অবসরের পরও লাভবান রাহানে, বিসিসিআইয়ের সর্বোচ্চ পেনশন পাচ্ছেন সাবেক অধিনায়ক। ছবি সংগৃহীত
মেলবোর্ন, ৪ আগস্ট : আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে সম্পর্ক পুরোপুরি শেষ হচ্ছে না অজিঙ্কা রাহানের। বোর্ডের পেনশন নীতিমালার আওতায় এখন থেকে নিয়মিত অবসর ভাতা পাবেন ভারতের সাবেক এই অধিনায়ক। ৫০টির বেশি টেস্ট ম্যাচ খেলার সুবাদে তিনি বিসিসিআইয়ের সর্বোচ্চ পেনশন শ্রেণিতে অন্তর্ভুক্ত হয়েছেন।
গত ৩০ জুলাই সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন রাহানে। ২০১১ সালে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া এই ডানহাতি ব্যাটার ভারতের হয়ে ৮৫টি টেস্ট, ৯০টি ওয়ানডে এবং ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি দলের নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
বিসিসিআইয়ের বর্তমান পেনশন নীতিমালা অনুযায়ী, ৫০টির বেশি টেস্ট খেলা সাবেক ক্রিকেটাররা সর্বোচ্চ শ্রেণির পেনশনের আওতায় থাকেন। সেই হিসেবে রাহানে প্রতি মাসে ৭০ হাজার ভারতীয় রুপি পেনশন পাবেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯০ হাজার টাকার সমপরিমাণ। তবে এই সুবিধার ক্ষেত্রে একটি শর্তও রয়েছে। ভবিষ্যতে যদি রাহানে বিসিসিআইয়ের অধীনে কোচ, নির্বাচক বা অন্য কোনো বেতনভুক্ত দায়িত্ব গ্রহণ করেন, তাহলে দায়িত্ব পালনকালীন তার পেনশন সাময়িক ভাবে বন্ধ থাকবে। দায়িত্ব শেষ হলে পুনরায় আগের নিয়মে পেনশন চালু হবে।
ভারতের সাবেক ও বর্তমান আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটারদের জন্য দীর্ঘদিন ধরেই পেনশন সুবিধা দিয়ে আসছে বিসিসিআই। ২০২২ সালে বোর্ডের পেনশন কাঠামোয় বড় পরিবর্তন আনা হয়। এর আগে ৫০টির বেশি টেস্ট খেলা ক্রিকেটাররা মাসে ৫০ হাজার রুপি পেতেন। পরে সেই অঙ্ক বাড়িয়ে ৭০ হাজার রুপিতে উন্নীত করা হয়। একই সময়ে ২৫ থেকে ৫০টি টেস্ট খেলা সাবেক ক্রিকেটারদের মাসিক পেনশনও ৩৭ হাজার ৫০০ রুপি থেকে বাড়িয়ে ৬০ হাজার রুপি করা হয়।
রাহানের আন্তর্জাতিক ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় সাফল্য আসে ২০২০-২১ মৌসুমে অস্ট্রেলিয়া সফরে। নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি ব্যক্তিগত কারণে দেশে ফিরে গেলে দলের নেতৃত্ব পান তিনি। তার নেতৃত্বেই ব্রিসবেনে ঐতিহাসিক জয় তুলে নিয়ে বোর্ডার-গাভাস্কার ট্রফি ধরে রাখে ভারত। সেই সিরিজ জয়কে ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অর্জন হিসেবে ধরা হয়।
ভবিষ্যতে কোচিং, ধারাভাষ্য কিংবা ক্রিকেট প্রশাসনে যুক্ত হবেন কি না, সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি রাহানে। তবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও বিসিসিআইয়ের পেনশন সুবিধার মাধ্যমে ভারতীয় ক্রিকেটের সঙ্গে তার সম্পর্ক বজায় থাকবে।