চ্যাটজিপিটির সঙ্গে সমন্বয়ে কাজ করবে স্ক্রিনবিহীন স্মার্ট স্পিকার। ছবি: সংগৃহীত
মেলবোর্ন, ২৫ জুলাই: কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তিকে আরও সহজলভ্য করতে এবার নিজস্ব হার্ডওয়্যার ডিভাইস আনার প্রস্তুতি নিচ্ছে ওপেনএআই। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি বর্তমানে একটি স্ক্রিন বিহীন স্মার্ট স্পিকার তৈরি করছে, যা চ্যাট জিপিটির সঙ্গে সমন্বয়ে কাজ করবে এবং ঘরোয়া নানা এআই সেবা প্রদান করবে।
প্রতিবেদনে বলা হয়েছে, ডিভাইসটি এখনো উন্নয়ন পর্যায়ে রয়েছে। ওপেনএআইর অভ্যন্তরীণ ভাবে এটিকে এমন একটি মানব সদৃশ্য এআই সঙ্গী হিসেবে উপস্থাপন করা হচ্ছে, যা বাড়িতে থেকে ব্যবহার কারীর সঙ্গে যোগাযোগ করবে এবং সময়ের সঙ্গে তার অভ্যাস ও পছন্দ সম্পর্কে শিখে আরও ব্যক্তিগতকৃত সেবা দিতে সক্ষম হবে।
ওপেনএআই দীর্ঘদিন ধরেই নিজস্ব হার্ডওয়্যার বাজারে আনার পরিকল্পনার কথা জানিয়ে আসছে। এর আগে প্রতিষ্ঠানটি নিজস্ব স্মার্টফোন আনতে পারে বলেও বিভিন্ন মহলে আলোচনা ছিল। তবে নতুন এই ডিভাইসটি প্রচলিত স্মার্ট স্পিকারের চেয়ে ভিন্ন ধরনের হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, ডিভাইসটিতে এক ধরনের ব্যক্তিত্ব থাকবে এবং এটি ব্যবহারকারীর ইমেইলসহ বিভিন্ন ডিজিটাল তথ্যের ভিত্তিতে তার প্রয়োজন ও অভ্যাস বুঝে আরও কার্যকর সহায়তা দিতে পারবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ডিভাইসটিতে এমন কিছু যান্ত্রিক অংশ থাকতে পারে, যা নিজে থেকেই নড়াচড়া করতে সক্ষম হবে। ওপেনএআই চায়, এটি শুধু একটি প্রযুক্তি পণ্য নয়, বরং ব্যবহারকারীর কাছে চ্যাটজিপিটির বাস্তব উপস্থিতির অনুভূতি তৈরি করুক। ডিভাইসটি তৈরির কাজে অ্যাপলের সাবেক কয়েকজন প্রকৌশলী যুক্ত রয়েছেন। তারা অতীতে আইফোন ও ম্যাকসহ বিভিন্ন জনপ্রিয় পণ্য তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ছিলেন।
তবে নতুন হার্ডওয়্যার বাজারে আনার প্রস্তুতির মধ্যেই আইনি জটিলতার মুখেও রয়েছে ওপেনএআই। গত সপ্তাহে অ্যাপল ওপেনএআইর বিরুদ্ধে বাণিজ্যিক গোপন তথ্য চুরির অভিযোগে মামলা করেছে। অ্যাপলের দাবি, তদন্তে আরও গুরুতর তথ্য সামনে আসতে পারে।
অন্যদিকে, ওপেনএআই সব অভিযোগ অস্বীকার করেছে। ব্লুমবার্গের প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলা হয়েছে, নতুন ডিভাইসটির নকশা ও ধারণা অ্যাপলের বর্তমান কোনো পণ্যের সঙ্গে সরাসরি মিলে না এবং এটি অ্যাপলের বাণিজ্যিক গোপন তথ্য লঙ্ঘন করে না বলেই প্রতিষ্ঠানটির ধারণা।
এদিকে, ভোক্তাদের জন্য এআইনির্ভর হার্ডওয়্যার তৈরির প্রতিযোগিতাও দ্রুত বাড়ছে। চলতি বছরের মে মাসে ব্রেট অ্যাডককের প্রতিষ্ঠিত এআই স্টার্টআপ হার্ক ব্যক্তিগত এআই ডিভাইস তৈরার লক্ষ্যে ৭০ কোটি ডলার বিনিয়োগ সংগ্রহ করেছে। যদিও তাদের ডিভাইসের চূড়ান্ত নকশা এখনো প্রকাশ করা হয়নি। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক হার্ডওয়্যারের নতুন এই প্রতিযোগিতা আগামী কয়েক বছরে প্রযুক্তি বাজারে বড় পরিবর্তন আনতে পারে।
সুত্রঃ টাইমস অফ ইন্ডিয়া