বাংলাদেশ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এমপি ও বিএনপি নেতার গাড়ি ভাঙচুর

  • 1:31 pm - July 11, 2026
  • পঠিত হয়েছে:৩৬ বার
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এমপি ও বিএনপি নেতার গাড়ি ভাঙচুর। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১১ জুলাই- জামালপুরের ইসলামপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংসদ সদস্য সুলতান মাহমুদ (বাবু) এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলামের ব্যক্তিগত গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা থানা মোড়সংলগ্ন জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দলীয় ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যার পর জেলা পরিষদ ডাকবাংলোতে সংসদ সদস্য সুলতান মাহমুদ ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম একসঙ্গে অবস্থান করছিলেন। এ সময় ডাকবাংলোর প্রাঙ্গণে রাখা তাদের ব্যক্তিগত দুটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং গাড়ি দুটি থানায় নিয়ে যায়।

দলীয় নেতা-কর্মীদের ভাষ্য, সংসদ সদস্য সুলতান মাহমুদের দুই মেয়ের সঙ্গে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলামের দীর্ঘদিনের বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটেছে। তবে গাড়ি ভাঙচুরের জন্য উভয় পক্ষই একে অপরের সমর্থকদের দায়ী করে পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে।

ঘটনার বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেন, শুক্রবার বিকেলে উপজেলার মলমগঞ্জ এলাকায় একটি অনুষ্ঠানে তিনি ও সংসদ সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানস্থলের বাইরে সংসদ সদস্যের বড় মেয়ের অনুসারী ছাত্রদল নেতা মো. হাসমত ও মো. হাসানের সঙ্গে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. শাকিলের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে স্থানীয় জ্যেষ্ঠ নেতারা তাৎক্ষণিকভাবে বিষয়টির মীমাংসা করেন।

নুরুল ইসলামের দাবি, শাকিল তার পরিচিত হওয়ায় ওই ঘটনার কথা হাসমত ও হাসান সংসদ সদস্যের বড় মেয়েকে জানান। এরপর তিনি তাদের তার গাড়ি ভাঙচুর এবং তাকে হেনস্তা করার নির্দেশ দেন। সেই নির্দেশ পেয়ে একদল লোক জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণে গিয়ে প্রথমে তার গাড়ি ভেবে ভুল করে সংসদ সদস্যের গাড়িতে ভাঙচুর চালায়। পরে ভুল বুঝতে পেরে তার ব্যক্তিগত গাড়িটিও ভাঙচুর করা হয়।

সংসদ সদস্যের মেয়েরা কেন এমন নির্দেশ দেবেন, এমন প্রশ্নের জবাবে নুরুল ইসলাম বলেন, সংসদ সদস্য শারীরিকভাবে অসুস্থ থাকায় ঠিকমতো চলাফেরা বা কথা বলতে পারেন না। এই সুযোগে তার বড় মেয়ে উপজেলায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছেন এবং ছোট মেয়েও এখন সেই কার্যক্রমে যুক্ত হয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, সংসদ সদস্যের বরাদ্দে টিআর, জিআরসহ বিভিন্ন সামাজিক উন্নয়ন প্রকল্পে প্রায় তিন কোটি টাকার কাজ হওয়ার কথা থাকলেও সেসব বাস্তবায়ন হয়নি। বরাদ্দ নিজেদের মধ্যে ভাগাভাগি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তবে এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন সংসদ সদস্য সুলতান মাহমুদ। তিনি বলেন, তার মেয়েরা তার সঙ্গে থাকেন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের তালিকা ও বণ্টন কার্যক্রমে সহযোগিতা করেন, যাতে একই ব্যক্তি বারবার সুবিধা না পান। কোনো প্রকল্পে অনিয়ম হয়নি দাবি করে তিনি বলেন, এলাকায় গিয়ে প্রকল্পগুলো পরিদর্শন করলেই বাস্তবতা জানা যাবে।

গাড়ি ভাঙচুরের বিষয়ে সংসদ সদস্য বলেন, তিনি ওই সময় ডাকবাংলোতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও তার মেয়েকে নিয়ে একটি অনুষ্ঠানসংক্রান্ত বিষয়ে আলোচনা করছিলেন। এ সময় বাইরে রাখা তার গাড়িতে ভাঙচুর করা হয়। পরে জানতে পারেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের গাড়িতেও হামলা হয়েছে।

ডাকবাংলোতে সিসিটিভি ক্যামেরা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ফুটেজ পর্যালোচনা করলেই কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা স্পষ্ট হয়ে যাবে। তিনি পুলিশকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, প্রাথমিকভাবে পুলিশের ধারণা, সংসদ সদস্য ও বিএনপি নেতার গাড়ির রং প্রায় একই হওয়ায় দুষ্কৃতকারীরা ভুলবশত প্রথমে সংসদ সদস্যের গাড়িতে হামলা চালায়। পরে অপর গাড়িটিও ভাঙচুর করা হয়। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। সিসিটিভি ফুটেজসহ অন্যান্য তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এই শাখার আরও খবর

পেনাল্টি মিসে প্রশ্নের মুখে মেসি, আর্জেন্টিনার সিদ্ধান্ত কি বদলাবে?

মেলবোর্ন, ১২ জুলাই- ২০২৬ বিশ্বকাপে প্রতিটি ম্যাচের সঙ্গে যেন আরও সমৃদ্ধ হচ্ছে লিওনেল মেসির কিংবদন্তি। আর্জেন্টিনার অধিনায়ক আবারও প্রমাণ করেছেন, ফুটবল ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা…

মেসির জাদুতে কোয়ার্টারে আর্জেন্টিনা, উচ্ছ্বসিত স্কালোনি

মেলবোর্ন, ১২ জুলাই- আর্জেন্টিনার বিশ্বকাপ শিরোপা ধরে রাখার অভিযানে অধিনায়ক লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্স নতুন করে আলোচনায় এসেছে। তবে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির কাছে মেসির…

ফরিদপুরে বাসচাপায় ৫ জন নিহত, ক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল ৬ গাড়ি

মেলবোর্ন, ১১ জুলাই- ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা মহাসড়কে…

প্রতিবেশের সেতুবন্ধন: ভাষার মিলনে নতুন দিগন্ত

মেলবোর্ন, ১১ জুলাই- বাংলাদেশ-ভারত সম্পর্ক শুধু কাগজের চুক্তি না, এটা ৪ হাজার কিমি সীমান্তের গল্প। পৃথিবীর পঞ্চম দীর্ঘতম স্থলসীমান্ত এটি। ২০১৫ সালে ১৬২টি ছিটমহল বিনিময়ের…

রাঙামাটি-বান্দরবান সড়কের সেতু ধসে যোগাযোগ বিচ্ছিন্ন

মেলবোর্ন, ১১ জুলাই- টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দুধপুকুরিয়া এলাকায় রাঙামাটি-বান্দরবান সড়কের একটি সেতু ধসে পড়েছে। এতে রাঙামাটি ও বান্দরবানের…

ডিসেম্বরে যাদের সাথে দেশে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা

মেলবোর্ন, ১১ জুলাই- রাজনৈতিক উত্তেজনা, আইনি জটিলতা এবং নিরাপত্তা ঝুঁকির আশঙ্কার মধ্যেই আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব দেশে ফিরে রাজনৈতিক কর্মকাণ্ডে পুনরায় সক্রিয় হওয়ার প্রস্তুতি নিচ্ছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au