনিয়োগের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ।

প্রথমে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও আদান-প্রদানের মাধ্যমে অভিযান শুরু হয়। এরপর টানা তিন মাসেরও বেশি সময় ধরে বিভিন্ন দেশে সমন্বিত অভিযান পরিচালিত হয়। এ সময় উচ্চঝুঁকির অপরাধীদের বিরুদ্ধে অভিযান, বিভিন্ন স্থাপনায় অভিযান চালানো, ব্যাংক হিসাব ও ভার্চ্যুয়াল ওয়ালেট জব্দ বা স্থগিত করা, ইন্টারপোলের নোটিশ ও ডিফিউশন জারি এবং আই-জিআরআইপি (I-GRIP) ব্যবস্থার মাধ্যমে দ্রুত অবৈধ অর্থ স্থানান্তর বন্ধ করার পদক্ষেপ নেওয়া হয়। এই ব্যবস্থা প্রচলিত মুদ্রা ও ভার্চ্যুয়াল সম্পদ উভয় ক্ষেত্রেই অবৈধ অর্থপ্রবাহ দ্রুত আটকে দিতে সহায়তা করে।

অভিযানে বিশ্বজুড়ে এক লাখ ৪২ হাজারেরও বেশি প্রতারণার শিকার ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। ইন্টারপোল বলছে, এতে স্পষ্ট হয়েছে যে সামাজিক প্রকৌশলভিত্তিক প্রতারণা এখন ব্যক্তি, ব্যবসাপ্রতিষ্ঠান এবং সরকারকে সমানভাবে প্রভাবিত করা একটি বড় আন্তঃদেশীয় অপরাধে পরিণত হয়েছে।

অভিযানের অন্যান্য উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে রয়েছে ১ লাখ ৫২ হাজার ৮০৮টি মামলা বিশ্লেষণ, ৩১ হাজার ১৪টি ব্যাংক হিসাব জব্দ বা স্থগিত, ২৩ হাজার ৭১৫টি মামলার নিষ্পত্তি, ১৫ হাজার ৬০৬ জন সন্দেহভাজনকে শনাক্ত এবং ৯৯টি ইন্টারপোল নোটিশ ও ডিফিউশন জারি।

ইন্টারপোলের ফিন্যান্সিয়াল ক্রাইম অ্যান্ড অ্যান্টি-করাপশন সেন্টারের পরিচালক তোমোনোবু কায়া বলেন, সামাজিক প্রকৌশলভিত্তিক প্রতারণা বিশ্ব সমাজের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। সংঘবদ্ধ অপরাধচক্র মানুষের মনস্তত্ত্বকে কাজে লাগিয়ে প্রতারণা চালাচ্ছে। তিনি বলেন, কোনো দেশ একা এ ধরনের অপরাধ মোকাবিলা করতে পারবে না। তাই আন্তর্জাতিক সহযোগিতা ও সমন্বিত কৌশলের মাধ্যমে সাইবারভিত্তিক আর্থিক অপরাধ, সংঘবদ্ধ অপরাধচক্র এবং অর্থপাচারের বিরুদ্ধে লড়াই জোরদার করতে ইন্টারপোল সদস্য দেশগুলোর পাশে রয়েছে।

অভিযানে বিভিন্ন দেশে বড় ধরনের অপরাধচক্রের কার্যক্রমও উদ্ঘাটিত হয়েছে।

আফ্রিকার দেশ এসওয়াতিনিতে পুলিশ ৮২ জনকে গ্রেপ্তার করে অবৈধ অনলাইন জুয়া, অর্থপাচার এবং পরিচয় ভুয়া ব্যবহার করে পরিচালিত একটি সংঘবদ্ধ প্রতারণা চক্র ভেঙে দেয়। অভিযানে ২৪০টি ইলেকট্রনিক যন্ত্র, বৈদেশিক মুদ্রা এবং ব্রাজিলের একটি পুলিশ স্টেশনের অবিকল নকল সেটআপ জব্দ করা হয়। সেখানে ভুয়া পুলিশ ইউনিফর্ম, সাইনবোর্ড ও সরঞ্জাম ব্যবহার করে ভিডিও কলে নিজেদের ব্রাজিলের ফেডারেল পুলিশ পরিচয় দিয়ে মানুষকে বিশ্বাস করানো হতো যে তারা অপরাধের শিকার হয়েছেন। পরে তদন্তের অজুহাতে নিরাপদে রাখার কথা বলে তাদের কাছ থেকে অর্থ নিয়ে আত্মসাৎ করা হতো। জব্দ করা বিপুল ডিজিটাল তথ্য বিশ্লেষণের জন্য ইন্টারপোলের বিশেষ ফরেনসিক দলও দেশটিতে পাঠানো হয়।

থাইল্যান্ডে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে এমন একটি অর্থপাচার চক্রের সন্ধান পাওয়া যায়, যারা প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থ বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করে এবং একাধিক ব্লকচেইনের মাধ্যমে লেনদেন করে অর্থের উৎস গোপন করত। তদন্তে দেখা যায়, মাত্র ২০ বছর বয়সী এক সন্দেহভাজনের ডিজিটাল ওয়ালেট দিয়ে ১০ মাসে ১২ কোটি ২৫ লাখ মার্কিন ডলারেরও বেশি লেনদেন হয়েছে।

সিঙ্গাপুর ও ওমানের কর্তৃপক্ষ যৌথভাবে আই-জিআরআইপি ব্যবস্থার মাধ্যমে ৬৬ লাখ মার্কিন ডলারের একটি অবৈধ অর্থ স্থানান্তর ঠেকাতে সক্ষম হয়। এই ঘটনায় একটি পণ্যবাণিজ্য প্রতিষ্ঠানকে লক্ষ্য করে অপরাধীরা সরবরাহকারী প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করে ভুয়া অর্থ পরিশোধের নির্দেশ পাঠিয়েছিল।

চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল ম্যাকাওয়ে অভিযানের অংশ হিসেবে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে পুলিশ। এ সময় তারা জানতে পারে, অনুষ্ঠানে অংশ নেওয়া এক ব্যক্তি সরকারি কর্মকর্তার পরিচয়ে প্রতারণাকারীদের ফাঁদে পড়েছেন এবং প্রতারণা তদন্তের নামে তার কাছ থেকে অর্থ নেওয়ার চেষ্টা চলছে। পুলিশের দ্রুত হস্তক্ষেপে প্রায় ৩ লাখ ৭২ হাজার মার্কিন ডলার প্রতারকদের কাছে পাঠানো থেকে ওই ব্যক্তিকে রক্ষা করা সম্ভব হয়।

অন্যদিকে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পালাউতে হোটেলভিত্তিক পরিচালিত দুটি প্রতারণা কেন্দ্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২২ জনকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে। তদন্তে জানা গেছে, তারা ক্রিপ্টোকারেন্সি ও অবৈধ অনলাইন জুয়ার ওয়েবসাইট ব্যবহার করে বিভিন্ন দেশের নাগরিকদের লক্ষ্য করে নানা ধরনের অনলাইন প্রতারণা চালিয়ে আসছিল।

ইন্টারপোল জানিয়েছে, আন্তর্জাতিক অপরাধচক্রগুলো ক্রমেই আরও সংগঠিত ও প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে। তাই এ ধরনের অপরাধ দমনে সদস্য দেশগুলোর মধ্যে তথ্য বিনিময়, প্রযুক্তিগত সহযোগিতা এবং যৌথ অভিযান আরও জোরদার করা হবে।

এই শাখার আরও খবর

মহেশখালীতে নিজ বাড়িতে শিল্পী রানী সুশীলকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড়া এলাকার শীল পাড়ায় নিজ বাসগৃহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রীমতি শিল্পী রানী সুশীল নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৭…

মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক…

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায়…

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ২৪ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au